মরু ঝড় এবার মিসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ পর্যন্ত ব্যাপার দেখে মনে হচ্ছে কেউ কম যান না। মিসরীয়রা যেমন তাঁর বিদায়ের দাবিতে অটল, তেমনি প্রেসিডেন্ট হোসনি মোবারকও শেষ পর্যন্ত দেখতে চান। ক্ষমতা আঁকড়ে থাকতে নানা কৌশল নিচ্ছেন মোবারক। দমন-পীড়ন আর সেনা নামিয়ে ভয় দেখানো তো চলছেই, সর্বশেষ ঠ্যাঙারে বাহিনী ছেড়ে দিয়েছেন রাজপথে। মন্ত্রিসভা ভেঙে দেওয়া বা আগামী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা না করার অঙ্গীকার, কোনোটাতেই চিড়ে ভিজছে না। জনগণ ‘এক দফা এক দাবিতে’ অনড়।ক্ষমতায় থাকার জন্য হোসনি মোবারক দেশের শক্তিশালী সেনাবাহিনীকে কাজে লাগানোর চেষ্টা করছেন। তবে রাজপথে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে নামা সেনাসদস্যরা বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হয়ে এখনো কঠোর আচরণ করেনি। বরং উভয়ের শান্তিপূর্ণ সহাবস্থান চলছে। প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় থাকতে এই সেনাবাহিনী মোবারককে দারুণ সমর্থন দিয়েছে। গণবিক্ষোভে সারা দেশ টালমাটাল হলেও আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা বিশ্ব এখন পর্যন্ত হোসনি মোবারককে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়ার জন্য সরাসরি কিছু বলেনি। তবে, বিক্ষোভকারীদের প্রতি বলপ্রয়োগ না করতে মিসরের প্রতি আহ্বান জানানো হয়েছে। সবচেয়ে বেশি আগ্রহ সৃষ্টি করেছে মিসরের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে। যুক্তরাষ্ট্রের জন্য মিসর এক বিরাট দোটানার সৃষ্টি করেছে। আরব বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্রগুলোর একটিতে স্থিতিশীলতা না উগ্রবাদ তথা অনিশ্চয়তার খাদে পড়ার ঝুঁকি—কোন পথে যাবে তাই নিয়ে ভাবনায় আঙ্কল স্যাম।মোবারকের ৩০ বছর: আরব বিশ্বে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা শাসকদের অন্যতম হোসনি মোবারক। ২০০৫ সালের সেপ্টেম্বরে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় তাঁর বয়স ছিল ৭৭ বছর। আর সে বছরই মিসরে প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগের চারটি মেয়াদে নির্বাচন হয় নামকাওয়াস্তে। হ্যাঁ-না ভোটের মাধ্যমে জাতিকে মোবারকের ব্যাপারে মত দিতে হয়েছে। এসব নির্বাচনে পার্লামেন্ট অনুমোদিত একজন মাত্র প্রার্থী অংশ নিতেন, আর তিনি হচ্ছেন হোসনি মোবারক। নানা কারণে বিতর্কিত হলেও মিসরে ভালো জনসমর্থন আছে এবং সংগঠিত এ রকম একমাত্র রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড। তবে নিষিদ্ধ থাকায় দলটি গত নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারেনি।১৯৮১ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আততায়ীর গুলিতে নিহত হন। এর পরই ক্ষমতায় আসেন মোবারক। ক্রমশ মিসরের রাজনীতিতে মহীরুহ হয়ে উঠলেও মোবারককে হত্যার জন্য ছয়টি চেষ্টা চালানো হয়। কিন্তু প্রতিবারই তিনি বেঁচে যান। বিরোধীদের ওপর চালান ব্যাপক দমন-পীড়ন। নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখতে সব চেষ্টাই করেন তিনি।