মহাকাশের স্বপ্নচারী আনোয়ারুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেস স্টাডিজ প্রোগ্রামে আনোয়ারুল হক
স্পেস স্টাডিজ প্রোগ্রামে আনোয়ারুল হক

মহাকাশের স্বপ্নে বিভোর ছিলেন সেই ছেলেবেলা থেকে। স্বপ্নবান এই তরুণের নাম আনোয়ারুল হক। এ বছরের কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি (আইএসইউ) স্পেস স্টাডিজ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশি এই শিক্ষার্থী। এই প্রোগ্রামে সারা বিশ্ব থেকে অংশ নেন ১২৩ জন শিক্ষার্থী।
স্পেস স্টাডিজ প্রোগ্রামে ৫৭টি মূল বক্তৃতা শেষে বিষয়ভিত্তিক কাজেও অংশ নেন তাঁরা। বিষয়ভিত্তিক কাজে কী করলেন আনোয়ারুল? শুনুন তাঁর মুখেই, ‘সাতটি বিভাগের মধ্য থেকে আমি বেছে নিয়েছিলাম স্পেস অ্যাপ্লিকেশন। বিভাগের চূড়ান্ত প্রকল্প প্রদর্শনে উন্নয়নশীল দেশগুলোর জন্য কম খরচে ক্ষুদ্র স্যাটেলাইটের সাহায্যে দুর্যোগ পর্যবেক্ষণের একটি প্রকল্প প্রদর্শন করেছিলাম। সেখানে বাংলাদেশের একটি কেস স্টাডিও ছিল।’
এ আয়োজনে অংশগ্রহণকারীরা জানতে পারেন মহাশূন্য গবেষণার নানা দিক। মহাশূন্য আইন ও নীতিমালা, মহাশূন্য বাণিজ্য ও ব্যবস্থাপনা, প্রকৌশল, স্পেস অ্যাপ্লিকেশনসহ নানা দিক সম্পর্কে শেখানো হয় এখানে। এত সব শেখার পাশাপাশি জেফ হফম্যান, ডেভিড সেইন্ট জ্যাকস, রেইনল্ড এওয়াল্ডদের মতো যাঁরা মহাকাশ বিষয়ে প্রসিদ্ধ, তাঁদের সঙ্গে দেখা করেও উৎফুল­ আনোয়ারুল।
বাংলাদেশে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক সম্পন্ন করার পর কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান আনোয়ারুল। সেখানে গবেষণা ও শিক্ষা সহকারী হিসেবে কাজ করার সুযোগও হয়েছে তাঁর। বিভিন্ন সময়ে মেধার ভিত্তিতে পেয়েছেন বৃত্তি।
স্নাতকোত্তর পড়ার সময়ই সুযোগ হয়েছে নাসা আয়োজিত ভবিষ্যতের চন্দ্রবিজ্ঞানী ও প্রকৌশলী কর্মশালা এবং চন্দ্রবিজ্ঞান কর্মশালায় অংশ নেওয়ার। নাসার কর্মযজ্ঞের মধ্যে নিজের গবেষণা নিয়ে কথা বলার সুযোগও পেয়েছেন। বর্তমানে পিএইচডি করছেন, কাজ করছেন অ্যারোস্পেস অ্যাপ্লিকেশন্সে বিকিরণের প্রভাবসংক্রান্ত বিষয় নিয়ে।
আনোয়ারুল স্পেস জেনারেশন অ্যাডভাইজরি কাউন্সিলেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রয়েছেন। এ কাউন্সিল জাতিসংঘের মহাশূন্য শান্তিবিষয়ক কমিটির সঙ্গে যুক্ত। কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনেরও সভাপতি তিনি। জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনেও।
মহাকাশেই তাঁর স্বপ্ন বিরাজ করে। মহাকাশই তাঁর ধ্যান-জ্ঞান। বাংলাদেশও নিজস্ব মহাকাশ গবেষণা কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে একদিন, এমনটাই স্বপ্ন দেখেন আনোয়ারুল।