
কক্সবাজারের টেকনাফে মরিচের ফলন ভালো হয়েছে এই মৌসুমে। কিন্তু চাষির ভালো ফলনের হাসি ফিকে হয়ে যাচ্ছে দরপতনে। গত বারের প্রায় অর্ধেক হয়ে গেছে দাম।
পাইকারি ব্যবসায়ীরা জানান, গত বছর শুকনা মরিচের মণ ছিল ১১ হাজার ২০০, এবার তা ছয় হাজার ৪০০ টাকা। দাম কমেছে কাঁচা মরিচেরও। গত বছর কাঁচা মরিচের মণ ছিল ৪ হাজার ৮০০ টাকা, এবার তা ২ হাজার ৪০০ টাকা।
চাষিরা জানান, চাষের শুরুর দিকে প্রাকৃতিক কোনো দুর্যোগ ছিল না। মরিচখেত রোগবালাইও কম ছিল। ফলে ফলন ভালো হয়েছে। গত বছরের চেয়ে এবার চাষও বেড়েছে। যেসব চাষি গতবার মরিচ চাষ করেননি, তাঁরাও এবার লাভের আশায় মরিচের চাষ করেন। এমনকি পাহাড়ের অনেক জুমচাষি অন্য ফসল ভুট্টা ও শিম চাষ বাদ দিয়ে মরিচের চাষ করেছেন। কিন্তু ফলন ভালো হলেও দর পড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তাঁরা। প্রতি হেক্টরে (২ দশমিক ৪৭ একর) খরচ পড়েছে ১ লাখ ২০ হাজার টাকা। আর বিক্রি করে পাওয়া যাচ্ছে কাঁচা মরিচে ১ লাখ ৩২ হাজার টাকা। কিন্তু মে মাসের শুরুর দিকে বৃষ্টি হওয়ায় মরিচ আগাম তুলে ফেলতে হচ্ছে। ফলে দাম আরও পড়ে গেছে। অনেক কৃষক মরিচ পচে যাওয়ার শঙ্কায় তড়িঘড়ি করে বিক্রি করতে গিয়ে খরচও তুলতে পারছেন না।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে টেকনাফ উপজেলায় ৩৭০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, যা গত বছর ছিল ২৪৭ হেক্টর। উপজেলার টেকনাফ সদর, হ্নীলা, বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নে মরিচের চাষ হয়েছে বেশি। তা ছাড়া প্রতি হেক্টরে মরিচের ফলন হয়েছে প্রায় তিন মেট্রিক টন করে, যা গতবার ছিল দুই থেকে আড়াই মেট্রিক টন। আবার শুকনা মরিচের ক্ষেত্রে ফলন ধরা হচ্ছে প্রতি হেক্টরে দুই মেট্রিক টনের কম।
সরেজমিনে দেখা গেছে, সদরের তুলাতলী, লম্বাঘোনা, মিঠাপানির ছড়া ও মহেশখালীয়া পাড়ায় এখন মরিচ তোলার ধুম পড়েছে। কেউ কেউ খেতের পাড়েই শুকিয়ে নিচ্ছেন মরিচ। সেখান থেকে বস্তায় ভরে সরবরাহ করছেন বাজারে।
হোয়াইক্যংয়ের লম্বাঘোনার চাষি লাইনু চাকমা বলেন, ‘গত বছর বাজারে মরিচের দর ভালো থাকায় লাভের আশায় সাড়ে সাত একর জমিতে মরিচের চাষ করেছিলাম। এখন বাজারে যে দর, তাতে লোকসানের আশঙ্কা রয়েছে। মে মাসের শুরুর বৃষ্টিতে ক্ষতি হয়েছে বেশি।’
টেকনাফ সদরের তুলাতলী গ্রামের মরিয়ম বেগম জানান, আগে বাজারে মরিচ নিয়ে এলে ব্যাপারীদের কাড়াকাড়ি লেগে যেত। এ বছর ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ক্রেতা মিলছে না।
এদিকে বড় বাজার ও বাসস্টেশন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা বস্তাভর্তি মরিচ নিয়ে বসে থাকলেও ক্রেতা কম।
বাসস্টেশন বাজারের খুচরা ব্যবসায়ী মোহাম্মদ হাফেজ ও বড় বাজারের আবদুস শুক্কুর বলেন, ‘এবারের মতো এত কম দামে আর কখনো মরিচের বেচাকেনা হয়নি। দাম কমে যাওয়ায় স্থানীয় চাষিরা বিপাকে পড়েছেন।’
বাজারে মরিচ কিনতে আসা ব্যবসায়ী শফিকুর রহমান জানান, হঠাৎ করে দাম কমে গেছে। তার ওপর ব্যবসায়ীদের আড়তে গত মৌসুমের শুকনো মরিচ এখনো মজুত রয়েছে। ফলে তাঁদের তেমন আগ্রহ নেই। অধিকাংশ কৃষক কম দামে মরিচ বিক্রি করে দিচ্ছেন।
মরিচ ব্যবসায়ী মনির উল্লাহ ও জাহেদ হোসেন বলেন, ‘চাষিদের চেয়ে আমাদের অবস্থা আরও করুণ। হঠাৎ দরপতনের কারণে লোকসানের অঙ্ক বেড়েই চলেছে। দর ওঠানামা করায় চাষি ও ব্যবসায়ী উভয়েই ক্ষতির শিকার হচ্ছি। আগে প্রতি বাজারে চট্টগ্রাম, পটিয়া, দোহাজারী ও সাতকানিয়া থেকে ব্যবসায়ীরা টেকনাফ এসে মরিচ কিনে নিয়ে গেলেও এখন তাঁরাও আসছেন না। তবে রোজা ও কোরবানির আগে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।’
দর কমে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের দায়িত্ব উৎপাদনের বিষয়টি দেখা। হাটবাজারে দরপতনের কারণ দেখার বিষয় নয়। তবে গত মৌসুমে ২৮০ টাকা দরে প্রতি কেজি শুকনা মরিচ বেচাকেনা হলেও এবার বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।’