হে ছিদ্রান্বেষী
আপনি বড়ই বেলেহাজ প্রজাতির প্রাণী। কারণ আপনি সব সময় ছিদ্র অন্বেষণ করেন। ছিদ্রান্বেষণ মানে অপরের দোষ খোঁজা—আপনার ক্ষেত্রে এই অর্থটি প্রযোজ্য নয়। আপনি প্রকৃত অর্থেই ছিদ্রান্বেষী। আপনি মশারির ছিদ্র অন্বেষণ করেন। ছোটখাটো বা মাঝারি আকারের ছিদ্র পেলেই সাঁই করে ঢুকে পড়েন এবং রক্ত খাওয়ার আগে আরও একটি ছিদ্র অন্বেষণ করেন। সেটা হচ্ছে মানুষের শরীরের লোমকুপের ছিদ্র। আপনার এই ছিদ্রান্বেষণে সমগ্র জাতি ত্যক্ত, বিরক্ত।
হে সংগীতের বারোটা বাজনেওয়ালা
আপনার জন্য ‘অনুরোধের আসর’ কিংবা ‘গানের ডালি’র আয়োজন করতে হয় না। আপনি মানুষের কানের কাছে গিয়ে শুরু করে দেন গান। কিন্তু এই গান কোনো ক্যাটাগরিতে পড়ে না। আর ক্যাটাগরিতে পড়ে না বলেই আপনি শুরু করার সঙ্গে সঙ্গে পাবলিক আপনাকে থাবড়া মারে। তাতেও আপনার লাজ হয় না। আপনি সুযোগ পেলেই গানে টান দেন আর গানের বারোটা বাজান। গান নিয়ে এই তামাশা করার কারণে প্রকৃত সংগীতপ্রেমীরা আপনাকে কখনো ক্ষমা করবে, এমনটা না ভাবাই ভালো।
হে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নদ্রষ্টা
বিষয়টা মনুষ্য সমাজে সেভাবে প্রকাশিত নয়। তবে আপনাদের ভাবভঙ্গিমা দেখে এক-আধটু অনুমান করা যায়। বিষয়টা হচ্ছে, আপনারা নাকি নিজেদের হাতির সমমর্যাদার প্রাণী বলে মনে করেন। কারণ হাতির শুঁড় আছে, আপনাদেরও শুঁড় আছে। সত্যিই যদি আপনাদের মধ্যে এই ধারণাটা পাকাপোক্ত হয়ে যায় যে আপনারা হাতির সমমর্যাদার, তাহলে এটা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো ব্যাপার তো হবেই, এমনকি অনেক মানুষ শুধু হাসতে হাসতে মারা যাবে আপনাদের আহাম্মকি দেখে।
হে পেট-ব্যাক্কল
জানি না ‘পেট-ব্যাক্কল’-এর মানে আপনারা বোঝেন কি না। না বুঝলে বুঝিয়ে দিচ্ছি। নিজের পেটের সাইজ বুঝে যে খেতে জানে না বরং বোকামি করে বেশি খেয়ে বিপদে পড়ে, তাকেই পেট-ব্যাক্কল বলা হয়। আপনারা পেট-ব্যাক্কল এ জন্য যে আপনারা মাঝেমধ্যে বেশি রক্ত খাওয়ার কারণে নড়াচড়া বা ওড়ার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেন। তখন মানুষের থাবড়া খেয়ে মরেন। আপনাদের এই পেট-ব্যাক্কল স্বভাবের জন্য আপনারা দিনের পর দিন ‘নাই’ হতে থাকুন, এই অশুভ কামনাই করি।
হে অপরিকল্পিত পরিবারের পথিকৃৎ
সারা দেশ যখন পরিকল্পিত পরিবারের দিকে ঝুঁকছে, আপনারা তখন আছেন অপরিকল্পিত পরিবারের তালে। ফুলের টব, নারকেলের খোসা এমনকি পারলে মানুষের চোখে জমে থাকা পানিতেও ডিম পাড়েন! একটু গরমে সাধের মুরগির ডিম নষ্ট হতে পারে, কিন্তু আপনাদের একটা ডিমও নষ্ট হয় না। এক ডিম থেকে একাধিক বাচ্চা ফোটে কি না, সেটাও একটা গবেষণার বিষয়। ফলে আপনারা নিজেরাও জানেন না, আপনাদের বাচ্চা-কাচ্চার সংখ্যা কত! দয়া করে একবার মশাশুমারি করুন এবং জন্মনিবন্ধন করিয়ে নিন।