মানুষের মস্তিষ্কের কার্যপদ্ধতির প্রথম মানচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মানুষের মধ্যে বিজ্ঞানী, সংগীতজ্ঞ ও শিল্পী-বৈশিষ্ট্যের সহজাত উপস্থিতির কারণ উদ্ঘাটনের সুযোগ তৈরি হবে। বিজ্ঞানীরা এ কর্মসূচির প্রথম পর্যায়ের কিছু তথ্য-উপাত্ত প্রকাশ করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের (এএএএস) বৈঠকে মানুষের মস্তিষ্কের অভ্যন্তরীণ কার্যপদ্ধতিসংক্রান্ত কয়েকটি ছবি সম্প্রতি প্রদর্শন করা হয়েছে। ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের বিজ্ঞানীরা জানান, নতুন পদ্ধতিতে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের (স্ক্যান) মাধ্যমে মস্তিষ্কের ছবি তোলা হয়েছে। এতে মস্তিষ্কের কার্যপদ্ধতির বিস্তারিত বিবরণ তুলনামূলক স্পষ্ট হয়েছে। এ জন্য ব্যবহূত বিশ্লেষণযন্ত্রটি (স্ক্যানার) অত্যন্ত শক্তিশালী। এটি চালাতে যে পরিমাণ বিদ্যুৎশক্তি লাগে, তা একটি পারমাণবিক ডুবোজাহাজের জন্য যথেষ্ট। মস্তিষ্কের অতি সূক্ষ্ম স্নায়ুর অণুসমূহের ত্রিমাত্রিক (থ্রিডি) উজ্জ্বল রঙিন ছবি কম্পিউটারের পর্দায় ফুটে উঠবে। মানবমস্তিষ্কের কার্যপদ্ধতির মানচিত্র তৈরির প্রকল্পে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক ভ্যান উইডেন বলেন, মানসিক স্বাস্থ্যসমস্যা নির্ণয়ের পদ্ধতিগুলো গত ১০০ বছরে তেমন পাল্টায়নি। হূদেরাগ নির্ণয়ে যেমন ছবি তোলার ব্যবস্থা রয়েছে, মস্তিষ্কের জটিল কার্যপদ্ধতি বোঝার সে রকম পদ্ধতি এখনো উদ্ভাবন হয়নি। মস্তিষ্কের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি সম্ভব হলে এ ক্ষেত্রে দারুণ ফলাফল আসবে। এ ছবিতে বিভিন্ন পাশ থেকে মস্তিষ্কের কার্যক্রমের বিস্তারিত ধারণা স্পষ্ট হবে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক টিম বেহরেনস বলেন, মস্তিষ্কের মানচিত্র থেকে মানুষের আচরণের রহস্য সম্পর্কে অনেক কিছুই জানা সম্ভব হবে। মস্তিষ্কের বিভিন্ন অংশের সংযোগ ব্যক্তির চরিত্র ও সামর্থ্যভেদে ভিন্ন হবে। স্নায়ুবিজ্ঞান গবেষকদের জন্য এটি হবে যুগান্তকারী আবিষ্কার। বিবিসি।