মশার উৎপাত সহনীয় পর্যায়ে আনার উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশার কামড় খেতে খেতে লিখেছেন আশফাকুর রহমান

*  মশাদের জন্যও পরিবার পরিকল্পনার ব্যবস্থা করতে হবে। ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ নীতিটি মশাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

*  শিক্ষাই জাতির মেরুদণ্ড। অমেরুদণ্ডী মশক জাতি যে শিক্ষার অভাবে জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়ছে, সেই বোধটা সব মশার মধ্যে সৃষ্টি করতে হবে। সরকারি উদ্যোগে দেশীয় শিক্ষা পদ্ধতিতে মশাদের শিক্ষার আওতায় নিয়ে আসাও জরুরি। আমাদের শিক্ষাব্যবস্থার আওতায় এলে মশারা একটা সময় হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেবে নিশ্চিত।

*  মশাদের স্বাস্থ্যসচেতন করতে হবে। তাদের জানাতে হবে, শরীর ঠিক রাখতে হলে ফলমূল, শাকসবজির বিকল্প নেই। সঙ্গে পরামর্শ দিতে হবে, আরাম-আয়েশে ওড়াউড়ি বাদ দিয়ে নিয়মিত হাঁটা এবং সাঁতার কাটা প্রয়োজন। এই কথায় অনুপ্রাণিত হয়ে যেসব মশা স্বাস্থ্যসচেতন হবে, তাদের কিছুটা ছাড় হিসেবে দাওয়াত বা উৎসবের সময় মানুষের রক্ত খাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।

*  যে হারে মশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তাতে ‘মশার কাজ মশা করেছে, কামড় দিয়েছে গায়/ মশার গায়ে কামড়ানো কিরে মানুষের শোভা পায়?’ নীতি থেকে সরে আসতে হবে। মশা কাউকে কামড় দিলে তার উচিত হবে মশাকে পাল্টা কামড়ে দেওয়া। ফলে সেই মশার কামড় থেকে অন্য মানুষগুলো অন্তত রেহাই পাবে।

*  মশার প্রথম পছন্দ মহিষের রক্ত, তারপর গরুর রক্ত, মানুষের রক্তের অবস্থান তারও পরে। মশা মূলত গরু-মহিষ না পেয়ে বাধ্য হয়ে মানুষকে কামড়ায়। কাজেই এখন থেকে বাসাবাড়িতে গরু-মহিষদের সাবলেট হিসেবে ভাড়া দেওয়া যেতে পারে। এতে করে মানুষের ওপর থেকে মশার কামড়ের চাপ অনেকটাই কমে যাবে। তবে লক্ষ রাখতে হবে, বাড়ির মালিকেরা যাতে ব্যাচেলর গরু বা মহিষকে বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে আপত্তি না করেন।

*  যেসব মশা আমাদের কামড়ায় সেগুলো আসলে স্ত্রী মশা। বিষয়টি মাথায় রেখে বিদ্যুৎ-সংযোগের মাধ্যমে প্রতিটি মশার ঘরে ঘরে টিভি সেট পৌঁছে দিতে হবে। একবার টিভি সিরিয়ালে আসক্ত হয়ে গেলে মশকীরা মানুষকে কামড়ানো দূরে থাক, নিজেদের ছেলেমেয়ের নামই ভুলে যাবে।

*  মশা মূলত মানুষকে কামড়ায় ডিম পাড়া এবং বাচ্চা প্রতিপালনের জন্য। রাষ্ট্রীয়ভাবে যদি মশাদের উন্নতমানের ডিম সরবরাহ করা হয় এবং বাচ্চাগুলো প্রতিপালনের দায়িত্ব নেওয়া হয়, তাহলে আর মশারা মানুষকে কামড়াবে না। মশার তীব্র যন্ত্রণা থেকেও মানুষ নিস্তার পাবে সহজেই।