ভারত মহাসাগরের মধ্যে এক খণ্ড শোলার মতো ভেসে থাকা এক দেশ। আকাশের সাদা সাদা মেঘ যেখানে দুষ্টু ছেলেদের মতো ছুটে চলে এলোমেলো। মেঘ-পাহাড়ে ঘেরা দেশটির নাম মরিশাস। সেই মরিশাসেই ধানের খেতের সবুজ দিগন্ত কল্পনা করেছেন একজন বাংলাদেশি। অবশেষে সেই সবুজ স্বপ্ন বাস্তবে রূপ দিয়ে সেখানে প্রথমবারের মতো ধানের ইতিহাস লিখেছেন প্রখ্যাত জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। প্রকল্প পরিচালনার জন্য আবেদ চৌধুরীর নেতৃত্বে নিয়ে যাওয়া হয় আরও দুই বাংলাদেশিকে। মরিশাসবাসী কল্পনা করেনি উঁচু-নিচু পাথুরে জমিতে কখনো ধান চাষ সম্ভব হবে। কিন্তু সেই পাহাড়ি ঢালু জমিতে ধানের বাম্পার ফলন করে সেখানে নতুন এক দিগন্তের শুরু করলেন আবেদ চৌধুরী ও তাঁর দল। আর সেই সুবাদে মরিশাসের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের নামও যুক্ত হয়ে গেল সোনার হরফে। ধান গাছ আর আলু গাছ!!‘ছোটবেলায় ভাবতাম ধানগাছ দেখতে আলুগাছের মতো আর আলুর মতোই হয়তো ধানও মাটির নিচে হয়। আজ আমার সেই ভুল ভেঙে গেল। নিজের দেশে এবং নিজ হাতে ধান ছুঁয়েছি, কী যে ভালো লাগছে’ বলছিলেন মরিশাসের এক কলেজপড়ুয়া ছাত্রী তিনাশা। কিওরপাইপ গার্লস কলেজ থেকে শিক্ষা সফরে এসেছিল তিনাশাসহ প্রায় ২০০ শিক্ষার্থী। একদিন সকালে ধানখেত পরিদর্শন করে এসে এক মরিশিয়ান সুপারভাইজর খামারের তত্ত্বাবধায়ককে বলছিলেন, ‘স্যার, ফার্মের দক্ষিণ পাশের ধানখেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে।’ তত্ত্বাবধায়ক জিজ্ঞেস করলেন, কেন কী হয়েছে? উত্তরে তিনি বললেন, ‘পুরো ধানখেত পুড়ে বাদামি হয়ে গেছে। ’ তৎক্ষণাৎ তাঁকে নিয়ে সেখানে যাওয়া হলো। গিয়ে দেখা গেল, সেই খেতের সব ধান পেকে আছে! আরেক দিন ধানখেতের আগাছা পরিষ্কারের জন্য বলা হলো সব শ্রমিককে। দুপুরে পরিদর্শন করতে গিয়ে দেখা গেল, খেতে কোনো ধানগাছ নেই, শুধু আগাছা! শ্রমিকেরা ঘাসগুলো রেখে সব ধানগাছ তুলে ফেলেছেন! এমন এক দেশে ধান চাষ করা এবং বাম্পার ফলন পাওয়া তাই বিপ্লব তো বটেই। মরিশাসের যেদিকে চোখ যায়, শুধু আখখেতের সারি। আখই হলো মরিশাসের প্রধান শস্য এবং একমাত্র অর্থনৈতিক হাতিয়ার। অর্থনীতি চিনি উৎপাদনের ওপর নির্ভর হলেও বর্তমানে চিনি রপ্তানিতে দেশটি প্রতিনিয়তই পিছিয়ে পড়ছে। অর্থনৈতিক উন্নয়নের বিবর্তন দেশটির জন্য যখন অবধারিত হয়ে পড়েছিল, ঠিক তখন মরিশাস সরকারকে ধান চাষের বিপুল সম্ভাবনার কথা জানান আবেদ চৌধুরী ও তাঁর বন্ধু গ্রাহাম রবার্টসন। গ্রাহাম রবার্টসন সিঙ্গাপুরকেন্দ্রিক ভিটা রাইস লিমিটেডের চেয়ারম্যান। আবেদ চৌধুরী সেই প্রতিষ্ঠানের উপদেষ্টা। মরিশাস সরকার প্রতিবছর প্রায় ৪০ হাজার টন চাল আমদানি করে। তাই ধান উৎপাদনের প্রস্তাবটা প্রায় লুফে নেয় সরকার। ২০০৯ সালের শেষ দিকে আবেদ চৌধুুরী ও গ্রাহাম রবার্টসন মরিশাস সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। দেশটির দক্ষিণ-পশ্চিম এলাকায় পাইলট প্রকল্প হিসেবে প্রথমবারের মতো ধান চাষের প্রক্রিয়া শুরু করা হয়।