আসছে কোরবানির ঈদ। ফলে বাড়ছে মসলার চাহিদাও। তবে চাহিদা বাড়লেও বাজারে মসলার সংকট নেই। বরং অন্য সময়ের চেয়ে সরবরাহ বেশি রয়েছে। এক বছরের ব্যবধানে মসলা আমদানি বেড়েছে ৩৮ শতাংশ।
তবে আন্তর্জাতিক বাজারের প্রভাবে তিনটি মসলা—জিরা, এলাচি ও জায়ফলের দাম বেড়েছে। আবার সরবরাহ বেশি থাকায় দারুচিনি ও মিষ্টি জিরার দাম কমেছে।
খাতুনগঞ্জ ঘুরে ও আমদানি তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, দাম ওঠানামা করলেও বাজারে মসলার সংকট নেই। সদ্য শেষ হওয়া অর্থবছরে বন্দর দিয়ে মসলা আমদানি বেড়েছে। বন্দর দিয়ে গত অর্থবছরে মরিচ, দারুচিনি, লবঙ্গ, জিরা, জায়ফল, এলাচি, ধনে, হলুদ ও অন্যান্য মসলা আমদানি হয় ৪০ হাজার ২২৯ টন। আগের অর্থবছরের চেয়ে এই হার ৩৮ শতাংশ বেশি। এর মধ্যে অর্থবছরের শেষ তিন মাসে আমদানি হয়েছে ১১ হাজার টন মসলা।
ব্যবসায়ীরা জানান, দেশে মসলার চাহিদা ৩০ থেকে ৩৫ টন। সেই হিসাবে সরবরাহ পর্যাপ্ত। এখন আন্তর্জাতিক বাজারে দাম না বাড়লে সংকটের কারণে মসলার দাম বাড়ার সুযোগ নেই।
খাতুনগঞ্জ ঘুরে দেখা যায়, বাজারে জিরা, এলাচি ও জায়ফল এই তিন ধরনের মসলার দাম বেড়েছে। ভারতীয় জিরার কেজি ২৯০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩১৫ থেকে ৩২০ টাকা। তুরস্ক থেকে আমদানি করা জিরা ৩২৫-৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে ভালো মানের জিরা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৬০ টাকা। এলাচি কেজিপ্রতি মানভেদে ৭৮০-৮০০ টাকা দরে বিক্রি হয়েছে দীর্ঘদিন। এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯২০ টাকা পর্যন্ত।
এ দুটি ছাড়াও জায়ফল কেজিপ্রতি ৪১০ থেকে বেড়ে ৪৭০ টাকায় উঠেছে। মাংস রান্নায় এ মসলা ব্যবহার হয়। অবশ্য এ মসলাটি খুব কম পরিমাণে ব্যবহার হয়। গত অর্থবছরে জায়ফল আমদানি হয় ১৯৭ টন।
মসলা আমদানিকারক সমিতির সহসভাপতি ও খাতুনগঞ্জের এ বি ট্রেডার্সের স্বত্বাধিকারী অমর কান্তি দাশ প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে গত দেড় মাসে জিরা ও এলাচির দাম বেড়েছে। এ কারণে বাজারে মসলা দুটির দাম বেড়েছে। তবে বাজারে মসলার সংকট নেই।
বাজারে তিনটি মসলার দাম বাড়লেও দুটির দাম কমেছে। এ দুটি হলো দারুচিনি ও মিষ্টি জিরা। দারুচিনি কেজিপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২১০ টাকায়। মিষ্টি জিরা কেজিপ্রতি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ২১৫-২২০ টাকা। সরবরাহ বেশি থাকায় চাহিদার সময়ও বাজারে এই দুটি মসলার দর পড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান।
বন্দর সূত্রে জানা গেছে, মসলার মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় জিরা। গত অর্থবছরে জিরা আমদানি বেড়েছে ৭৬ শতাংশ। গত অর্থবছর জিরা আমদানি হয় ১৩ হাজার ৩৩০ টন। এর মধ্যে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে আমদানি হয় সাড়ে তিন হাজার টন। জিরা সিংহভাগ আমদানি হয় ভারত ও তুরস্ক থেকে।
অন্যদিকে বন্দর দিয়ে সবচেয়ে বেশি বা ৯৯ শতাংশই এলাচি আমদানি হয় গুয়াতেমালা থেকে। বাকি এক শতাংশ ভারত, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে আমদানি হয়। তবে গুয়াতেমালার এলাচি আনা হয় দুবাইকেন্দ্রিক সরবরাহকারীদের কাছ থেকে। গত অর্থবছরে বন্দর দিয়ে তিন হাজার ৫৮৬ টন এলাচি আমদানি হয়। এক বছরের ব্যবধানে এই মসলা আমদানি বাড়ার হার ৩৩ শতাংশ। এর মধ্যে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসেই এসেছে ৯১৬ টন।
মসলা আমদানিকারক প্রতিষ্ঠান ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ প্রথম আলোকে জানান, গুয়াতেমালার এলাচির নতুন ফসল উঠবে অক্টোবরের দিকে। মৌসুমের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে এই মসলার দাম বেড়েছে। ভারতে কয়েকটি অঞ্চলে বন্যার কারণে জিরার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে এ দুটি মসলায় দর বেড়েছে আন্তর্জাতিক বাজারে। তবে আন্তর্জাতিক বাজার স্থিতিশীল এবং সরবরাহ বেশি থাকায় বাজারে যে দর পড়ে যায়, তার উদাহরণ দারুচিনি ও মিষ্টি জিরা। এই দুটি মসলার দর পড়েছে।