মরা নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেয়ে আমি। কর্ণফুলী আমার হূদয়ের নদী। বহু বছর আগে দেখা আরেকটি নদী আমার মনের মধ্যে ছবি হয়ে জেগে আছে, তার নাম পদ্মা। প্রায় ১০ বছর আগে রাজশাহী বেড়াতে গিয়ে দেখেছিলাম তাকে। এর আগে বহু নদী দেখেছি, কিন্তু এত বিশাল নদী আর দেখিনি। এ যেন সমুদ্র, ওপাড়ে কোন দিগন্তরেখা দেখা যায়না। অপরূপ সৌন্দর্যে, পরিষ্কার পানি আর উত্তাল স্রোতে রূপসী পদ্মার যে ছবি মনে বহু বছর ধরে লালন করেছিলাম, এ বছর পদ্মার রূপ দেখে তা ভেঙ্গে খান খান হয়ে গেছে। কোথায় সেই স্রোত? কই হারালো দুকূল ছাপানো দিগন্তহীন বিপুল জলরাশির সৌন্দর্য? নদীর বুকে জেগে উঠেছে চর। তার মাঝে বহু কষ্টে জায়গা খুজে বের করে ঝিরি ঝিরি বয়ে চলেছে পানি। সেখানে পা ডুবিয়ে হাঁটছে বেড়াতে আসা মানুষ। ছোট এক ছেলে বহু কষ্টে অল্প পানিতে ডিঙ্গি নৌকো বাইছে (ঠেলে ঠেলে চালাচ্ছে বললেই বেশি সঠিক হয়)। নদীর মাঝে বিশাল চর মাটি জমে উঁচু হয়ে গেছে, ওপাশটা দেখা যাচ্ছেনা। শুনলাম ঐ চরের ওপাশে নাকি বেশ পানি। দেখতে যেতে ইচ্ছে হলোনা। ফিরে এলাম। মনের মধ্যে ১০ বছর আগের পদ্মাই স্মৃতি হয়ে থাকুক, কী দরকার ঐ ক্ষীণ নদী দেখে মন ভুলানোর।শুধু পদ্মা নয়, আমাদের সবগুলো নদীই চোখের সামনে হারিয়ে যাচ্ছে। বছর কয়েক আগে বুড়িগঙ্গায় বন্ধুদের সাথে সদরঘাট থেকে নৌকা ভ্রমণে বেড়িয়ে মনে মনে প্রার্থনা করেছিলাম কখনো যদি নদীতে ডুবে মরি তাহলে যেন অন্য কোন পরিষ্কার নদীর জলে মরি! এমনই কালো রং বুড়িগঙ্গার, এমন বিকট তার গন্ধ যে সেখানে ঘেন্নাটাই বড় হয়ে উঠেছিল। নৌকা ভ্রমণ যে এরকম নরক ভ্রমণের অভিজ্ঞতার মতো হতে পারে তা আমার ধারনার বাইরে ছিল। মাত্র কিছুদিন আগের ঘটনা। ঢাকা থেকে মানিকগঞ্জ যাবার পথে একটি ব্রীজ পার হবার সময় এক সহযাত্রী নীচের শুকিয়ে যাওয়া নদীর দিকে তাকিয়ে মন্তব্য করেছিলেন, আগামী দশ বছরে নীচের ওই শুকনো চর পুরোপুরি ভূখন্ডে পরিণত হয়ে তার উপর রাস্তা তৈরি হয়ে যাবে। তখন আমাদের ছেলে-মেয়েরা এই ব্রীজটা পার হবার সময় বলবে, দেখেছ বাবা, আমাদের দেশের রাস্তাগুলো কত সুন্দর, এখানে কত ফ্লাইওভার আছে! আমরা সবাই হেসে উঠলাম ঠিকই, কিন্তু সেই হাসির ফাঁকে কোথায় যেন একটা চাপা কষ্ট জেগে উঠলো, আমাদের নদীগুলো সত্যিই কী আর থাকবেনা?আর সাহিত্য, নদীহীন বাংলা সাহিত্যের রূপ কেমন হবে? কপোতাক্ষ নদ না থাকলে মধুসূদন দত্ত কি নিসঙ্গ প্রবাস জীবনে কপোতাক্ষ নদ নিয়ে তার অসাধারণ কবিতাটি লিখতে পারতেন? বজরায় চড়ে নদীতে ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথ অসংখ্য সাহিত্য রচনা করেছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে বাঙালির অনুপ্রেরণার উৎস হয়েছিল ‘নোঙর তোল তোল’ গানটি। একে একে নদীগুলো মরে গেলে আমাদের সাহিত্য কি হারাবে অনুপ্রেরণার উৎস, গল্প, কবিতার খোরাক? ‘তিতাস একটি নদীর নাম’-এর মতো নদীকে উপজীব্য করে অসাধারণ সাহিত্য আর রচনা হবেনা, কুবের মাঝিরা হারিয়ে যাবে চিরতরে, নদী তীরে জল আনতে আসা নারীকে দেখে কেউ গাইবেনা ‘যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নাইতো কেউ, তুমি কাদের কুলের বউ’। আমি চাই আমাদের নদীগুলো বেেঁচ থাক অনন্তকাল। উপমা মাহবুবঢাকা