শুরু হবে ধান চাষ, বেশ উত্তেজনা কাজ করছিল গোটা মরিশাসজুড়ে। জমি নির্বাচন, জমি প্রস্তুত প্রক্রিয়া, সবই হয়েছে অনেক ধুমধামের মধ্য দিয়ে। ধান চাষের কথা এলেই একটি জলাবদ্ধ নিচু জমির কথা মনে ভাসে আমাদের। মরিশাসে একে তো শুকনো মাটি, তার ওপর পাহাড়ি উঁচু-নিচু পাথুরে জমি! সহজেই অনুমেয়, দুঃসাহসিক পরিকল্পনাই ছিল সেটি। সেই দুঃসাহসিক পরিকল্পনাটি প্রতিনিয়ত খণ্ড খণ্ড সফলতার মধ্য দিয়ে ধীরে ধীরে কাজে রূপান্তরিত হতে লাগল। প্রাথমিকভাবে পাথর-সমস্যা সমাধানে ভাড়া করা হয় বিভিন্ন ধরনের পাথর কাটা ও গুঁড়ো করার মেশিন। পাথর ভেঙে টুকরো টুকরো করে অন্যত্র সরিয়ে ফেলে চাষযোগ্য করে তোলা হয় জমি। প্রতিনিয়ত নতুন জমি প্রস্তুত করতে এ প্রক্রিয়া আজ অবধি চলছে। যেহেতু পহাড়ি উঁচু-নিচু জমি, সে জন্য সেচ ব্যবস্থাপনাও বেশ কষ্টসাধ্যই হয়ে পড়েছিল প্রাথমিকভাবে। মরিশাস সরকারের একান্ত প্রচেষ্টায় পানির জোগান নিশ্চিত হলো। কাকতাড়ুয়ার কেরামতিজমিতে অতিমাত্রায় পোকামাকড় ও কীটপতঙ্গ আর মরিশাসের অসংখ্য পাখির কবলে পড়ে প্রাথমিকভাবে চাষাবাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অত্যধিক বিষাক্ত কীটনাশক ব্যবহারে বিধিনিষেধ থাকায় প্রয়োজনীয় কীটনাশক আমদানি করা সম্ভব হয়নি। অনেকের ধারণা ছিল, সবকিছুর সমাধান হলেও পাখির উপদ্রব কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না। সে জন্য পাখি তাড়ানোর জন্য নেওয়া হয়েছিল বেশ কটি পদক্ষেপ। তার মধ্যে একটি হলো কাকতাড়ুয়া তৈরি। যখন কাকতাড়ুয়ার প্রস্তাব করা হলো, প্রথমে কেউ বুঝতে পারল না কাকতাড়ুয়া কী বা তা দেখতে কেমন! শ্রমিকদের ডেকে বলা হলো, পরের দিন আসার সময় সবাই কমপক্ষে দুইটা করে পুরোনো জামাকাপড় নিয়ে আসবেন। কথামতো কাজ হলো। সবাই একাধিক পুরোনো কাপড় নিয়ে এলেন। তারপর শুরু হলো কাকতাড়ুয়া তৈরির মহড়া। বেশ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম দিনেই ৫০টি কাকতাড়ুয়া তৈরি হয়ে গেল। নানা রঙের ও নানা ঢঙের কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রাখা হলো পাখি উপদ্রুত বিশেষ জায়গায়। তারপর থেকে পাখিদের উপদ্রব বেশ কমে গেল।মরিশাসে আবেদ চৌধুরীর উদ্ভাবিত প্রায় ৫০টির মতো ধানের জাত রয়েছে। তাদের মধ্যে কিছু আছে উচ্চফলনশীল, কিছু আছে হাইব্রিড বীজ তৈরির জন্য এবং কিছু রয়েছে ডায়াবেটিক ধান। অন্য নবান্নপ্রথমবারের মতো ফসল কাটা হবে এই নিয়ে শুরু হয় নানা প্রস্তুতি। মরিশাসের কৃষিমন্ত্রীসহ দেশের বিভিন্ন স্থান থেকে শত শত মানুষের ভিড় জমে প্রকল্পের আশপাশে। হারভেস্টার দিয়ে ধান কাটা শুরু হলে চারপাশে শত শত উৎসুক জনতার ভিড় জমে। হারভেস্টার চলে যাচ্ছে ধানখেত দিয়ে আর পেছন দিয়ে বাতাসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে খড় আর আগাছা। ধান মজুদ হচ্ছে বাক্সে। বাক্স পূর্ণ হলে তা এনে ফেলা হচ্ছে উঠোনে। মহিলার দল নেমে পড়ছে সেগুলো পরিষ্কার করে রোদে শুকানোর কাজে। মরিশাসের সরকারি টেলিভিশন তা দীর্ঘসময় ধরে সম্প্রচারও করেছে! সারা দেশে ধানের আগমনী বার্তা ঘোষণা করেছে উৎসবের খবর ছড়িয়ে দেওয়ার মতো করেই।