মহাকাব্যিক ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচির মতো বাঁকা চাঁদটি দেখতে খুব ছোট। কিন্তু চাঁদটিকে নিয়েই সবার কত কত মহাকাব্যিক স্মৃতি জমা হয়! কারও আনন্দের, কারও আবার বিষাদের। কারও আক্ষেপের, কারওবা বিরহের। তবে অধিকাংশের ঈদের সঙ্গে মহাকাব্যের একটা জায়গায় মিল রয়েছে। আর তা হলো শিশুকাল থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের অর্থ ভিন্ন হতে থাকে। যত দিন যায় ততই অনেকের ঈদ নীরস হতে থাকে। আবার অনেকের দিন গেলে আরও বেশি আনন্দঘন ঈদ আসে জীবনে।

আমারও অনেক স্মৃতি জমা হয়েছে। আমার স্মৃতি সব আনন্দ আর আক্ষেপের। শিশুকালের ঈদটাই বেশ মজার ছিল। অন্য মানুষের ক্ষেত্রে দিনে একটা রোজা হতো আর আমার হতো দিনে যতবার খেতাম ততটাই রোজা। এই অসাধ্যসাধনে সহযোগিতা করতেন আমার বাবা-মা।

রোজা ২৯টা হবে নাকি ৩০টা হবে সেটা নিয়েই ছিল আমার মধ্যে রাজ্যের অস্থিরতা। কারণ একটাই-ঈদ। রোজা যদি ২৯টা না হয়ে ৩০টা হয় তবে এই বুঝি একদিন পিছিয়ে গেল সাধের ঈদ। ইশ্ কী যে খারাপ লাগত! ২৯ রোজার দিন সারা দিন মনে-প্রাণে চাইতাম আজ যেন ঈদের চাঁদ ওঠে। কিন্তু যখন দিন শেষে আকাশে চাঁদের দেখা না পেয়ে টিভি বা রেডিওতে দেখতে বা শুনতে হতো যে, আজ কোথাও ঈদের চাঁদ দেখা যায়নি। সত্যিই কষ্ট পেতাম। ভাবতাম একটা ঈদ পিছিয়ে গেল। আবার কোনো কোন বছর ২৯ রোজার দিনেই চাঁদ উঠত। তখন আমার আনন্দ দেখে কে? কালকেই ঈদ!

চাঁদ দেখার খবর শোনামাত্রই শুরু হয়ে যায় আমার ঈদ। চারদিকে বাঁজতে থাকে, ‘‘ও মোর রমজানেরই ওই রোজার শেষে এল খুশির ঈদ.... ’’। ঈদের আগের রাতে আনন্দের বন্যা বয়ে যায় মেহেদি দেওয়ার উৎসবে। নকশা আর আঁকাঝুকিতে এমনিতেই বেশ ঝোঁক ছিল। তার ওপর কাল ঈদ। একটা হিড়িক পড় যেত আঁকাঝুকিতে। আলপনায় নিজের হাতকে রাঙাতাম। ছোট ছোট বাচ্চারাও আমার কাছে আসত হাত রাঙিয়ে নিতে। ওই রাতেই আমি অনেক সালামি পেতাম। আন্টিদের হাত রাঙিয়ে দেওয়ার আগেই তাদের কাছ থেকে সালামির পরিমাণ নির্ধারণ করে কিছুটা ঝামেলামুক্ত থাকার চেষ্টা করতাম।

ঈদের জন্য আগাম সাজু-গুজু করা শেষ হলে আসত মহা অপেক্ষার পালা। কখন রাতটা পোহাবে! ওই রাতে আর যেন ঘুম আসতে চাইত না দু ‘চোখে। প্রায়ই প্রশ্ন জাগত, ঈদের আগের রাত এত বড় হয়? যে যাই বলুক আমি বলব-নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় রাত ঈদের আগের রাত। বালিশে মাথা রেখে নির্ঘুম চোখে বারবার বিভিন্ন কল্পনায় হারিয়ে যেতাম-উঁহু ঈদের সকাল, নতুন জামা পরব, যে জামাটা কাউকেই দেখাইনি পুরোনো হয়ে যাওয়ার ভয়ে।

ভোর পাঁচটায় আম্মু আমাদের উঠিয়ে দিতেন। ঘুমন্ত কর্ণকূহরে ঈদ শব্দ প্রবেশ করতেই এক লাফে বিছানা থেকে উঠে পড়তাম। বছরের এই একটা দিন আম্মু আমাদের ভোরে ঘুম থেকে ওঠাতে কোনো বেগ পেতেন না। আমরা দু ‘বোন সকাল সকাল গোসল করতাম। কে আগে যাবে গোসলখানায় সেটা নিয়ে বেঁধে যেত তুমুল প্রতিযোগিতা। আম্মু তখন ব্যস্ত থাকত নারিকেল-চিড়া, সাগু দিয়ে ফালুদা, মলিদা, নানা ধরনের মিষ্টান্ন বানাতেন। সকাল আটটার মধ্যেই মা মিষ্টান্ন রান্না করে প্রস্তুত করে রাখত যাতে বাবা যেন তা খেয়েই ঈদগাহে যেতে পারে।

গোসল করা শেষে নতুন জামা নামিয়ে বারবার আয়নার সামনে বিভিন্নভাবে জামাটাকে দেখতাম। জামাটা পড়ার পরেও দেখতাম। আয়না থেকে সরতে বেশ সময় লাগত। তা সে ছোট খাট একটা দর্শক ছাড়া মডেলিং অনুষ্ঠান তো হবেই।

নয়টার আগেই রেডি হয়ে থাকতাম কেননা আব্বু-চাচ্চুরা ঈদের নামাজ পড়ে এসে কলিং বেল চাপতেই দরজা খুলে সালাম করে সালামি নেওয়ার পালা অপেক্ষা করত। আব্বু, দাদাভাই আর চাচ্চুদের সালাম করে ঈদ বকশিশ নিতাম। বান্ডিল বান্ডিল পাঁচ টাকা, দশ টাকা এবং বিশ টাকায় ভরে যেত ব্যাগ। তারপর দল বেঁধে প্রতিবেশীদের বাড়ি গিয়ে অনিচ্ছা সত্ত্বেও সালাম দিয়ে কিছু মিষ্টান্ন খেয়ে সালামি নিয়ে চলে আসতাম। তারপর আরেকটু বেলা হলে বান্ধবীদের নিয়ে বেরিয়ে পড়তাম হালকা একটু দূরে কোথাও। এখন একটু বড় হয়েছি। থাকি রাজধানীতে। পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ২য় বর্ষে। এখনো ঈদ আসে। ঈদের দিন আনন্দ করি। সাজুগুজুও করি। ভোরে ঘুম থেকেও মা উঠিয়ে দেন। কিন্তু সেই শিশুকালের আনন্দঘন ঈদের স্মৃতি এখনো সদা অমলিন। সত্যিই মহাকাব্যিক ঈদ।