মশা থেকে রেহাই পেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে-বাইরে মশার উপদ্রব খুব বেড়ে গেছে। মশা থেকেই হতে পারে নানা রোগের সংক্রমণ। মশার উপদ্রব থেকে কীভাবে রেহাই পাওয়া যায় সে বিষয়ে পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া। সন্ধ্যা হলে ধূপ জ্বালিয়ে ঘরের এক মাথা থেকে অন্য মাথায় গিয়ে সব রুমে ধোঁয়া দিলে মশার উপদ্রব কম থাকে। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে দরজা-জানালা বন্ধ করে দিতে হবে। কারণ, মশা অন্ধকার থেকে আলোতে যায়। তাই অন্ধকার নামার আগেই ঘরের সব দরজা-জানালা বন্ধ করে দিতে হবে। আবার সকালের আলো ফুটলেই ঘরের দরজা-জানালা সব খুলে দিতে হবে।  গাছের গোড়ায়, প্লাস্টিকের ভাঙা বাটি, ঘরে জমানো অব্যবহূত সামগ্রীতে অনেক সময় পানি জমে থাকে। এতে এডিস মশা ডিম পাড়ে। এ জন্য প্রতিদিন ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সাধারণত আমরা যেসব স্প্রে ও কয়েল ব্যবহার করি, এর ব্যবহারে একটু সতর্ক থাকতে হবে। ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘরের কোনায় স্প্রে করতে হবে। স্প্রে করার সময় নাক বন্ধ করে ছাদের দিকে স্প্রে করতে হবে, যেন স্প্রেটা ওপর থেকে নিচে পড়ে। স্প্রে করার পর অন্তত পাঁচ মিনিট ঘর বন্ধ করে রাখতে হবে। এরপর ফ্যান ছেড়ে দিলে স্প্রের গন্ধ চলে যাবে।মশার উপদ্রব যেন না বাড়ে সে ক্ষেত্রে আরও কিছু পরামর্শ দিয়েছেন কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদার।জেনে নিন যেখানে-সেখানে মশা যেন বংশবিস্তার করতে না পারে, সে জন্য জলাবদ্ধ পানি, ডোবার পানি, পচা নর্দমা, ভাঙা পাত্রের পানি, নারকেলের খোসা, বাগানের আগাছা, কচুরিপানা, ডোবা সব সময় পরিষ্কার রাখতে হবে। অনেক সময় ময়লা-আবর্জনা জমে থাকার স্থান, দুর্গন্ধময় স্থান কিংবা অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশা দ্রুত বংশবিস্তার করে। এসব স্থান সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরবাড়ি বানানোর সময় এমন ব্যবস্থা করতে হবে, যাতে ঘরে আলো-বাতাস ও রোদ প্রবেশ করার ব্যবস্থা থাকে। এতে মশার উপদ্রব কম থাকবে। বাড়ির পাশের পুকুরে স্থানীয় কিছু মাছ—যেমন, শিং মাছ চাষ করলে এগুলো অনেক সময় মশা-পোকা খেয়ে ফেলে। ফলে মশা বংশবিস্তার করতে পারে না। আবার মশা নিধনের জন্য যেসব কীটনাশক ব্যবহার করা হয়, এগুলো ব্যবহারে আপাতদৃষ্টিতে মশা নিধন হলেও তা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে এসব কীটনাশক কম তীব্র হলে ব্যবহার করা যায়। এখন অনেক বাসাবাড়িতে মশারি না টানিয়ে দু-তিনটি কয়েল জ্বালিয়ে রেখে কিংবা স্প্রে করে রাত কাটিয়ে দেয় মশা থেকে রেহাই পাওয়ার জন্য। কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর চেয়ে মশারি টানিয়ে ঘুমানো অনেক নিরাপদ।এখন বাজারে কিছু বিশেষ মশারি পাওয়া যায়, এসব ব্যবহার করা যেতে পারে কিংবা মশা মারার ব্যাটও ব্যবহার করা যেতে পারে মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। মশার হাত থেকে একেবারে রক্ষা পাওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু একটু সচেতন থাকলে মশার আক্রমণ থেকে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে।