মসলিনার সাদা-কালো-লাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মসলিনার সাদা ক্যানভাস হোক বর্ণিল। ছবি: জিয়া ইসলাম
মসলিনার সাদা ক্যানভাস হোক বর্ণিল। ছবি: জিয়া ইসলাম

১২-১৩ বছর আগের এক রাতের ঘটনা। পাঁচ বছর বয়সী মেয়ে মসলিনা জাহানকে জড়িয়ে ধরে শুয়ে আছেন আখতার জাহান। শুয়ে থাকতে থাকতে কানে আসছে রাতজাগা পাখি আর ঝিঁঝি পোকার অবিরাম ডাক। হঠাৎ কী মনে হলো, আখতার জাহান উঠে বসলেন; মেয়েকেও ওঠালেন। ইশারায় বুঝিয়ে দিলেন, ‘আমার গলায় হাত রাখো।’ চোখে প্রশ্ন রেখে মসলিনা তা-ই করল। আখতার জাহানও হাত রাখলেন মেয়ের গলায়, ঠিক কণ্ঠনালির ওপরে।
তারপর বুকের গভীর থেকে উচ্চারণ করলেন, ‘মা’। এভাবে বারবার। কিছুই বুঝে উঠতে পারছে না মসলিনা। অবাক চোখে তাকিয়ে দেখছে মায়ের মুখ। মা ইশারায় বুঝিয়ে দিলেন, ‘আমি এখন কথা বলছি, মা বলে ডাকছি, তাই আমার গলা কাঁপছে।’ মেয়ের চোখে প্রশ্ন দেখে ব্যাখ্যা করলেন, ‘তুমিও এভাবে ডাকো। আমার গলা যেভাবে কাঁপে, তুমিও চেষ্টা করো এভাবে কাঁপাতে। দেখবে, তুমিও মা বলে ডাকতে পারছ।’ অনেক চেষ্টা করেও পারল না মসলিনা। এভাবে চলল রাতের পর রাত। তারপর? বলছিলেন আখতার জাহান, ‘তারপর একদিন ও সত্যি সত্যি মা ডাকতে পারল। স্পষ্ট নয়, কিন্তু আমি শুনলাম আমার মেয়ে আমাকে প্রথমবারের মতো মা ডাকছে!’
‘মা’ ডাকটা শেখার পর মসলিনা আবিষ্কার করল পৃথিবী শব্দময়! আর সঙ্গে সঙ্গে আবিষ্কার করল মুখ ফুটে কথা বলতে না-পারার তীব্র কষ্টটাও। বিশেষজ্ঞদের মতে, বাক্প্রতিবন্ধীদের অধিকাংশই ভাবে, পৃথিবীতে শব্দ বলে কিছু নেই। তাই তারা কখনো কথাও বলতে পারে না। কিন্তু খুব স্বল্পসংখ্যকই আছে, যারা জানে পৃথিবী বিচিত্র শব্দে ভরপুর। মসলিনাও সেই বিরলদের দলে।
তবে সেই কষ্ট মসলিনাকে দমিয়ে রাখতে পারেনি। কথা বলতে না-পারার কষ্ট অনেকটাই লাঘব করেছে রং-তুলি আর কলম-পেনসিল। রেখা আর তুলির টানেই শব্দ সৃষ্টি করে করে মসলিনা এখন অনেক কথা বলে। ছবি এঁকে ও পেয়েছে অনেক পুরস্কার আর সম্মাননা। মসলিনা পড়াশোনা করেছে সাধারণ স্কুল-কলেজেই। ক্লাসে স্যার কী বলছেন, তা ও বুঝতে পারেনি। দিনের পর দিন মা দাঁড়িয়ে থেকেছেন ক্লাসের পেছনে। নিজে পড়া বুঝে মেয়েকে বুঝিয়েছেন বাসায় গিয়ে। লালমনিরহাটের চার্চ অব গড মিশনারি স্কুল থেকে এসএসসি পাস করার পর সাকোয়া মঞ্জিল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয় মসলিনা। বেছে নেয় ব্যবসায় শিক্ষা বিভাগ। কিন্তু আখতার জাহান তো পড়েছেন বিজ্ঞান বিভাগে। কী করেন! কী করেন! শিক্ষকেরা অনেক সহযোগীতা করেন, কিন্তু মসলিনাকে সবকিছু বুঝিয়ে তো দিতে পারেন না! তখন আখতার জাহান নিজেই ব্যবসায় শিক্ষা পড়তে শুরু করলেন বাসায় শিক্ষক রেখে।

নানা বিচিত্র উপায়ে পড়াশোনা শিখিয়ে মেয়েকে পার করালেন উচ্চমাধ্যমিকের সিঁড়ি। স্কুলশিক্ষক স্বামী নবীর ইসলামকে লালমনিরহাটে রেখে মসলিনাকে নিয়ে এলেন ঢাকায়। মেয়ে শিল্পী হবে, তাই ভর্তি করিয়ে দিলেন চারুকলা হবেইনস্টিটিউটের ভর্তি কোচিংয়ে।

কিন্তু ভর্তি পরীক্ষার ফরম কেনার আগে আগে মসলিনা জানতে পারে, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার মতো যোগ্যতা তার নেই! নিজের সীমাবদ্ধতার দেয়াল ভেঙে দেওয়া এই তরুণীর এসএসসি জিপিএ ছিল ২ দশমিক ১৯, এইচএসসির জিপিএ ৪ দশমিক ৪২। সমস্যা হলো, ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসিতে চাই মোট জিপিএ ন্যূনতম ৬ দশমিক ৫ আর আলাদা আলাদাভাবে দুটি পরীক্ষার জিপিএ দরকার ন্যূনতম ৩ করে। প্রতিবন্ধী কোটায় আবেদন করতে চাইলে সেটা করতে হয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর। আখতার জাহান বলছিলেন, ‘মেয়ের তো সব কথাই বুঝি আমি। ও এখন বলে, “কেন তুমি আমাকে এত দূর নিয়ে এলে! এখানে না এলে তো এই কষ্টটা পেতে হতো না! এত স্বপ্নও দেখতাম না!”  কিন্তু এই যে আমার মেয়েটা কথা বলতে পারে না, শুনতে পায় না, তার পরও এত দূর এল, ও কি একটু সহযোগীতা পেতে পারে না?’

নিজের আঁকার কয়েকটি খাতা দেখাচ্ছিল মসলিনা। একটা খাতায় ও নিজের কথা লিখেছেন। এক জায়গায় লেখা—প্রিয় রং: কালো, সাদা, লাল। ব্র্যাকেটে লেখা: মন ভালো থাকলে সব রং। আমরা বুঝতে পারি, মসলিনার এখন প্রিয় রং কালো, সাদা আর লাল। ও যেদিন ওর        স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, সেদিন নিশ্চয়ই পৃথিবীর সব রং প্রিয় হবে!