মর্যাদায় প্রথম, সেবায় দ্বিতীয় শ্রেণির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার বিভাগের শর্ত অনুযায়ী প্রথম শ্রেণির পৌরসভায় পাকা রাস্তা, বিদ্যুৎ ও পানি সরবরাহ, সড়কবাতি, নালা-নর্দমা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। তবে প্রথম শ্রেণির মর্যাদাপূর্ণ চট্টগ্রামের পটিয়া পৌরসভায় এখনো এসব শর্ত শতভাগ পূরণ হয়নি। বাসিন্দারাও প্রথম শ্রেণির সেবা পান না বলে অভিযোগ রয়েছে। পর্যাপ্ত নালা-নর্দমা না থাকায় বর্ষায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে পৌরসভার বিভিন্ন সড়ক ও এলাকায়।
অথচ শিক্ষা-দীক্ষা ও অবকাঠামোগত দিক থেকে এগিয়ে রয়েছে চট্টগ্রামের উপকণ্ঠের এই পৌরসভাটি। তবে জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতায় পিছিয়ে পড়ায় ম্লান হয়ে গেছে অনেক অর্জন। আসন্ন পৌরসভার নির্বাচনেও তাই এই দুটি বিষয় অন্যতম ইস্যু হয়ে উঠেছে। এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে দ্বারে দ্বারে ভোট চাইছেন পৌরসভার মেয়র পদপ্রার্থীরা।
বর্তমান পৌর মেয়র ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. হারুনর রশিদ ভোটের প্রচারণায় পৌরসভার উন্নয়নের তালিকা তুলে ধরছেন। প্রচারণায় তিনি বলছেন, আগে জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতার সমস্যা আরও প্রকট ছিল। তার আমলে এসব সমস্যার অনেকখানি সমাধান হয়েছে। পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন তিনি।
অপরদিকে, বিএনপি প্রার্থী তৌহিদুল আলমের অভিযোগ, পটিয়া পৌরসভায় ভোটারেরা আদৌ প্রথম শ্রেণির সেবা পান না। এখানে এখনো পানি ওঠে। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে এটা হওয়া উচিত নয়। ময়লা আবর্জনায় রাস্তা-ঘাট ভরা থাকে। ওয়াসার পানি নেই। দ্বিতীয় শ্রেণির সেবা দিতেও ব্যর্থ হয়েছেন বর্তমান মেয়র। তিনি নির্বাচিত হলে এসব সমস্যা পরিকল্পিতভাবে সমাধান করবেন।
তবে আসলে কেমন সেবা পাচ্ছেন পৌর এলাকার বাসিন্দারা? পৌরসভার বিভিন্ন এলাকার ভোটারদের প্রশ্ন করা হলে তাঁরা অভিযোগ করে বলেন, প্রতি বর্ষায় পটিয়া পৌরসভার রামকৃষ্ণ মিশন সড়ক, সার্কুলার রোড, ওয়াপদা মোড়, বিসিক শিল্প এলাকা, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রসহ বিভিন্ন সড়ক ও এলাকা জলমগ্ন হয়। রামকৃষ্ণ মিশন সড়কে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজসহ অন্তত চারটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বৃষ্টি হলেই শিক্ষার্থীদের হাঁটু পানি ডিঙাতে হয়। আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম বলেন, অতিবৃষ্টি হলে পানি ভেঙে শিক্ষার্থীদের স্কুলে আসতে হয়। তবে কিছু কাজ করায় এই বছর আগের চেয়ে একটু কম হয়েছে। অতিবৃষ্টিতে পৌর সদরের থানার মোড়, মুনসেফ বাজারের সামনের সড়কেও পানি ওঠে।
আগের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে বলে অনেক ভোটারের মতামত দিয়েছেন। তিন বছর আগে পৌরসভার আরও বিস্তীর্ণ এলাকায় পানি উঠত বলে তাঁরা জানান। বিশেষ করে হাসপাতাল এলাকা, শুক্লধর পাড়া, থানার মোড় অন্যতম। এসব এলাকায় বড় বড় নালা নির্মাণ করায় জলাবদ্ধতা দূর হয়েছে।
তবে ময়লা আবর্জনা যত্র-তত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় এই পৌরসভায়। সরেজমিনে দেখা গেছে, পটিয়া থানার মোড় এলাকায় ডাস্টবিন উপচে পড়ছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধে সে স্থান দিয়ে চলাচল করাই দায়। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজারের প্রধান সড়ক গেছে পটিয়া পৌরসভার এলাকার ওপর দিয়ে। এই সড়কের পাশে যে দুটি নালা আছে সেগুলো সরু। পানি নিষ্কাশনের জন্য এই নালা দুটি যথেষ্ট নয়। পাশাপাশি সড়কটির দুই পাশে কোনো ফুটপাত না থাকায় লোকজনের চলাচলেও সমস্যা হয়।
বর্তমান পৌর মেয়র এবং মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. হারুনুর রশিদ বলেন, ‘গত পাঁচ বছরে পৌর ভবন নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন, নালা নর্দমা নির্মাণে কাজ করেছি। পৌর এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে গত কয়েক বছরে। ১৬৭ কিলোমিটার সড়কের মধ্যে ১৫ কিলোমিটার ছাড়া অবশিষ্ট সড়কের অবস্থা ভালো। নতুন করে তিনতলা পৌরভবনও করা হয়েছে। মাত্র ২০ শতাংশ সড়কের অবস্থা খারাপ রয়েছে। মোট ৫০ কিলোমিটার নালার মধ্যে ৩৫ কিলোমিটারই পাকা করা হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা আগের চেয়ে উন্নত করেছি। রামকৃষ্ণ মিশন সড়কে এখনো পানি ওঠে। তবে সেটি উন্নয়নের পরিকল্পনা হাতে রয়েছে। এ ছাড়া সুপেয় পানি সরবরাহের প্রকল্পও করা হবে।’
উন্নয়নের ফিরিস্তি এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ চেয়ে আবারও তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারের দ্বারে যাচ্ছেন হারুনুর রশিদ। আর বর্তমান মেয়রকে ব্যর্থ আখ্যা দিয়ে বিএনপি প্রার্থী তৌহিদুল আলম ও জাতীয় পার্টির সামশুল আলমও ভোট চাইছেন।