আয়েশ করে টেলিভিশন দেখছিলেন তিনি। কিন্তু বারবার কামড় বসিয়ে বিরক্ত করছিল মশা। আর সবাই যা করেন, তিনিও সেটাই করলেন। এক চড়ে মেরে ফেললেন মশাটাকে। হয়তো একটু বেশিই বিরক্ত হয়েছিলেন তিনি। মৃত মশার ছবি পোস্ট করে টুইট করলেন। আর এতেই ঘটল বিপত্তিটা। টুইটারে তাঁর অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে গেল।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ব্যবহারকারী জাপানের এক নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞা নেমে এসেছে। তাঁর বিরুদ্ধে
অভিযোগ, তিনি মশার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছেন।
গত ২০ আগস্টের ঘটনা এটি। ‘নেমুইসমাইওয়াইফ’ নাম দিয়ে টুইটারে অ্যাকাউন্ট খোলা ওই ব্যক্তি টেলিভিশন দেখছিলেন। মশার কামড়ে বিরক্ত হয়ে তিনি টুইট করেন, ‘যখন আমি আয়েশ করে টিভি দেখছি, তখন আমাকে কামড়ে পালিয়ে যাবে কোথায়? মর! (প্রকৃতপক্ষে তুমি মরেই গেছ)।’ এই টুইটের সঙ্গে মৃত মশার একটি ছবিও পোস্ট করেন তিনি। এর কিছু পরই টুইটারের পক্ষ থেকে একটি বার্তা পান ওই ব্যবহারকারী। এতে জানানো হয়, তাঁর অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
পরে ওই ব্যবহারকারী ‘ডেড্রিমমাচা’ নামে আরেকটি অ্যাকাউন্ট খুলে বিষয়টি সবাইকে জানান এবং টুইটার কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি লেখেন, ‘একটি মশা মেরেছি বলে আমার আগের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।’ তাঁর এই টুইট এতটাই ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলে যে তা ৩১ হাজার বার শেয়ার করা হয়েছে। লাইক পড়েছে ২৭ হাজার বার।
অনলাইনে অপব্যবহার ও হয়রানি বন্ধে টুইটার বেশ কিছু নিয়ম মেনে চলে। সহিংসতা রোধে এই পদক্ষেপ কার্যকর হলেও কেউ কেউ অভিযোগ তুলেছেন, টুইটারের এই বিষয়টি কোনো মানুষ নয়, স্বয়ংক্রিয় প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হয়।
মার্কিন ব্যবসায়িক সাময়িকী ফরচুনও এক প্রতিবেদনে জানিয়েছিল, অপমানকর আচরণ শনাক্ত করতে টুইটার একটি প্রোগ্রাম ব্যবহার করছে। এই প্রোগ্রাম আক্রমণাত্মক শব্দ চিহ্নিত করতে পারে।