বর্তমান পরিস্থিতির কারণ: মোবারক ক্ষমতায় এসে উদার অর্থনৈতিক নীতি গ্রহণ করেন। রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেন। প্রায় সব সরকারি প্রতিষ্ঠানের সিংহভাগ শেয়ারও বাজারে ছেড়ে দেন তিনি। দেশের অর্থনীতি এগিয়েও যায় কিছু। কিন্তু এর পরও সর্বব্যাপী দুর্নীতির কারণে মিসরীয়দের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বেড়ে যায় বেকারত্ব। দেশে জীবনযাত্রার মানও অন্যান্য আরব দেশের মতো এগিয়ে নিতে পারেননি মোবারক। তবে তিনি সশস্ত্র বাহিনীর যথেষ্ট আধুনিকায়ন করেন। বিশেষ করে বিমানবাহিনীকে বেশ শক্তিশালী করে গড়ে তোলেন।আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা অনেক দিন ধরেই বলছিলেন, বাইরে থেকে টেকসই মনে হলেও প্রেসিডেন্ট মোবারক ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছেন। জনমনে তাঁর দীর্ঘ শাসনের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। কিন্তু রাজনৈতিক ব্যাপারে মিসরের জনগণের বরাবরের নিস্পৃহতা সুবিদিত। তবে সাম্প্রতিক সময়ে সেই ছবিটি বদলে যেতে শুরু করে। অবনতিশীল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে জনগণ কয়েক মাস আগে থেকে রাজপথে নেমে আসা শুরু করে। একসময় তা ছিল অকল্পনীয়। বিশেষ করে গত পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ বেকায়দায় ফেলে মোবারককে।বয়সের ভারে ন্যুব্জ মোবারকের (৮২) উত্তরাধিকার নিয়ে নানা কথাবার্তা শোনা যায়। ছোট ছেলে গামাল মোবারকের হাতে তিনি ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিলেন, এমন গুজব লোকমুখে ছড়িয়ে পড়ে। তবে সরকারের ভেতরের বড় অংশের প্রবল বিরোধিতার কারণে সে উদ্যোগ সফল হয়নি। গত বছরের মার্চে জার্মানিতে হোসনি মোবারকের গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়। আর সে সময়ই খবর আসে, ২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও নাকি অংশ নেবেন তিনি। তখন থেকে নতুন করে ফুঁসে উঠতে থাকে দেশটির তরুণ প্রজন্মসহ সাধারণ জনগণ। বিক্ষোভের নেতৃত্ব : এখন পর্যন্ত ‘এপ্রিল ৬ মুভমেন্ট’ নামের একটি যুব সংগঠন এই বিক্ষোভে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। গোঁড়া ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড প্রথম দিকে বিক্ষোভ থেকে নিজেদের সরিয়ে রাখলেও পরে সামনে আসার চেষ্টা করতে থাকে। তবে সরকারবিরোধী আন্দোলনের মূল চাবি কোনো একক নেতার হাতে নেই এটা বলাই যায়। তবে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান মোহাম্মদ এল বারাদি গণবিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছেন। গত ফেব্রুয়ারিতে পরিবর্তনের ডাক দিয়ে তিনি দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর চেঞ্জ (এনএসি) নামে একটি দলও গঠন করেছেন। ইতিমধ্যে বিক্ষোভে যোগ দিয়ে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য তিনি প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন এল বারাদি। তাঁর প্রতি পশ্চিমাদের সমর্থন আছে বলেও ধারণা করা হয়। তবে রাজনীতিতে নবাগত বারাদির প্রতি শিক্ষিত মধ্যবিত্তের সমর্থন থাকলেও দেশব্যাপী জনপ্রিয়তা অর্জনে অনেক সময় লাগবে এটা সবাই মানেন। পশ্চিমা বিশ্বের ভূমিকা: আরব বিশ্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম প্রধান—কোনো কোনো ক্ষেত্রে একমাত্র মিত্র মিসর। দেশটিতে