মশার উৎপাত কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশার উৎপাত নিয়ে প্রশ্ন করতেই পাল্টা প্রশ্ন ছুড়ে নগরের চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, ‘সিটি করপোরেশনের কালো তেল (লার্ভিসাইড) দিয়ে মশা মরে? তাহলে এত মশা আসে কোত্থেকে?’ ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান একই প্রসঙ্গে বলেন, ‘কালো তেল দিয়ে মশা মরে না; বরং মোটাতাজা হয়। অ্যাডল্টিসাইড বা পাওয়ার স্প্রে করলে মশার জ্বালা কমে।’ মশার উৎপাত নিয়ে একাধিক কাউন্সিলরের বক্তব্য ছিল প্রায় অভিন্ন। তাঁরা বলেছেন, সিটি করপোরেশন মশা নিধনের জন্য লার্ভিসাইড বা কালো তেল ছিটালেও মশার উৎপাত কমছে না। ফলে নগরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে। কাউন্সিলরদের মতো নগরবাসীর অভিযোগও একই রকম। বাকলিয়া ডিসি সড়কের বাসিন্দা গৃহবধূ ফাতেমা আফরোজ বলেন, ‘কালেভদ্রে করপোরেশনের লোক এসে স্প্রে মেশিন দিয়ে লার্ভিসাইড ছিটায়। কিন্তু মশার জ্বালায় তো আর বাঁচি না।’ পাঁচলাইশ ওয়ার্ডের শহীদ নগরের জুট ব্যবসায়ী মনজুর আলম বলেন, ‘মশারি দিয়েও মশার উৎপাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। মশার কামড়ে আমার ছোট ছেলে রাফাত ইয়াসির (৮) ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে (গত ১৮ থেকে ২৬ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ইউনিটে আট দিন ভর্তি ছিল।’ মশা নিধনে লার্ভিসাইড কার্যকর ওষুধ নয়—কাউন্সিলরদের এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিটি মেয়র মনজুর আলম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি খোঁজখবর নেব। কার্যকর না হলে মশা নিধনে কার্যকর ওষুধ ছিটানো হবে।’ মশা নিধনে কার্যকর ওষুধ প্রয়োগ এবং জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। বিশেষজ্ঞ চিকিৎসক প্রণব কুমার চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘লার্ভিসাইডের চেয়ে পাওয়ার স্প্রে বা অ্যাডল্টিসাইড অধিক কার্যকর। জনস্বাস্থ্যকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ থেকে মুক্ত রাখতে হলে কার্যকর ওষুধ ছিটিয়ে মশক নিধন কার্যক্রমের বিকল্প নেই। আবার বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও নগরবাসী এড়াতে পারে না।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজারে এখন মেডিকেটেড মসকুইটো নেট বা ওষুধমিশ্রিত মশারি পাওয়া যাচ্ছে। এটি ব্যবহার করা উচিত।’ সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকীকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিভিন্ন ওয়ার্ডে চলমান মশক নিধন কার্যক্রমে ব্যবহূত লার্ভিসাইড কার্যকর ওষুধ বলে দাবি করেন। তিনি বলেন, ‘লার্ভিসাইড মশার ডিম ফোটা বা মশার জন্মরোধ করতে সক্ষম।’সূত্র জানায়, প্রায় দুই মাস আগে সিটি করপোরেশন মশক নিধনে ‘বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করে। ৪১টি ওয়ার্ডের মধ্যে গড়ে সাতটিতে প্রতিদিন লার্ভিসাইড ছিটানো হচ্ছে। এ ওষুধ ছিটানোর জন্য করপোরেশনের রয়েছে ৮৪ জন লোক। তাঁরা ১২ জন করে এক একটি ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘মশা নিধনে লার্ভিসাইডের চেয়ে পাওয়ার বেশি কার্যকর। তবে এটি ব্যয়বহুল।’ সূত্র আরও জানায়, পাওয়ার স্প্রে (অ্যাডাল্টিসাইড) ছিটানোর জন্য পর্যাপ্ত ফগার মেশিন সিটি করপোরেশনে নেই। বর্তমানে চার-পাঁচটি ফগার মেশিন রয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে নগরে মশার উৎপাত বেড়ে যাওয়ায় শান্তিতে নেই নগরবাসী। বিশেষ করে রাতে মশার উৎপাত বেশি। চকবাজার এলাকার বাসিন্দা নওয়াজেশ আহমদ বলেন, ‘বাসার পেছনে চাক্তাই খাল। কয়েক মাস আগে এ খাল পরিষ্কার করলেও এখন আবর্জনায় ভরে গেছে। সেখানে সিটি করপোরেশনের লোকজনকে খুব একটা ওষুধ ছিটাতে দেখা যায় না।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক ও দুই নম্বর মেডিসিন ইউনিটে গত রোববার খোঁজ নিয়ে জানা যায়, গত তিন সপ্তাহে এক নম্বর ইউনিটে দুইজন, দুই নম্বর ইউনিটে চারজন রোগী জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়। এঁদের মধ্যে রক্ত পরীক্ষা করে একজনের (সোমা তালুকদার) শরীরে ম্যালেরিয়ার জীবাণু শনাক্ত হয়। জানা গেছে ম্যালেরিয়ায় আক্রান্ত এ রোগীর বাড়ি-নগরের চান্দগাঁও ফরিদার পাড়ায়। সিটি করপোরেশনের একজন কর্মকর্তা বলেন, ‘চান্দগাঁও, বাকলিয়া, জালালাবাদ, মোহরা ওয়ার্ডসহ আরও কয়েকটি এলাকায় অসংখ্য পুকুর-দিঘি ও ডোবা রয়েছে। এগুলো পরিষ্কার করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের বার বার নোটিশ দিয়েও ফল হচ্ছে না। এ পর্যন্ত মজা পুকুর, ডোবা পরিষ্কার না করায় ৫০-৬০ জন মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ’