মলিন শৈশবে একটুখানি রং

সচ্ছল পরিবারের শিশুরা জন্মমুহূর্ত থেকেই না চাইতে পেয়ে যায় রকমারি খেলনা। তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শৈশবের নির্মল আনন্দের স্মৃতিমাখা পুরোনো খেলনাগুলো অবহেলায় পড়ে থাকে ঘরের কোনায়, খাটের তলায়, স্টোররুমের জঞ্জালে কিংবা চলে যায় আবর্জনার স্তূপে। অন্যদিেক বস্তি বা কুঁড়েঘরে দারিদ্র্যে বেড়ে ওঠা শিশুদের তো মৌলিক চাহিদাগুলোই ঠিকমতো পূরণ হয় না, খেলনা তাদের জীবনে বিলাসিতামাত্র। এই সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দময় শৈশব উপহার দিতে পুরোনো খেলনা সংগ্রহ করে বিতরণের উদ্যোগ নিয়েছে ‘টয়েজ-আর-ইয়োর্স’।

তোমাদের জন্য খেলনা
ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘এক্স ক্যাডেটস ফোরাম’-এর উদ্যোগে টয়েজ-আর-ইয়োর্স জন্ম নেয় বছর দুয়েক আগে। শুরুতে এর সদস্যরা নিজেদের চেনা পরিসরে আত্মীয়-বন্ধুদের বাসায় পড়ে থাকা পুরোনো খেলনা সংগ্রহ করে ঘষে-মেজে, মেরামত করে ছিন্নমূল শিশুদের মধ্যে বিতরণ শুরু করেন। খেলনা হাতে নিয়ে শিশুদের হাসিমুখ দারুণভাবে উদ্বুদ্ধ করে তাঁদের। ধীরে ধীরে বিভিন্ন স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন, করপোরেট প্রতিষ্ঠানের এগিয়ে আসার মাধ্যমে বিস্তৃত হয় টয়েজ-আর-ইয়োর্সের কার্যক্রম। সদস্যরা যুক্ত থাকেন মূলত ফেসবুক পেজের মাধ্যমে। পুরোনো খেলনা ও গল্পের বই সংগ্রহের জন্য স্কুল প্রাঙ্গণে, অফিস চত্বরে রাখা হয় নির্ধারিত বাক্স। সারা দেশে রয়েছে পুরোনো খেলনা সংগ্রহের ২৯টি পয়েন্ট।

সবার হাতে পৌঁছে যাবে বই ও খেলনা
শুরুটা কেবল খেলনা দিয়ে হলেও গল্পের বই বিতরণের কর্মসূচি যোগ হয় চলতি বছর। দুই বছরের যাত্রায় টয়েজ-আর-ইয়োর্স প্রায় আট হাজার শিশুর হাতে খেলনা ও গল্পের বই তুলে দিয়েছে। কিশোরগঞ্জের কুলিয়ারচর, রাঙামাটির মারিষ্যা বা পিরোজপুরের কচা নদীতে জেগে ওঠা প্রত্যন্ত চরাঞ্চলের শিশুরাও পেয়েছে এসব খেলনা। এ বছর আরও পাঁচ হাজার শিশুকে বই ও খেলনা উপহার দেওয়ার পরিকল্পনা তাদের।

খুদে স্বেচ্ছাসেবী
ঢাকার রায়েরবাজারে স্পৃহা নামের পথশিশুদের স্কুলে টয়েজ-আর-ইয়োর্সের খেলনা ও গল্পের বই বিতরণের আয়োজনে সাত বছর বয়সী রাইয়ানকে নিয়ে এসেছিলেন তার বাবা সুলতান আহমেদ। বললেন, ‘ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি, যেন ওর বয়সীদের জন্য কিছু করার মধ্য দিয়ে ওর ভেতরে মানবিকতাবোধ গড়ে ওঠে, মানুষের জন্য কিছু করার ইচ্ছা জাগে।’
সংগঠকদের কথা
সংগঠনের আহ্বায়ক ফিদা হক বললেন, ‘আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্যোগটা নিয়েছি। সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য, শিক্ষা নিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বেশ প্রশংসনীয় কিছু কাজ করছে, কিন্তু তাদের মানসিক বিকাশের দিকটা আড়ালে থেকে যাচ্ছে। আমাদের এই উদ্যোগ সে জন্যই নেওয়া।’
আরেক সংগঠক তারিকুল হক জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা—‘এ বছর আমাদের কাছে ১৫টি স্কুল ও প্রতিষ্ঠানের তালিকা আছে, যারা দরিদ্র শিশুদের নিয়ে কাজ করছে। সেখানে আমরা আমাদের সংগৃহীত খেলনাগুলো বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। যাঁরা পুরোনো খেলনা, বই বা আর্থিক সাহায্য দিয়ে টয়েজ-আর-ইয়োর্সের পাশে থাকতে চান, তাঁদের সুবিধার্থে Toys-R-Yours নামের একটি অ্যাপ তৈরি করা হয়েছে।’
হাত বাড়িয়ে দাও
টয়েজ-আর-ইয়োর্সের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এর প্রচারণায় অংশ নিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম, তাসকিন, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, তাহসান, সামিনা চৌধুরী, ব্যান্ড দল শিরোনামহীন, মডেল পিয়াসহ অনেক তারকা। তাঁরা পুরোনো খেলনা বিলিয়ে দিতে আহ্বান জানিয়েছেন তাঁদের ভক্তদের।
এই উদ্যোগ নিয়ে তাহসান খান বলেন, ‘টয়েজ-আর-ইয়োর্সের ধারণা আমার ভালো লাগার কারণ আমি একজন বাবা। মেয়ের পূর্ণাঙ্গ বিকাশের জন্য দরকারি সব ধরনের সুযোগ-সুবিধার দিকে নজর রাখি। কিন্তু আমাদের দেশের অনেক শিশুই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই ওদের জীবনে খেলনা বা গল্পের বইয়ের প্রয়োজনীয়তার দিকটা নিয়ে আমরা ভাবি না। অথচ মানসিক বিকাশের জন্য এসব খুব গুরুত্বপূর্ণ। তাই আমি শুরু থেকেই টয়েজ-আর-ইয়োর্সের পাশে আছি, সামনেও থাকব।’
টয়েজ-আর-ইয়োর্সের প্রচারণার জন্য নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রতনের গল্প ফেসবুক ও ইউটিউবে বেশ সাড়া ফেলেছে।
রঙিন শৈশবের হাতছানি
অদূর ভবিষ্যতে বাংলাদেশের সব শিশুর জীবন সৌন্দর্য ও আনন্দের স্পর্শে রঙিন করে তোলার স্বপ্ন দেখে টয়েজ-আর-ইয়োর্স। শিশুদের জন্য কিছু করার আন্দোলন ছড়িয়ে দিতে চায় দেশের আনাচে-কানাচে।