হঠাৎ করেই বিগড়ে গেল কম্পিউটারটি, বিনা নোটিশে কাজ করা বন্ধ করে দিল শখের স্মার্টফোনটি? অধিকাংশ ক্ষেত্রে ব্যবহারকারীর রাগ গিয়ে পড়ে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর। তবে বিজ্ঞানীরা বলছেন, শখের এবং প্রয়োজনীয় এসব যন্ত্র নষ্ট হওয়ার পেছনে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দায় না–ও থাকতে পারে। মহাজাগতিক রশ্মি এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞানীদের দাবি, সৌরজগতের বাইরে সৃষ্ট মহাজাগতিক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত হানার সময় বিপুলসংখ্যক গৌণ কণার সৃষ্টি করে। এসব কণার মধ্যে মিউয়ন, পাইয়ন, অতি সক্রিয় নিউট্রন এবং আলফা কণা উল্লেখযোগ্য। প্রতি মুহূর্তে এসব কণা মানুষের শরীরে আছড়ে পড়ছে। সংখ্যায় বিপুল হলেও এই কণাগুলো অদৃশ্য এবং জীবিত প্রাণীর দেহে এখন পর্যন্ত এগুলোর কোনো ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়নি। তবে এই কণাগুলোর মধ্যে বেশ কয়েকটি মাইক্রোইলেকট্রিক সার্কিটের কার্যক্রমে বাগড়া দেওয়ার মতো যথেষ্ট শক্তি ধারণ করে। এসব কণা কম্পিউটার বা স্মার্টফোনের সমন্বিত সার্কিটে ঢুকে যন্ত্রের স্মৃতিতে ধরে রাখা তথ্যের বিট বদলে দিতে পারে। এ ঘটনাকে বলা হয় ‘সিঙ্গেল-ইভেন্ট আপসেট (এসইইউ)’।
বিজ্ঞানীদের মতে, বাহ্যিক কোনো ক্ষতি না করায় কখন এবং কোথায় এই কণাগুলো আঘাত হানে বা হানবে, তা নির্ণয় করা এখন পর্যন্ত অসম্ভব। আর এগুলোর প্রভাবে যে ত্রুটির সৃষ্টি হয়, তা চিহ্নিত করাও কঠিন।
গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলে অবস্থিত ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশলের অধ্যাপক ভারত ভূবা। তিনি বলেন, ‘এটা সত্যিকার অর্থেই একটা বড় সমস্যা, কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকাংশেই তা অগোচরে রয়ে যায়।’
যুক্তরাষ্ট্রের বোস্টনে সম্প্রতি শেষ হওয়া আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের বার্ষিক বৈঠকে ভারত ভূবা বলেন, ‘গবেষণায় আমরা প্রমাণ পেয়েছি, এটি একটি ব্যাপক এবং ক্রমবর্ধমান সমস্যা। হঠাৎ করেই এ সমস্যা সামনে এসে দাঁড়ায়নি।’ তিনি বলেন, সেনাবাহিনী ও মহাকাশ গবেষণার জন্য তৈরি বৈদ্যুতিক বর্তনীর ওপর বিকিরণের প্রভাব নিয়ে গবেষণা করতে গিয়ে সমস্যাটা তাঁদের কাছে ধরা পড়ে। বিমান চলাচল, চিকিৎসার সরঞ্জাম প্রস্তুতকারক, তথ্যপ্রযুক্তি, পরিবহন, যোগাযোগ, আর্থিক ও বিদ্যুৎ উৎপাদনকারী শিল্প এ বিষয়ে সচেতন এবং তারা সমস্যাটি মোকাবিলায় উদ্যোগ নিয়েছে। তবে ভোগ্যপণ্য প্রস্তুতকারী ইলেকট্রনিক খাত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে এখনো।