মলাটবন্দী হবে গ্রামের একাত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফসান চৌধুরীর সঙ্গে দুই তরুণ গবেষক জাকির হোসেন ও ফৌজিয়া আফরোজ। ছবি: সুমন ইউসুফ
আফসান চৌধুরীর সঙ্গে দুই তরুণ গবেষক জাকির হোসেন ও ফৌজিয়া আফরোজ। ছবি: সুমন ইউসুফ

রাজশাহীর আব্দুল মজিদের বেঁচে ফেরার কাহিনি বলছিলেন জাকির হোসেন। বলতে বলতেই অশ্রুসজল হয়ে ওঠে এই তরুণ গবেষকের চোখ। কথা থামিয়ে বললেন, ‘সাক্ষাৎকার নেওয়ার সময় কতবার যে কেঁদেছি। এমনও হয়েছে, নির্মমতার বয়ান শুনে সারা দিন হয়তো কোনো কাজই করতে পারিনি।’

তিনি আবার ফিরে যান আব্দুল মজিদের মুখে শোনা কাহিনিতে। ১৯৭১ সালের ১৪ এপ্রিল। আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন টগবগে তরুণ মজিদ। সঙ্গে তাঁর খালু। মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রাহক সন্দেহে তাঁদের ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। নির্মম নির্যাতন চলে ক্যাম্পে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় একটি বাড়ির একটি ঘরে। আগে থেকে আরও কয়েকজন নির্যাতিত সেখানে ছিলেন। এরপর সবাইকে শুয়ে পড়তে বলা হয়। গুলি করে সবার মৃত্যু নিশ্চিত করে। কিন্তু ভাগ্যক্রমে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সেদিন বেঁচে যান আব্দুল মজিদ। তাঁর বুকের ডান পাশ দিয়ে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়। তা-ও তিনি বুঝেছিলেন সংজ্ঞা ফিরে পাওয়ার পর। দিন দুই মৃতস্তূপে পড়ে ছিলেন। রক্তক্ষরণ আর অনাহারে শরীর বলহীন হয়ে পড়ে। নড়াচড়া করার মতো শক্তিও ছিল না। দরজা খোলা দেখে মনের জোরে উঠে দাঁড়ান। অনেক কষ্টে পালিয়ে আশ্রয় নেন আত্মীয়ের বাসায়। তারপর আরও অনেক গল্প...। এখনো বিভীষিকাময় সেই ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছেন আব্দুল মজিদ।

আব্দুল মজিদের মর্মস্পর্শী এই কাহিনি থাকবে গ্রামের একাত্তর নামের বইটিতে। সম্পাদনা করছেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী। তিনি দীর্ঘদিন প্রান্তিক মানুষের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন। এ বিষয়টি নিয়ে আগেও বই প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় এখন কাজ করছেন গ্রামের একাত্তর-এ।

১ ডিসেম্বর বিকেলে আমাদের কথা শুরু হয়েছিল এই বই গোছানোর গল্প দিয়েই। তাঁর পাশে বসে ছিলেন জাকির হোসেন ও ফৌজিয়া আফরোজ। গ্রামের একাত্তর বইয়ের দুই তরুণ মুক্তিযুদ্ধ গবেষক। বইয়ের আলাপে চলে এল মলাটবন্দী হতে যাওয়া আব্দুল মজিদের মতো এমন অনেক বাস্তব গল্প। একেকজন মানুষকে উদ্ধৃত করে তাঁর অভিজ্ঞতার বয়ান শোনালেন তাঁরা। সেসব কাহিনিতে উঠে এল, বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা, নিভৃতচারী যোদ্ধার বীরত্বগাথা, রাজাকারের ভূমিকা, দুর্দিনে গ্রামের মানুষের জীবনযাপন-পড়াশোনা-ধর্মপালন-উৎসবসহ যাপিত জীবনের নানা দিক। কোনো কাহিনি শুনে মনটা যেমন আর্দ্র হয়ে ওঠে, তেমনি গর্বে বুক ফুলে যায় বীরত্বগাথা শুনে।

আফসান চৌধুরী বললেন, ‘আমাদের ইতিহাসচর্চা উপরতলাকেন্দ্রিক, ক্ষমতাবলয়ের মানুষের ইতিহাস। প্রান্তিক জনগোষ্ঠী ইতিহাসে খুব একটা আসে না। তাই আমরা জানি না, জানতেও চাই না। কয়েক দশক ধরে আমি সেই প্রান্তিক মানুষের ইতিহাস নিয়েই কাজ করছি। এ বই সাধারণ মানুষ একাত্তরে কীভাবে গ্রাম পর্যায়ে দিন কাটিয়েছে, কষ্ট পেয়েছে-দুঃখ পেয়েছে, আনন্দ পেয়েছে সেসব নিয়েই।’

