কোরবানির ঈদে বহুল ব্যবহূত বেশির ভাগ মসলার দাম এবার চড়া। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর গরম মসলার বাজারও অস্থির হয়ে ওঠে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই এক বছরের ব্যবধানে মসলার দাম বেড়েছে সর্বোচ্চ ১২৫ শতাংশ। মসলার দাম যে হারে বেড়েছে সে হারে অন্য কোনো ভোগ্যপণ্যের দাম বাড়েনি বলে টিসিবি সূত্রে জানা গেছে।টিসিবির হিসাবে দেখা গেছে, এক বছর আগে একই সময়ে চীন থেকে আমদানি করা রসুন বিক্রি হয় কেজিপ্রতি ৮০-৮৫ টাকায়। এক বছর পর একই রসুন বিক্রি হচ্ছে ১৪৫-১৬০ টাকায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ৮৫ শতাংশ। কোরবানির ঈদে বহুল ব্যবহূত হলুদের দাম বেড়েছে ১২৫ শতাংশ। এক বছর আগে কেজিপ্রতি হলুদ বিক্রি হয় ১৩০-১৫০ টাকা। এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৯০-৩৪০ টাকা। একইভাবে পেঁয়াজের দাম বেড়েছে ২৮ শতাংশ। সংশ্লিষ্ট লোকজন জানান, কোরবানির ঈদে পেঁয়াজ, রসুন, আদা ব্যবহার হয় সবচেয়ে বেশি। এ তিনটি পণ্যের দাম এবার খুব বেশি। কোরবানের ঈদের তিন সপ্তাহ আগেই এসব পণ্যের দাম কেজিপ্রতি বেড়েছে আট থেকে ১০ টাকা। চলতি মাসের প্রথমদিকে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হয় ৩০-৩৫ টাকা। এক সপ্তাহ পরে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়ায় কেজিপ্রতি ৪০-৪৫ টাকা। একইভাবে এক সপ্তাহের ব্যবধানে অন্যান্য মসলার দামও বেড়েছে কেজিপ্রতি ১০-২০ টাকা। রিয়াজউদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ী মো. ইউনুছ প্রথম আলোকে বলেন, ঈদের আগেই মসলার বাজার চড়ে গেছে। তবে সরবরাহ বাড়ায় কয়েকটি মসলার দাম কমেছে। পেঁয়াজ, আদা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ জায়ফলসহ কোরবানির ঈদে ব্যবহূত পণ্যের দাম কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে।পাইকারি ব্যবসায়ীরা জানান, মসলার বাজার বেশির ভাগই আমদানি নির্ভর। এ কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম বেড়ে গেছে। তবে চড়া দাম দেখে ব্যবসায়ীরা আমদানি বাড়িয়ে দেওয়ায় এলাচ ও জয়ত্রিকের দাম সামান্য কমেছে। এরপরও এসব মসলার দাম গতবারের চেয়ে অনেক বেশি বলে সংশ্লিষ্ট লোকজন জানান।পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদের আগেই এলাচের দাম ওঠে কেজিপ্রতি দুই হাজার ৮০০ টাকায়। একইভাবে জয়ত্রিক বিক্রি হয় কেজিপ্রতি তিন হাজার টাকায়। এসব মসলা আমদানি বেড়ে যাওয়ায় কিছুটা কমেছে পাইকারি বাজারে। কেজিপ্রতি এলাচ দুই হাজার টাকায় এবং জয়ত্রিক দুই হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। খুচরা বাজারে কেজিপ্রতি ১০০-২০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে এ দুটি পণ্য। কোরবানির ঈদে বহুল ব্যবহূত দারুচিনির দাম দুই সপ্তাহ আগে ছিল কেজিপ্রতি ১৬০-১৭০ টাকা। কোরবানির ঈদের দুই সপ্তাহ আগে দারুচিনির দাম বেড়ে দাঁড়ায় কেজিপ্রতি ১৯০ টাকা। খুচরায় কেজিপ্রতি দারুচিনি বিক্রি হচ্ছে ২০০ টাকা। একইভাবে কেজিপ্রতি লবঙ্গ ৭০০ টাকা, গোলমরিচ ৫০০ টাকা, মিষ্টি জিরা ১৫০ টাকা, চিকন জিরা ৩৪০-৩৫০ টাকা এবং জায়ফল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। খুচরায় এসব পণ্য কেজিপ্রতি ৫০ টাকা বেশি দরে বিক্রি হতে দেখা যায়।