মরে যাচ্ছে শিজক নদ ছয় মাসও চলে না নৌকা

দুপুরের সূর্য তখন মাথার ওপর। কলাবোঝাই নৌকা ঠেলছিলেন সমর বিজয় চাকমা। মাঝ নদেও পানি নেই। পায়ের গোড়ালির চেয়ে সামান্য বেশি ডোবে। ভোরে কচুছড়ি থেকে রওনা হয়েছিলেন তিনি। গন্তব্য ১৫ কিলোমিটার দূরের দূরছড়ি বাজার। কিন্তু পাঁচ কিলোমিটার আসতেই দুপুর গড়িয়ে গেছে। নৌকা ঠেলে দূরছড়ি পৌঁছাতে বিকেল হয়ে যাবে।
সম্প্রতি সারোয়াতলী ইউনিয়নের কচুছড়া গ্রামের বাসিন্দা কলাচাষি সমর বিজয় চাকমার সঙ্গে কথা হয় একই ইউনিয়নের শিজক নদের তীরের শিজক-খাগড়াছড়ি গ্রাম এলাকায়। এ সময় নদে সাতটি কলাবোঝাই নৌকা ঠেলে বাজারে নিয়ে যাচ্ছিলেন চাষিরা। তাঁদেরই একজন সমর বিজয়। নৌকা ঠেলতে ঠেলতে তিনি বলেন, ‘দূরছড়ি বাজারে পণ্য নিয়ে যেতেই পুরো দিন চলে যাবে। শিজক নদের পানি কমে যাওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি।’
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম প্রধান নদ শিজক শুকিয়ে যাচ্ছে। সমর বিজয়ের মতো বাঘাইছড়ি ও সারোয়াতলী ইউনিয়নের অনেক বাসিন্দা চলাচলের জন্য শিজক নদের ওপর শতভাগ নির্ভরশীল। সম্প্রতি এই নদের পানিপ্রবাহ কমে যাওয়ায় তাঁর মতো অনেকে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন। ব্যাহত হচ্ছে নৌচলাচল ও চাষাবাদ। এর ফলে প্রত্যন্ত এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারে সরবরাহ করতে পারছেন না কৃষকেরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী-বাঘাইছড়ি ইউনিয়নে সীমান্তবর্তী শিজক নদ সাজেক ইউনিয়নের কংলাক মৌজা থেকে প্রায় ৩৫-৪০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাঘাইছড়ির শিজক–মুখ এলাকায় কাচালং নদের সঙ্গে মিলিত হয়েছে। মূলত বাঘাইছড়ি ও সারোয়াতলী এলাকার বাসিন্দারা এই নদপথ ব্যবহার করেন। পলি পড়ে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে শিজক নদের পানি কমে যাচ্ছে।
সারোয়াতলী ও বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, পার্বত্য চুক্তির পর সারোয়াতলী-বাঘাইছড়ি ইউনিয়নে সীমান্তবর্তী শিজক নদের দুই পাড়ে আশ্রয় নেয় শত শত পরিবার। তার মধ্যে অধিকাংশ মানুষ ভূমিহীন ও উদ্বাস্তু। তারা নদের চরে ও বিভিন্ন টিলায় ফলের বাগান করে। বাগানের ফল বাজারজাত করতে দুই তীরের মানুষ শিজক নদপথ ব্যবহার করে। বর্ষা মৌসুমে ট্রলার ও নৌকাযোগে উৎপাদিত পণ্য বাজারজাত করা হয়। কিন্তু শুষ্ক মৌসুমে চাষিদের যাতায়াত ও পণ্য বাজারজাত করতে গিয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায়। শিজক নদ ভরাট হয়ে পানি শুকিয়ে যাওয়ায় গত দুই মাস ধরে ট্রলার যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলা সদরের বাজারগুলোর সঙ্গে নদের তীরবর্তী গ্রামগুলোর সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থা নেই। ফলে নদতীরের ১২টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। এসব গ্রামের বাসিন্দারা জানান, কর্ণফুলী কাগজ কলের ৩০ শতাংশ বাঁশ শিজক নদ দিয়ে পরিবহন করা হয়। নদের গভীরতা কমে যাওয়ায় বাঁশ পরিবহনও বন্ধ হওয়ার পথে।
শিলছড়ি গ্রামের ভারত চন্দ্র চাকমা বলেন, ‘২০০০ সালে আমরা যখন এই এলাকায় বসবাস শুরু করি, তখন সারা বছর শিজক নদে পানি থাকত। তখন ট্রলারে বাগানে উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতাম। কয়েক বছর ধরে শুষ্ক মৌসুম আসার আগেই শিজক নদের পানি শুকিয়ে যাচ্ছে। বছরে পাঁচ মাস উপজেলা সদরে যাতায়াত করতে চরম অসুবিধা হচ্ছে। এলাকার মানুষ অসুস্থ হলে ১০ কিলোমিটার পথ কাঁধে করে হাসপাতালে নিতে হয়।’
বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিভ চাকমা ও সারোয়াতলী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান যতিন রায় চাকমা বলেন, শিজক নদের তীরে ১০ থেকে ১২টি গ্রামে সাত শতাধিক পরিবারের বসবাস। উপজেলা সদরে যোগাযোগের মাধ্যম একমাত্র শিজক নদ। আগে সারা বছর ট্রলার চলাচল করলেও শিজক নদ ভরাট হয়ে যাওয়ায় এখন ছয় মাসও নৌকা চলাচল করছে না।
বাঘাইছড়ি উপজেলা প্রকৌশলী মো. মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, উপজেলা সদর থেকে শিজক নদের তীরে ১৫ কিলোমিটার দীর্ঘ সড়ক তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে এক কিলোমিটার সড়কের কাজ চলছে। দুই কিলোমিটার সড়কের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ১২ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এই সড়ক নির্মিত হলে শিজক নদের তীরে বসবাসরত মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে।