মরীচিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোর ফোনটা একটু দে তো।’‘কেন? তোমার ফোনে ব্যালেন্স নেই?’‘ব্যালেন্স থাকলে কি আর তোর ফোন চাইতাম? অদ্ভুত প্রশ্ন!’‘ওহ্! আমার ফোনেও তো ব্যালেন্স নেই।’আপু আমার দিকে সন্দেহভরা দৃষ্টি নিয়ে তাকাল।‘তো, এত প্রশ্ন করলি কেন? যত্তসব!’আপু চলে যাওয়ার পর আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। ভাগ্যিস, ফোনটা নিয়ে ব্যালেন্স চেক করেনি। তাহলে তো ধরা পড়ে যেতাম। ইস্! জন্মদিনে মিথ্যা কথাটা বলা হয়তো ঠিক হলো না। তা ছাড়া আর কী-ই বা করতাম। দেখা যেত, আপু ফোনে কথা বলার সময়ই ও ফোন দিয়ে বসল। তারপর ফোন ব্যস্ত দেখে পরে আর দিলই না। তখন তো আমার জন্মদিনটাই মাটি হয়ে যেত। সেই তুলনায় একটা ছোট্ট মিথ্যা বলা খুব বেশি দোষের কিছু না।সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল। ফোনটা কোনোমতেই কাছছাড়া করছি না। টোন বেজে উঠলেই বুকের ভেতর ড্রামের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। কিন্তু যখনই দেখছি স্ক্রিনে অন্য কারও নাম, তখনই আশাহত হয়ে ফোন ধরছি আর তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেওয়ার চেষ্টা করছি। কোনোমতেই ওর ফোনটা মিস করা যাবে না। যদিও ফোনটা সব সময় আমার হাতের কাছেই রাখছি, তাও একটু পরপর মিসড কল দেখে নিচ্ছি। ইলেকট্রনিকস যন্ত্রপাতির ওপর কোনো ভরসা নেই। ওরা মানুষের আবেগ কী বুঝবে! হয়তো ও ঠিকই ফোন দিয়েছে কিন্তু সেটা শো-ই করল না।এত তাড়াতাড়ি রাত হয়ে গেল! আজ যদি সূর্য একটু দেরিতে ডুবত, কী দোষটা ছিল? এখনো যে আমার দিন শেষ হয়নি। হঠাৎ করেই মনে হলো, ও হয়তো আমাকে অবাক করে দেওয়ার জন্য ঠিক ১১টা ৫৯ মিনিটে ফোন দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। বাহ! ব্যাপারটা বেশ ইউনিক হবে তো!১১:৫৯, ১২:০০, ১২:০১। সময় থেমে থাকে না। আজ যেন আরও বেশি দ্রুত ছুটছে। এত তাড়া কিসের সময়ের? বুঝতে পারি, গলার কাছে কান্না এসে দলা পাকিয়ে আছে। এই বুঝি গড়িয়ে পড়ল চোখ বেয়ে। তখনই নতুন একটা চিন্তা মাথায় এল। ও হয়তো আমাকে সারাটা দিন টেনশনে রাখতে চাইছে। কাল নির্ঘাত বলবে, ‘কিরে, কেমন চিন্তার মধ্যে রাখলাম তোকে, বল তো?’হ্যাঁ, হ্যাঁ, তা-ই হবে। আর নয়তো কী? আমাকে টেনশনে রেখে যে কী মজা পায় পাগলটা!নাদিরা মুসতারী[email protected]