মশা মারতে কামান নয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে এল শীতকাল, সঙ্গে এল মশার ভর মৌসুম। মশার গুনগুন আর কোমল ছোঁয়ায় কাটছে আমাদের দিন আর রাত। এত সুখ আমাদের সয় না। তাই মশা মারার কার্যকর কিছু উপায় ব্যবহার করে আপনি হয়ে উঠতে পারেন পরিবারের সবচেয়ে বুদ্ধিমান সদস্য। উঠে যেতে পারে অপদার্থের তকমা। তেমন কিছু উপায়

বাতলে দিচ্ছেন জান্নাতুলতন্বী

* রুমে মশা মারার বিষ স্প্রে করুন। কিছুক্ষণ পর দেখবেন, মশা অজ্ঞান হয়ে এখানে-সেখানে পড়ে আছে। রুমে ঢুকে গলা টিপে টিপে মৃত্যু নিশ্চিত করুন। আইন নিজ হাতে তুলে নিতে না চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য নিন।

* বাসার ওয়াই-ফাই পাবলিক করে দিন। ফ্রি ওয়াই-ফাই পেয়ে মশারা কামড়ানো ভুলে গিয়ে ইন্টারনেট চালানো শুরু করে দেবে। তারপর আপনার ওয়াই-ফাইয়ের সর্বোচ্চ স্লো স্পিডের প্যাঁচে পড়ে একটা পেজও লোড করতে না পেরে শোকে-দুঃখে আত্মহত্যা করবে মশারা।

* কবজিতে পিন ফুটিয়ে রক্ত বের করে বসে থাকুন। রক্তের ঘ্রাণ ছড়িয়ে পড়লে মশা আপনার কবজিতে বসলে মেরে তক্তা বানান। এক ঢিলে একাধিক পাখি মারতে চাইলে পিন ফোটাতে ফোটাতে আপনার প্রেমিকা/প্রেমিকের নামের প্রথম অক্ষর লিখে ফেলতে পারেন।

* যেহেতু পড়তে বসলেই মশা বেশি কামড়ায়, তাই একটা খটমটে বই নিয়ে বসে থাকার ভান করুন। খেয়াল রাখবেন, বইটা যেন মোটা হয়। শরীরে মশা বসামাত্র বইটা দিয়ে ধা করে বসিয়ে দিন কয়েক ঘা!

* একটু বেখেয়াল হলেই মশা আপনার উর্বর শরীরে হানা দেয়? কোনো সমস্যাই না সেটা, কালো চশমা পরে বসে থাকুন। মশা তার স্ট্র রেডি করার আগেই গুম করে ফেলুন। এই কাজ আপনার বাসার মেইন গেটে বসেও করতে পারেন, মশা আর ভেতরে ঢোকার সাহস পাবে না।

* টিভিতে ফুল ভলিউমে বাংলাদেশি চ্যানেলের টক শো চালিয়ে কানে হেডফোন লাগিয়ে ঝিমাতে থাকুন। টক শোর আক্রমণাত্মক কথাবার্তা শুনে মশারা হার্টফেল করতে বাধ্য।