
ছোটবেলায় শীতকালে গ্রামে যেতাম। এখন আর যাই না। কারণ হলো মশাতঙ্ক আর জলাতঙ্ক! না, কুকুরের তেমন উপদ্রব ছিল না গ্রামে! পানির আতঙ্কেই যাই না! গ্রামের পানি এত ঠান্ডা যে তার চেয়ে ফ্রিজের হিমশীতল পানিতে গোসল করাও ভালো! আর গ্রামের মশাগুলোও আমাকে যেন ঠিক চেনে না! গেলেই এমন ব্যবহার করে, মনে হয় আমি ওদের জাতশত্রু! আরে ভাই, আমি তো তোদের অতিথি! একটু সম্মান তো পেতেই পারি! তা নয়, খালি আমার রক্তের ব্যাংকে ডাকাতি করে! এই রক্তগুলো থাকলে বেশি বেশি শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারতাম। তার পরও কদিন আগে গ্রামে গেলাম। গিয়েই পড়লাম ওই মশার পাল্লায়। শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অনেক কষ্টে পাকড়াও করলাম একটা জ্যান্ত নাদুসনুদুস মশা। মশাটাকে কৌটায় বন্দী করে ফার্মেসিতে গেলাম, নিয়ে এলাম একটা সিরিঞ্জ! মনে হলো ইস! যদি এই সিরিঞ্জটা িদয়ে আস্তে আস্তে ওর পেট থেকে বের করে নিতে পারতাম সব রক্ত! তাহলে ব্যাটাকে বোঝাতে পারতাম আমাদের কত কষ্ট হয়!
তানভীর সিদ্দিক
খুলনা জিলা স্কুল, খুলনা