আক্রমণ আর কামড়ানোর ধরন দেখে মশাদের পরিচয় জানাচ্ছেন মশার জ্বালায় অতিষ্ঠ লেখক মো. মিকসেতু

আল-কায়েদা মশা
এ-জাতীয় মশা চোরাগোপ্তা হামলা চালাতে ওস্তাদ। এরা আপনার আশপাশেই লুকিয়ে থাকে, সুযোগ পেলেই একযোগে এসে হামলা চালিয়ে আবার লুকিয়ে পড়ে। কামড় খেয়ে মশা মারতে যাবেন, দেখবেন, আশপাশে কোথাও কোনো মশা নেই।

বড় ছেলে মশা
এরা খুব অভাবী ধরনের মশা। বড় মশা হওয়ার কারণে সংসারের বোঝা একাই টানতে হয়। শুধু নিজের চাহিদা অনুযায়ী রক্ত পান করলেই হয় না। পরিবারের বাকি সদস্যদের কথাও এদের ভাবতে হয়। এরা অনেক লম্বা সময় নিয়ে কামড়ায়। একবার কামড় বসালে আর ছাড়তে চায় না। চড়-থাপ্পড় দিলে সহজেই মারা পড়ে। বড় ছেলেদের মতোই এরা পরিবারের বাকিদের কথা ভেবে নিজেকে উৎসর্গ করে বারবার।

ভাই মশা
শহরের বিভিন্ন গলি দখল করা কিছু ক্যাডার বা ভাই থাকে। দু–একবার জেল খেটে এসে নিজ এলাকায় ত্রাস ছড়ায়। ক্যাডার মশারাও এ রকম। অপারেশনে গিয়ে ডানা বা পা হারিয়ে ফেললেও সাহস হারায় না। এরা দল বা সংঘে বিশ্বাসী নয়। একা কামড়াতে ভালোবাসে। এদের চাহিদা থাকে কম। কোনো রকমে দু-একটা ছোটখাটো ছিনতাই (কামড়) করতে পারলেই খুশি মনে বাকি দিন পার করে।

বাংলা ভাই মশা
শায়খ আবদুর রহমান ওরফে বাংলা ভাইয়ের সিরিজ বোমা হামলার মতো এই মশারাও সিরিজ আক্রমণ চালায়। কেউ হাতে বসে, কেউ পায়ে বসে। বসেই কামড়ানো শুরু করে না। বাকি মশাদেরও শরীরের বিভিন্ন অঙ্গে পজিশন নেওয়ার সময় দেয়। সবাই যে যার মতো পজিশন নিলে একযোগে কামড়ানো শুরু করে।
দার্শনিক মশা
এই মশারা খানিকটা উদাসীন প্রকৃতির হয়। জীবনের প্রতি খুব একটা মায়া নেই এদের, যেন বাঁচলেই কী, মরলেই কী! সব সময় মানুষের নাগালের মধ্যে ওড়াউড়ি করে। শরীরের কোনো অঙ্গে বসলেও কামড়ায় না। বসার ভঙ্গি দেখলে মনে হয় গভীর কোনো দর্শন খুঁজে পেয়ে নিবিষ্ট মনে চিন্তাভাবনা করছে। চিন্তাভাবনার ফাঁকে কখনো কখনো গুনগুন করে গানও গায়।