মশক ও মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশক আসিয়া এমন কামড়

দিল আতিকের গায়

কামড়ের চোটে পড়িল আতিক

চিক্কুনগুনিয়ায়৷

জ্বরে পড়ে হায় রাত্রে বেচারা

বিষম ব্যথায় জাগে,

মেগা কিনে নিয়ে এ খবরখানা

ফেসবুকে দিল আগে৷

পোস্টে পড়িল লাইকের ঢল,

কমেন্টও দিনরাত—

‘তুমি কেন ভাই, ছেড়ে দিলে তারে

তোমার কি নাই হাত?’

স্যাড ইমো দিয়া আতিক কহিল,

‘ভাই রে কাঁদালি মোরে,

হাত আছে বলে মশকেরে আমি

থাপড়াইব কী করে?

মশকের পেটে মানুষের ব্লাড

তাই আমি অসহায়

মানব-হস্তে মানব-রক্ত

ঝরানো কি শোভা পায়?’

এ পোস্ট দেখিয়া মশকনিধনে

ব্যর্থ মেয়র কয়,

আতিকের মতো এ সিটিবাসীর

কবে হবে বোধোদয়!