মরিয়মনগর বেড়িবাঁধ মেরামত হয়নি
রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা এলাকায় কর্ণফুলী নদীতে নির্মিত বেড়িবাঁধটি মেরামত করা হয়নি আজও। ফলে পানির তোড়ে প্রতিনিয়ত বিলীন হচ্ছে মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ঘরবাড়িসহ ফসলি জমি। বর্তমানে নদীভাঙনের ঝুঁকিতে রয়েছেন দুই ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ। অথচ এসব গ্রাম রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধটি মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না। গ্রামবাসী জানান, কর্ণফুলী নদীর ভাঙন থেকে মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ১৯৮৭-৮৮ অর্থবছরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা এলাকায় ৭৫০ মিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণ করে। এতে কর্ণফুলীর ভাঙন থেকে রক্ষা পায় এ দুই ইউনিয়ন। শুধু তাই নয়, বেড়িবাঁধ নির্মাণের আগে কর্ণফুলী নদীতে বিলীন হয়ে যাওয়া দুই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় চর পড়ে। যেখানে পানের বরজসহ নানা রকম সবজি ও ধানচাষ করে জীবিকা নির্বাহ করেন গ্রামবাসী। কিন্তু সংরক্ষণের অভাবে বেড়িবাঁধটি নির্মাণের কয়েকবছর পর কর্ণফুলী নদীর পানির তোড়ে ভাঙতে থাকে। পুনরায় বিলীন হতে থাকে দুই ইউনিয়নের নদী তীরবর্তী গ্রামগুলো। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন জানান, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সংস্কারের অভাবে কর্ণফুলীর পানির তোড়ে বাঁধটি বিলীন হতে থাকে। ২০০৩ সালের মধ্যে সৃষ্ট একাধিক বন্যা ও জলোচ্ছ্বাসে বাঁধের ৩৫০ মিটার কর্ণফুলী নদীগর্ভে চলে যায়। সেই সঙ্গে হারিয়ে যায় চরের বিস্তীর্ণ এলাকা। বেড়িবাঁধটি পুনরায় সংস্কারের জন্য দুই ইউনিয়নের মানুষ ওই সময় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের বরাবরে একাধিকবার আবেদন করেও সাড়া পাননি। তিনি আরও জানান, ২০০৪ সালে ভয়াবহ বন্যার সময় কাপ্তাই বাঁধের উজান থেকে ছেড়ে দেওয়া পানির তোড়ে বেড়িবাঁধটির আরও ৩০০ মিটার কর্ণফুলী নদীতে বিলীন হয়ে যায়। সেই সঙ্গে মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বহু ঘরবাড়ি নদীগর্ভে হারিয়ে যায়। পানির তোড়ে নষ্ট হয় প্রায় ৩০০ একর জমির পানের বরজ ও অন্যান্য ফসলি জমি। সেই থেকে কর্ণফুলী নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। সরেজমিনে দেখা যায়, রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতিসহ মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়াপাড়া, মাইজপাড়া, বালুগোট্টা, মরমপাড়া, পাঁচবাড়ি, ফুলগাজীপাড়া, কাটাখালী ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের কদমতলি, আধুরপাড়া, কালুগোট্টা, সুফিগোট্টা, চৌধুরী গোট্টা ও আদর্শ গ্রামের প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি ভাঙনের মুখে রয়েছে। নদীর ছোট ছোট ঢেউ আছড়ে পড়ে এসব গ্রামের ফসলি জমি প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে। চন্দ্রঘোনার কদমতলি গ্রামের আবু বক্কর জানান, নদীর ভাঙনের কাছে গ্রামের মানুষ খুবই অসহায়। মরিয়মনগর বালুগোট্টা এলাকায় বাঁধটি পুনরায় মেরামত করা না হলে কর্ণফুলীর ভাঙনে মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ১৩ গ্রাম ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে। ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হবে প্রায় পাঁচ হাজার পরিবার। এ ছাড়া চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়, মরিয়মনগর বালিকা উচ্চবিদ্যালয়, মরমপাড়া কমিউনিটি ক্লিনিক, ইছামতি কমিউনিটি ক্লিনিকসহ কয়েকটি মাদ্রাসা ও মন্দির কর্ণফুলী নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানান গ্রামবাসী। পানি উন্নয়ন বোর্ড উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা গ্রামে ৭৫০ মিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ ছিল না। ফলে ক্রমান্বয়ে বাঁধটি ভেঙে গেলেও সংস্কার করা সম্ভব হয়নি। বাঁধটি পুনরায় মেরামত ও সংস্কারের জন্য পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ পর্যন্ত একাধিকবার প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলে হয়তো বাঁধটির সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, ২০০৪ সালে ভয়াবহ বন্যায় বেড়িবাঁধটি বিধ্বস্ত হওয়ার পর উপজেলা প্রকল্প কর্মকর্তা বাঁধটি সংস্কার ও পুনরায় মেরামতের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক ও পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠান। কিন্তু বাঁধটি সংস্কার ও পুনরায় মেরামতের জন্য মন্ত্রণালয় থেকে এখনো নির্দেশনা পাওয়া যায়নি। দ্রুতগতিতে বাঁধটি সংস্কার ও পুনরায় মেরামত করলে মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ১৩টি গ্রাম অচিরেই নদীগর্ভে হারিয়ে যাবে।