মরার পরে তারার আয়

কারও কারও কপালে নামের সঙ্গে সঙ্গে টাকাও থাকে। এমনকি মরার পরও টাকা আসে ওই নাম থেকেই! খ্যাতিমান তারকাদের এই মরণোত্তর আয়-উপার্জনের কথা আবারও মনে করিয়ে দিলেন বব মার্লি। রাস্তাফারাই আন্দোলনখ্যাত কিংবদন্তির রেগে শিল্পী মার্লির নামে চালু হচ্ছে দুনিয়ার প্রথম আন্তর্জাতিক গাঁজা ব্র্যান্ড! পশ্চিমা দুনিয়ায় গাঁজা সেবন বৈধ করার সাম্প্রতিক হিড়িক দেখলে মার্লির ভবিষ্যৎ ব্যবসা-ভাগ্য সহজেই আঁচ করা যায়। মার্লি এবং অন্যান্য তারকাদের মরণোত্তর আয় নিয়ে দ্য গার্ডিয়ান অবলম্বনে এই প্রতিবেদন।
পশ্চিমা দুনিয়ায় তারকাদের খ্যাতি বেচে মরণোত্তর ব্যবসা-বাণিজ্যের প্রসার দিন দিন বাড়ছেই। ‘লাইসেন্সিং ইন্ডাস্ট্রি মার্চেন্ডাইজার্স অ্যাসোসিয়েশন’ যুক্তরাজ্য শাখার ব্যবস্থাপনা পরিচালক কেলভিন গার্ডনারও তাই মনে করেন। বিশ্বজুড়ে ‘রাইট লাইসেন্সিং’ প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা বলেন, ‘এই ব্যবসা এতটাই রমরমা যে যুক্তরাষ্ট্রে এমন অনেক এজেন্সি গড়ে উঠেছে যারা কেবল মৃত তারকাদের স্বত্ব সংরক্ষণ এবং প্রতিনিধিত্ব করার কাজটাই করেন।’ গার্ডনার আরও বলেন, নস্টালজিয়া বিক্রি করা বা অতীতের ব্যাপার-স্যাপার নিয়ে কারবার করা সোনার খনির মতোই। বিশেষত বিজ্ঞাপনদাতারা ভবিষ্যৎ সমৃদ্ধির আশায় এমন খনিতে লগ্নি করেন।
মার্লির নামে গাঁজা ব্র্যান্ড চালুর ঘোষণা দেওয়ার আগে থেকেই ভালো মুনাফা করে আসছে মার্লির উত্তরাধিকার ও সম্পত্তি দেখাশোনাকারী প্রতিষ্ঠান মার্লি এস্টেট। মার্লির নামে কাপড়-চোপড়, হেডফোন, সিগারেট পেপার, ওয়ান লাভ চিলড্রেন নামের পুতুল থেকে শুরু করে কোমল পানীয় এর মধ্যেই জমজমাট ব্যবসা করছে। আর মার্লির গানের রেকর্ড বিক্রির টাকা তো আসছেই এখনো। ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী গত বছর মার্লি এস্টেটের মোট আয় ছিল দুই কোটি ডলার।
মার্লির মরণোত্তর আয়-রোজগার অবশ্য মাইকেল জ্যাকসনের আয়ের তুলনায় নিতান্তই কম বলে মনে হতে পারে। মৃত তারকাদের আয়ের তালিকায় শীর্ষে আছেন জ্যাকসন। ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী গত বছর জ্যাকসনের নামে আয় ছিল ১৪ কোটি ডলার। কেবল মার্লি আর জ্যাকসন নন এই তালিকায় আছেন মেরিলিন মনরো, এলভিস প্রিসলি, এলিজাবেথ টেইলর, জন লেনন এমনকি আলবার্ট আইনস্টাইনও।
চলুন দেখে নেওয়া যাক মরণোত্তর আয়-রোজগারে শীর্ষদের তালিকা—
১. মাইকেল জ্যাকসন, ১৪ কোটি ডলার, মৃত্যু-২০০৯, বয়স-৫০
২. এলভিস প্রিসলি, পাঁচ কোটি ৫০ লাখ ডলার, মৃত্যু-১৯৭৭, বয়স-৪২
৩. চার্লস শুলজ (পিনাট কমিক স্ট্রিপের জনক), চার কোটি ডলার, মৃত্যু-২০০০, বয়স-৭৭
৪. এলিজাবেথ টেইলর, দুই কোটি ৫০ লাখ ডলার, মৃত্যু-২০১১, বয়স-৭৯
৫. বব মার্লি, দুই কোটি ডলার, মৃত্যু-১৯৮১, বয়স-৩৬
৬. মেরিলিন মনরো, এক কোটি ৭০ লাখ ডলার, মৃত্যু-১৯৬২, বয়স-৩৬
৭. জন লেনন, এক কোটি ২০ লাখ ডলার, মৃত্যু-১৯৮০, বয়স-৪০
৮. আলবার্ট আইনস্টাইন, এক কোটি ১০ লাখ ডলার, মৃত্যু-১৯৫৫, বয়স-৭৬
৯. ব্রুস লি, ৯০ লাখ ডলার, মৃত্যু-১৯৭৩, বয়স-৩২
১০. স্টিভ ম্যাককুইন, ৯০ লাখ ডলার, মৃত্যু-১৯৮০, বয়স-৫০