মরিচের দাম কম হতাশ চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের বাসস্টেশন বাজারে বিক্রির জন্য শুকনো মরিচ নিয়ে বসেছেন বিক্রেতারা l প্রথম আলো
টেকনাফের বাসস্টেশন বাজারে বিক্রির জন্য শুকনো মরিচ নিয়ে বসেছেন বিক্রেতারা l প্রথম আলো

‘মরিচের ফলন ভালো হওয়ায় খুশি হয়েছিলাম। ভাবলাম খরচ তুলে লাভ হবে। কিন্তু বাজারে গিয়ে হতাশ হচ্ছি। আশানুরূপ দাম পাচ্ছি না। দুই সপ্তাহের ব্যবধানে শুকনো মরিচের দাম মণপ্রতি কমেছে ১০০০-১২০০ টাকা।’ কথাগুলো বলছিলেন কক্সবাজারের টেকনাফের আলীখালী গ্রামের কৃষক আবদুস সোবহান। তাঁর সঙ্গে কথা হয় টেকনাফ উপজেলা সদরের হাটে।
উপজেলায় এবার মরিচের ফলন ভালো হলেও পর্যাপ্ত দাম না পেয়ে হতাশ চাষিরা। মরিচ ব্যবসায়ীরা জানান, এপ্রিল মাসের প্রথম দিকে মরিচের বাজার দর বেশি ছিল। কিন্তু মাঝামাঝি সময়ে হঠাৎ করে দুই দফা বৃষ্টির কারণে খেতে পানি জমে। তখন গাছে মড়ক দেখা দেওয়ার শঙ্কায় অধিকাংশ চাষি মরিচ তুলে ফেলেন। ফলে বাজারে মরিচের সরবরাহ বেড়ে দাম কমে গেছে।
চাষিরা জানান, চাষের শুরুর দিকে প্রাকৃতিক কোনো দুর্যোগ ছিল না। মরিচখেত ও গাছে রোগবালাইও কম ছিল। ফলে ফলন ভালো হয়েছে। কিন্তু দুই দফা বৃষ্টি কৃষকের সর্বনাশ করেছে। তার পরও জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে গরিব কৃষকেরা কিছুটা লাভবান হতেন।
বাসস্টেশন বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, ‘১০ বছর ধরে শুকনো মরিচের ব্যবসা করছি। কিন্তু এবারের মতো এত কম দামে আর কখনো মরিচের বেচাকেনা হয়নি। গত বছরের তুলনায় চলতি মৌসুমে ফলন ভালো হলেও দাম প্রতি কেজিতে ৩০ টাকা কম হওয়ায় স্থানীয় চাষিরা বিপাকে পড়েছেন।’
বাজারে মরিচ কিনতে আসা ব্যবসায়ী মো. শফিক জানান, ১৫ দিন আগেও মরিচের দর ছিল প্রতি মণ ৭২০০-৮০০০ টাকা। এখন ৬০০০ টাকা (প্রতি কেজি ১৫০) বিক্রি হচ্ছে। কিন্তু কয়েক দিন ধরে মরিচের দর হঠাৎ কমে গেছে। ব্যবসায়ীদের আড়তে গত মৌসুমের শুকনো মরিচ এখনো মজুত রয়েছে। অধিকাংশ কৃষক হাটে মরিচ আনলেও ন্যায্যমূল্য না পাওয়ায় ফেরত নিয়ে যাচ্ছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, টেকনাফে চলতি মৌসুমে ৫ হাজার ৫৭০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে মরিচের আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয় ৯ হাজার ৮৭৫ মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছিল সাড়ে ৭ হাজার মেট্রিক টন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, চলতি মৌসুমে পুরো উপজেলায় মরিচের ফলন ভালো হয়েছে। তবে গত মৌসুমে ১৮০-২০০ টাকা কেজি দরে মরিচ বেচাকেনা হলেও এবার বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তিনি জানান, হঠাৎ করে বৃষ্টি না হলে প্রান্তিক কৃষকেরা লাভবান হতেন।