ঋতুর হিসাবে এখন হেমন্তকাল। তারপরও িকছুদিন আগে হয়ে গেল বৃষ্টি। ভেজা আবহাওয়ায় কিংবা পানি লেগে সহজেই ঘরের ব্যবহার্য সামগ্রীতে ধরতে পারে ছত্রাক আর ধাতব পদার্থে পড়ে মরিচা। একবার মরিচা পড়ে গেলে সেটা পরিষ্কার করা কঠিন হয়ে যায়। একটু সচেতন থাকলে আপনার কোনো শখের জিনিসেই মরিচা ধরতে পারবে না।

যত্ন নেবেন যেভাবে
* বৈদ্যুতিক যন্ত্র যেমন ব্লেন্ডার, টোস্টার, এগবিটার ব্যবহারের পর ধুয়ে ভালোভাবে শুকিয়ে পলিথিনে বায়ুরোধী করে রাখলে ভালো থাকবে।
* চালনি, বিটার, সবজি কাটার যন্ত্র স্টেইনলেস স্টিলের হয়ে থাকে। এগুলো ব্যবহারের পর ধুয়ে, শুকিয়ে ঝুলিয়ে রাখলে মরিচা পড়ার সম্ভাবনা কম থাকে। একইভাবে পিলার, ছুরি, চামচ, দা-বঁটি প্রতিবার ব্যবহারের পর শুকিয়ে রাখতে হবে।
* রাইস কুকারের ভেতরের পাত্রটি সব সময় শুকনো অবস্থায় রাখতে হবে। হিটিং প্লেটে মাড় বা পানি না পড়াই ভালো। এতে সহজেই মরিচা পড়তে পারে।
* অনেক সময় দেখা যায় রেফ্রিজারেটরের কোনো অংশের রং উঠে যায় এবং সেখানে মরিচা পড়ে। এ রকম পরিস্থিতিতে দ্রুত রং করিয়ে নেওয়া ভালো। অন্যথায় মরিচা ছড়িয়ে যেতে পারে।
* লোহার দরজা বা জানালার কোনো অংশে মরিচা পড়লে সঠিক সিরিশ কাগজ দিয়ে ঘষে রং করে নিন। আবার আপনার বাড়ির কোনো দরজার চাকা লোহার হলে মরিচা পড়ার আগে গ্রিজ বা পোড়া মবিল লাগিয়ে নিন। এতে ব্যবহার করাও সহজ হবে।
* টয়লেট বা বাথরুম যতটা সম্ভব শুকনো রাখার চেষ্টা করুন। দরজা-জানালা সব সময় বন্ধ না রেখে আলো-বাতাস ঢুকতে দিন। জানালা খোলা সম্ভব না হলে এক্সজস্ট ফ্যানের ব্যবস্থা করুন। কারণ অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে বাথরুমের কলেও মরিচা ধরতে পারে।
* যেকোনো কিছু শুষ্ক রাখতে সিলিকা জেলের ছোট প্যাকেটগুলো ব্যবহার করা যায়। বিশেষ করে ইলেকট্রনিক জিনিসগুলো। বাড়িতে ছোটখাটো অনেক প্রয়োজনীয় জিনিসই লোহা বা স্টিলের তৈরি। এসব জিনিস মরিচা থেকে রক্ষা করার সহজ সমাধান হলো স্বচ্ছ নেইল পলিশ। মরিচা ধরতে পারে এমন জিনিসে এক কৌটা স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে দিন।
তারপরও কোনো কারণে যদি কোনো কিছুতে মরিচা পড়েই যায়, তাহলে লেবুর রস আর লবণের মিশ্রণ অথবা বেকিং সোডা পানিতে মিশিয়ে কিছুক্ষণ মরিচার স্থানে দিয়ে রাখুন। পরে ঘষে মুছে নিন।

জেনে নিন
বাড়িতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের ক্ষেত্রে জিনিসটি কী দিয়ে তৈরি, সে অনুযায়ী যত্নের পরামর্শ দেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিয়র বিভাগের প্রভাষক তাসমিয়া জান্নাত। লোহা, কাচ, পিতল, কাঠ সবকিছু দিয়ে তৈরি জিনিসই ব্যবহার করা হয়। এগুলোর যত্নও আলাদা। লোহার দা-বঁটি সহজেই মরিচা পড়ে, তাই ব্যবহারের পর ধুয়ে শুকিয়ে তেল বা ভেসলিন মাখিয়ে রাখলে ভালো থাকবে। এ ছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ব্লেন্ডার, রাইস কুকার, এগ বিটার ব্যবহারের পর যে অংশগুলো আলাদা করা সম্ভব, তা খুলে ধুয়ে নিতে হবে। মোটরের অংশটিতে পানি না লাগানোই ভালো। ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে, শুকিয়ে বক্সে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে।
বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের পর টিস্যু অথবা নরম সুতি কাপড় দিয়ে শুকিয়ে রাখতে বলেন সিঙ্গার শ্যাওড়াপাড়া শাখার সহকারী ব্যবস্থাপক সৈয়দ মশিউল আলম। তিনি জানান, রেফ্রিজারেটর ভেজা কাপড় দিয়ে না মুছে শুকনা কাপড় দিয়ে মুছতে হবে। তা না হলে সহজেই রং উঠে মরিচা ধরতে পারে। যেকোনো জিনিস প্রতিদিন ব্যবহার করা হলে সেটায় সহজে মরিচা পড়ে না। একটু সচেতন থাকলে আপনার বাড়ির সবকিছুই থাকবে সুন্দর এবং মরিচার দাগমুক্ত।