২০১২ সালে এই বইয়ের কাজে হাত দিয়েছেন আফসান চৌধুরী। জরিপ কাজ, তথ্য সংগ্রহ, কেস স্টাডি—এসব কাজে বিভিন্ন সময় বেশ কয়েকজন তরুণ কাজ করেছেন। এখন আছেন ফৌজিয়া আফরোজ ও জাকির হোসেন।

মুক্তিযুদ্ধের সময় যেসব এলাকায় আক্রমণ ও হতাহতের ঘটনা অপেক্ষাকৃত বেশি ঘটেছে, সেসব এলাকায় জরিপের কাজ করা হয়। নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর খোঁজা হয় সেসব এলাকার মানুষের কাছে। জরিপে প্রায় ১০০০ মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল যুদ্ধের সময় বয়স, অর্থনৈতিক অবস্থা, আয়ের সংস্থান, সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, উৎসব অভিজ্ঞতাসহ তাঁর রোজকার জীবন ও তাঁর টিকে থাকার নানা বিষয় সম্পর্কে।

এসব তথ্যের ভিত্তিতেই এগিয়ে চলে বইয়ের কাজ। তবে অর্থসংকটে কখনো থমকে দাঁড়িয়েছে। কাছের বন্ধুদের সহযোগিতা নিয়ে আবার শুরুও করেছেন। আফসান চৌধুরী বললেন, ‘২৫টি বিষয়ে ভাগ করা হয়েছে মানুষের অভিজ্ঞতাগুলো। এর মধ্যে আছে গ্রামের মানুষের জীবনযাপন, বিচার-সালিস, ধর্মীয় ও সামাজিক উৎসব, দাফন-সৎকার, পড়াশোনা, চিকিৎসার মতো বিষয়গুলো। প্রায় দেড় লাখ শব্দ থেকে ৮০ হাজার শব্দে আনা গেছে। এখন চলছে চূড়ান্ত সম্পাদনার কাজ।’

এই বইটির পাশাপাশি হিন্দুদের একাত্তর ও নারীর ৭১ নামে অন্য দুটি বইয়ের কাজও করছেন তিনি।

দুই তরুণের চোখে মুক্তিযুদ্ধ

২০১৪ সালের কথা। ফৌজিয়া আফরোজ তখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়তেন। বললেন, ‘আমাদের একটি কোর্সের শিক্ষক ছিলেন স্যার (আফসান চৌধুরী)। ক্লাসে একদিন তিনি ঘোষণা দিয়েছিলেন, পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেলে তাঁর সঙ্গে গবেষণার সুযোগ দেবেন।’

ফৌজিয়া আফরোজ সবচেয়ে বেশি নম্বর পেয়ে গবেষণার সুযোগ পেয়ে যান। কাজ শুরু করেই বুঝলেন, মুক্তিযুদ্ধ বলতে তিনি এত দিন রাজনীতি ও যুদ্ধে অস্ত্র হাতে লড়াইয়ের কথা জানতেন, কিন্তু এর সঙ্গে তো আরও অনেক বিষয় রয়েছে। অনেক মানুষের অংশগ্রহণ আছে, গ্রামের একজন সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব আছে। ফৌজিয়া বলে যান, ‘তখন আমার চোখ খুলে গেল। নানা প্রশ্ন জাগল মনে। কোনো দিন আমি আমার নানুর কাছে তাঁর যুদ্ধদিনের কথা শুনতে চাইনি। তখন তাঁর অভিজ্ঞতার গল্প শুনলাম। বিস্মৃত হতে হলো তাঁর কথা শুনে।’ ফৌজিয়া এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। গ্রামের একাত্তর বইয়ের কাজে শুরুতে তিনি জরিপ পর্যালোচনার কাজ করেছেন, কতভাবে এই অভিজ্ঞতা ভাগ করা যায় তার ভাগ করেছেন।

জাকির হোসেন এ কাজে জড়িয়েছেন ২০১৫ সালে। তিনি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়তেন। তাঁর শিক্ষকের মাধ্যমে আফসান চৌধুরীর সঙ্গে পরিচয়। তথ্য সংগ্রাহক ও গবেষক হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগিশো, পালশা, বেলঘড়িয়াসহ আরও কয়েকটি গ্রাম ঘুরেছেন তিনি। শুনেছেন অনেক মানুষের জীবনকথা। ২০১৬ সালের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে থিতু হন ঢাকায়। তারপরই সম্পাদনার কাজে যুক্ত হন।

এই দুই তরুণের গল্পে, আড্ডায়, ভাবনায় শুধুই মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। সেদিনও তাই আলাপের পুরোটাজুড়ে থাকল মুক্তিযুদ্ধ, প্রান্তজনের জীবনযাপন, বীরত্ব আর নির্যাতিত মানুষের দুঃখগাথা। কাজটি তাঁদের কাছে আবেগের, সম্মানের। দুজনই অপেক্ষা করছেন ছাপা হরফে সাধারণ মানুষের গল্পগুলো দেখার। তাদের সঙ্গে আমাদেরও গ্রামের একাত্তর বইয়ের অপেক্ষায় থাকতে হবে আরও কয়েক মাস।