মসৃণ পথে 'কাঁটা' কালুশাহ সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেটের উত্তরে কালুশাহ সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। কালুশাহ মাজার এলাকায় দুই লেনের একটি সেতু দিয়েই এখন গাড়ি পারাপার হচ্ছে। গত রোববারের চিত্র l প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেটের উত্তরে কালুশাহ সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। কালুশাহ মাজার এলাকায় দুই লেনের একটি সেতু দিয়েই এখন গাড়ি পারাপার হচ্ছে। গত রোববারের চিত্র l প্রথম আলো

আগামী শনিবার ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক আনুষ্ঠানিকভাবে চালু হলে ঈদে ঘরমুখী মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে বলে সড়ক ও সেতু মন্ত্রণালয় দাবি করেছে। ১৯০ দশমিক ৪ কিলোমিটার সড়কের কাজ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। তবে মসৃণ যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে সীতাকুণ্ডের সলিমপুরের কালুশাহ রেলরোড সেতু।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সেতুর ২০ শতাংশ কাজ এখনো বাকি থাকায় ওই অংশে যানবাহনের গতি কমে যাচ্ছে। ফলে ঈদযাত্রায় ওই এলাকায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।
সড়ক ও জনপথ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেটের উত্তরে কালুশাহ সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। কালুশাহ মাজার এলাকায় দুই লেনের একটি সেতু দিয়েই এখন গাড়ি পারাপার হচ্ছে।
অতিরিক্ত প্রকল্প পরিচালক অরুণ আলো চাকমা এ প্রসঙ্গে বলেন, মূল সেতুর কাজ শেষ। সংযোগ সড়কের কাজ দু-তিন মাসের মধ্যে শেষ হবে। এরপর সেতু উন্মুক্ত করে দেওয়া হবে।
গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের ওই অংশে গিয়ে দেখা যায়, সেতুর কাজ শেষ হলেও দুই পাশে সড়কের মাটি ভরাটের কাজ এখনো বাকি রয়েছে। বাকি রয়েছে সড়কের প্রতিরোধক দেয়াল নির্মাণের কাজও। নির্মাণাধীন সেতুটির পাশের পুরোনো সেতু দিয়ে বর্তমানে দুই লেনে উভয় দিকে গাড়ি চলাচল করছে। পুরোনো সেতুর ওপর এক পাশে বড় গর্ত থাকায় ওই অংশে গাড়ির গতি কমে যাচ্ছে।
নোয়াখালীগামী বাসচালক আমজাদ হোসেন বলেন, মহাসড়কে নির্ধারিত গতিতে গাড়ি চালাতে পারলেও কালুশাহ সেতু এলাকায় গাড়ি ধীরগতিতে চালাতে হয়। অনেক সময় গাড়ির গতি ঘণ্টায় ৭-৮ কিলোমিটারে নেমে আসে।
সওজের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, ২০১০ সালের জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৯০ দশমিক ৪ কিলোমিটার চার লেনের কাজ শুরু হয়। শুরুতে প্রকল্পের ব্যয় প্রায় দুই হাজার কোটি টাকা ছিল। মেয়াদ বাড়ার সঙ্গে প্রকল্পের ব্যয়ও বেড়ে যায়। প্রকল্পটি শেষ করতে ৩ হাজার ৮১৬ কোটি টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত ব্যয় বেড়েছে ১ হাজার ৩৩৫ কোটি টাকা বা প্রায় ৬২ শতাংশ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. আকতার হোসেন খান প্রথম আলোকে জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে প্রকল্পের প্রায় ছয় কিলোমিটারজুড়ে দ্বিতীয় স্তরের কার্পেটিং কাজ বাকি ছিল। আজ বৃহস্পতিবারের মধ্যে সেই কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে প্রকল্পের কাজও শেষ হয়ে যাবে।
চার লেনের মহাসড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও যানবাহন চলাচল করছে। দূরপাল্লার বাসগুলো আগের চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী বাস সার্ভিস সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানাচ্ছেন, বর্তমানে শুক্র ও শনিবারে রাস্তা ফাঁকা থাকলে সাড়ে পাঁচ ঘণ্টা লাগছে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে। সপ্তাহের অন্য পাঁচ দিন লাগছে ছয় থেকে সাড়ে ছয় ঘণ্টা। এই সংস্থার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘চার লেন চালু হওয়ার আেগ থেকেই আমরা এর সুবিধা পাচ্ছি। বর্তমানে সীতাকুণ্ড, ফেনী রেলগেট, দাউদকান্দি, মেঘনা টোল সেতু এলাকায় কিছুটা সমস্যা হয়। তবে সেসব স্থানে সড়কের কাজ শেষ হয়ে যাচ্ছে বিধায় ঈদে এবার ঘরমুখী মানুষের ভোগান্তি কমবে।’
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, চার লেন মহাসড়কের কাজ শেষ হয়েছে। যানজট হওয়ার আশঙ্কা নেই। তবে সীতাকুণ্ডের কালুশাহ সেতুর কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। ওই এলাকার যানজট নিরসনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া দাউদকান্দি, মেঘনা, গোমতী ও কঁাচপুর সেতু এলাকায় যানজট এড়াতে পুলিশ সদস্যরা সক্রিয় থাকবেন। সব মিলিয়ে এবার ঈদযাত্রা স্বস্তির হবে।
এদিকে গত সোমবার চট্টগ্রামের ভাটিয়ারীতে প্রকল্পের কাজ দেখতে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বহুপ্রতীক্ষিত ও প্রত্যাশিত ঢাকা-চট্টগ্রাম এবং জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন সড়কের কাজ শেষ হয়েছে। আগামী ২ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সড়ক দুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার লেন চালু হওয়ায় সাড়ে চার ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করা যাবে বলে মন্ত্রী মন্তব্য করেন।
সওজের প্রকৌশলীরা জানান, চার লেনের কাজের মধ্যে ২৭টি সেতু, ২৪২টি কালভার্ট ও ১৪টি বাইপাস সড়ক নির্মিত হয়েছে। প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে যাওয়ায় এই মহাসড়কের বেশির ভাগ অংশে যানজট আপাতত দেখা যাচ্ছে না। এ কারণে এবারের ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণও স্বস্তিদায়ক হবে বলে একাধিক প্রকৌশলী জানিয়েছেন।