মস্কোয় জাতীয় শোক দিবস পালিত

রাশিয়ার রাজধানী মস্কোয় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মস্কোর স্থানীয় একটি রেস্তোরাঁয় ১৬ আগস্ট বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল হক। সভা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু।
আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের রাশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলামসহ আবদুল্লাহ-আল-মামুন, ফুয়াদ আদনান বিন জামাল, সালাউদ্দীন প্রমুখ।
বক্তারা সভায় বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। শহিদুল হক বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা। তাঁর কোনো তুলনা নেই। তিনি আমাদের স্বাধীনতার প্রাণপুরুষ। তাঁকে হত্যা করা হয়েছে। কিন্তু তাঁর আদর্শ সদা জীবন্ত। এই আদর্শ বাঙালি জাতিকে নিরন্তর জাগ্রত ও উজ্জীবিত রেখেছে।’
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার নেতা-কর্মীসহ মস্কোপ্রবাসী অনেক বাংলাদেশি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মস্কোর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামিল খান
মস্কো, রাশিয়া