মরিচের মিষ্টি বড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা বানানো আর ডিম সিদ্ধ করার মধ্যেই আমার রান্নাবান্না সীমাবদ্ধ। তাই চিন্তা করলাম, এবার ঈদে কিছু রেঁধে মাকে সারপ্রাইজ দেব। কিন্তু আমি রান্নাঘরে গেলেই মা টের পাবেন, রান্না আর করতে দেবেন না। তাই অপেক্ষায় রইলাম। একদিন দুপুরে মা ঈদের শপিংয়ে বের হলে আমি পেটব্যথার নাম করে বাসায় থেকে গেলাম। মা বের হওয়ার সঙ্গে সঙ্গে রান্নাবান্নার বই বের করে খুঁজতে লাগলাম কী রান্না করা যায়। মা অবশ্য ঝাল খাবার বেশ পছন্দ করেন। তাই খুঁজে দেখি মরিচের বড়া নামের একটি আইটেম আছে। সেটি রাঁধব বলে ঠিক করলাম। সব উপকরণ একত্র করে বড়া বানিয়ে রাখলাম। এখন শুধু তেলে ভাজতে হবে। মরিচ বেটে বড়া বানানোর কারণে হাত জ্বলছিল। তা ছাড়া মায়ের ফিরে আসার সময় হয়ে গিয়েছিল। তাই তাড়াহুড়া করে সসপ্যানে তেল ঢালতে গিয়ে সিরকা ঢেলে দিলাম। রান্নাঘরের তাকের ওপর তেল আর সিরকার বোতল যে পাশাপাশি রয়েছে তা আমি আর খেয়াল করিনি। ওদিকে কলবেল বেজে উঠল। আমি তাড়াহুড়া করে বড়াগুলো সসপ্যানে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলে এসে বড়াগুলো প্লেটে সাজিয়ে মায়ের সামনে নিয়ে এলাম। মা একটি বড়া মুখে দিয়ে বললেন, ‘খুব ভালো হয়েছে। তবে আমি তো মিষ্টি খাবার খাই না। তোমার বাবাকে দিয়ো।’ আমি মায়ের কথা শুনে হতবাক। এতগুলো মরিচ দিলাম, তবু বলে মিষ্টি লাগছে! আমি একটা বড়া মুখে দিয়ে দেখি অনেক মিষ্টি। তখন মা বললেন, ‘তোমার রেসিপির নাম কী?’ আমি চট করে বললাম, ‘মরিচের মিষ্টি বড়া।’ আসলে আমার গোলমাল কোথায় হয়েছে সেটা আর মাকে টের পেতে দিইনি!  তামান্না তাসনিমবাংলাদেশ ডেন্টাল কলেজ, ঢাকা।