মস্তিষ্কের বিরল রোগের চিকিৎসায় স্টেম সেল
মস্তিষ্কে বিরল ও প্রাণঘাতী একটি রোগের চিকিৎসায় স্টেম সেল ব্যবহারে সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছে। পেলিজাইয়াস-মেরজাবাশের নামের এ রোগে আক্রান্ত চার শিশুর মস্তিষ্কে নিরাপদে প্রতিস্থাপন করা হয় স্নায়ুর স্টেম সেল। মার্কিন বিজ্ঞানীরা এক বছর পর ওই রোগীদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির প্রমাণ পেয়েছেন। বিজ্ঞান সাময়িকী সায়েন্স ট্রান্সলেশন্যাল মেডিসিন ওই গবেষণার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, স্টেম সেল প্রতিস্থাপনের পর সংশ্লিষ্ট রোগীদের শরীরে মিয়েলিন নামের পদার্থের উপস্থিতি বাড়ে। মানুষের স্নায়ুতন্তুর ওপর মিয়েলিনের আবরণ থাকে। এ ছাড়া দুটি স্নায়ুকোষের মধ্যে বৈদ্যুতিক সংকেত পাঠানোর গতি বাড়ায় মিয়েলিন।সান ফ্রান্সিসকোয় অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক নলীন গুপ্ত বলেন, মিয়েলিনের অভাবে একটি স্নায়ুকোষ থেকে অপর স্নায়ুকোষে সংকেত সরবরাহ ব্যাহত হয়। ফলে সংকেতগুলো বিশৃঙ্খলভাবে এদিক-সেদিক ছড়িয়ে পড়ে। এতে মানুষের স্বাধীনভাবে কথা বলা, হাঁটা, শ্বাস-প্রশ্বাস প্রভৃতি কর্মকাণ্ড ব্যাহত হয় এবং অকালমৃত্যু পর্যন্ত ঘটে।যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের গবেষক ডগলাস ফিল্ডস বলেন, চিকিৎসায় স্টেম সেল প্রতিস্থাপনের ক্ষেত্রে এ সাফল্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।স্টেম সেল প্রতিস্থাপনের ফলে মস্তিষ্কে এই প্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা সম্ভব হয়েছে। এতে সংশ্লিষ্ট গবেষণায় আশার সঞ্চার হলেও ওই বিরল রোগের চিকিৎসাপদ্ধতি আবিষ্কারের জন্য আরও বহু পথ পাড়ি দিতে হবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। ইনডিপেন্ডেন্ট।