মর্টার শেলটি নিয়ে বিপাকে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের পানিছড়ার পাহাড় থেকে উদ্ধার হওয়া মর্টার শেল
টেকনাফের পানিছড়ার পাহাড় থেকে উদ্ধার হওয়া মর্টার শেল

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পানিছড়া পাহাড় থেকে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। সেনাবাহিনীর বিস্ফোরক দল নিষ্ক্রিয় করতে না আসায় শেলটি পুলিশকে পাহারা দিতে হচ্ছে। এটি বর্তমানে বাহারছড়া পুলিশ ফাঁড়ির একটি খোলা মাঠে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৬ আগস্ট সকালে মর্টার শেলটি কে বা কারা চুরি করে নিয়ে গিয়েছিল। এরপর পুলিশ স্থানীয় চার ব্যক্তিকে আটক করে শুরু করেন জিজ্ঞাসাবাদ। পরদিন ১৭ আগস্ট সকালে পুলিশ ওই পাহাড়ের নিচে একটি পানের বরজ থেকে মর্টার শেলটি পুনরায় উদ্ধার করে।
৮ আগস্ট বিকেলে বাহারছড়া ইউনিয়নের পানিছড়া পাহাড় থেকে বনকর্মীরা (মাটির নিচ থেকে) মর্টার শেলটি উদ্ধার করেন। এরপর পাহাড়ের নিচে সমতল জায়গায় রেখে শেলটি পুলিশ পাহারা দিচ্ছিল।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৬ আগস্ট ভোররাতে পুলিশ হেফাজত থেকে মর্টার শেলটি গায়েব হয়ে যায়। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মর্টার শেলটির সন্ধান পায়নি।
পরে মর্টার শেলটি চুরির অভিযোগে বাহারছড়া ইউনিয়নের গ্রাম পুলিশ মোহাম্মদ ইসহাক এবং স্থানীয় বাসিন্দা আবুল হোসাইন, মো. করিম ও মোহাম্মদুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ১৭ আগস্ট সকাল সাতটার দিকে পুলিশ পানিরছড়া পাহাড়ের নিচের একটি প=ানের বরজ থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। শেলটি এখন বাহারছড়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, শেলটি উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু ১৮ আগস্ট পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। সেনাবাহিনীর বিস্ফোরক দল না আসা পর্যন্ত মর্টার শেলটি পুলিশের তত্ত্বাবধানে থাকবে।