বিক্ষোভ শুরু হলে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে ‘মানবাধিকার নিশ্চিত করা ও রাজনৈতিক সংস্কার এগিয়ে নিতে’ মিসরের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বোঝাই যায়, দীর্ঘদিনের মিত্রের ব্যাপারে একটু রয়েসয়েই এগোতে চাইছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্র বরাবর ঢাকঢোল পিটিয়ে মিসরকে নিজের মিত্র জানান দিলেও উইকিলিকসের বরাত দিয়ে লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মোবারকবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রই ইন্ধন দিচ্ছে! ফাঁস হওয়া নথিপত্র থেকে জানা গেছে ‘এপ্রিল ৬ মুভমেন্ট’ নাকি মার্কিন প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পেয়েছিল। অন্যদিকে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স নিরস্ত্র জনগণের প্রতি বলপ্রয়োগ না করতে ও শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করতে মোবারকের প্রতি আহ্বান জানিয়েছে। এ আহ্বান হয়তো প্রকারান্তরে তাঁর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেওয়ারই নামান্তর। কারণ, গায়ের জোরে দমন ছাড়া চলতি বিক্ষোভ অবসানের লক্ষণ নেই। আরবে পরিবর্তনের হাওয়া: জেগে উঠেছে আরবের তরুণ প্রজন্ম। গণতন্ত্রের জন্য দলে দলে রাস্তায় নেমে এসেছে তারা। রাজপথে নেমে তারা ইতিমধ্যেই পতন ঘটিয়েছে তিউনিসিয়ার শাসক জয়নুল আবেদিন বেন আলীর, যিনি দীর্ঘ ২৩ বছর সে দেশের ক্ষমতায় ছিলেন। গণতন্ত্রের জন্য তিউনিসিয়ার তরুণেরা যে বিক্ষোভ শুরু করেছিল, তা এখন ছড়িয়ে পড়েছে মিসর, ইয়েমেন, জর্ডান, আলজেরিয়া, ওমান, সুদান ও মৌরিতানিয়ায়। তারুণ্যের এ আগুন মধ্যপ্রাচ্যসহ পুরো আরব বিশ্বে পরিবর্তন আনারই ইঙ্গিত দিচ্ছে। কী করবেন মোবারক: পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থন ছাড়া হোসনি মোবারকের এ যাত্রায় ক্ষমতায় টিকে থাকা কঠিন। একই সঙ্গে সেনাবাহিনীরও সমর্থন প্রয়োজন হবে তাঁর। কিন্তু এ দুই পক্ষের কারও সমর্থনই তিনি পাবেন কি না সন্দেহ। মোবারকের অবশ্যম্ভাবী পতনের মুখে সম্ভাব্য নতুন নেতৃত্বের চক্ষুশূল হতে চাইবে না কেউই। সেনাবাহিনী কায়রোর রাজপথে নামার পর প্রথম দিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও দুদিন পর সহাবস্থান গ্রহণ করে। ওই সময় রাজপথ থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকের পর বিক্ষোভ দমনে আবারও পুলিশ মোতায়েনের নির্দেশ দেন মোবারক। কারফিউয়ের সময়ও বাড়িয়ে দেওয়া হয়। এভাবেই কৌশল পরিবর্তন করে ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোবারক।পশ্চিমা বিশ্ব, সেনাবাহিনী এবং দেশটির ক্ষমতাধর ও সম্পদশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে হোসনি মোবারককে প্রেসিডেন্ট হিসেবে বহাল দেখতে চাইতে পারেন। তবে বিশ্লেষকরা বলছেন, স্বার্থরক্ষা করতে সক্ষম হবেন এমন কোনো নির্ভরযোগ্য ব্যক্তি পেলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষেও অবস্থান নিতে পারেন তাঁরা। তবে, এখন আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যের যা পরিস্থিতি, তাতে যেকোনো কিছুই ঘটা সম্ভব। তাই মিসরে সম্ভাব্য সব ধরনের ঘটনাই ঘটতে পারে। এখন সেটা দেখার অপেক্ষায়ই থাকতে হবে।