মহাজোটে একাধিক প্রার্থী বিএনপির কেউ নেই
মহেশখালী পৌরসভায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে নেমে গেছেন। তাঁরা মহাজোটের সম্ভাব্য প্রার্থী পরিচয় দিয়ে ভোট চাইছেন। তবে বিএনপি ঘরানার কোনো প্রার্থী এখনো মাঠে নামেননি। এ কারণে নেতা-কর্মীরা হতাশ। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে ১০ জন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে মহাজোটের সম্ভাব্য প্রার্থী আটজন। এঁরা হলেন—সাবেক মেয়র সরওয়ার আজম, ভারপ্রাপ্ত মেয়র চন্দ্র দে, পৌর আওয়ামী লীগের সভাপতি মকছুদ মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আবু সুফিয়ান, তাঁতি লীগের সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ সিদ্দিকী ও আনসারুল করিম। অপর দুজন হচ্ছেন—গোলাম মোস্তফা ও জাফর আলম।দলীয় সূত্রে জানা গেছে, মহাজোট থেকে কয়েকজন মনোনয়ন চাইছেন। একক প্রার্থী দেওয়া হলে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও কেউ কেউ নাগরিক পরিষদসহ বিভিন্ন ব্যানারে নির্বাচন করতে পারেন। মহাজোটের মনোনয়ন নিয়ে ১২ ডিসেম্বর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগের জরুরি বৈঠক হয়েছে। এতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একক প্রার্থী বিষয়ে সমঝোতা হয়নি বলে বৈঠকে উপস্থিত একজন নেতা জানিয়েছেন।স্থানীয় নেতারা জানান, বিগত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে কোন্দলের কারণে মহাজোটের প্রার্থী জয়ী হতে পারেননি। কিন্তু এবার জনপ্রিয়তা নেই—এমন ব্যক্তিকে মেয়র পদে মনোনয়ন না দেওয়ার চেষ্টা চলছে। পৌরসভার মোট ভোটার ১৪ হাজার ৯১৭ জন। এর মধ্যে পুরুষ সাত হাজার ৭৪১ ও নারী সাত হাজার ১৭৬ জন। মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম বলেন, ‘দল থেকে কে নির্বাচন করবেন তা এখনো ঠিক হয়নি।’মকছুদ মিয়া বলেন, ‘পৌরসভা নামে আছে, কাজে নেই। পৌরসভার উন্নয়নের জন্য আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’ দল মনোনয়ন না দিলেও নির্বাচন করবেন কি না জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে প্রার্থীর কতটুকু জনপ্রিয়তা আছে, তা যাছাই বাছাই না করে মনোনয়ন দেওয়া হলে তা মেনে নেওয়া যাবে না।’সরওয়ার আজম বলেন, ‘এ পৌরসভা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু জোট সরকারের আমলে মিথ্যা ও হয়রানিমূলক কায়েকটি মামলায় আসামি করায় আমি অনেক কিছু করতে পারিনি। এরপরও সড়কের ব্যাপক উন্নয়ন হয়েছে। জয়ী হলে মডেল পৌরসভায় উন্নীত করব।’এদিকে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবেন না বলে মন্তব্য করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম, আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক সিকদার, সাদেক উল্লাহ সিদ্দিকী ও আনসারুল করিম।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মহাজোট থেকে একক প্রার্থী দেওয়ার জন্য আট সম্ভাব্য প্রার্থীকে নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু সমঝোতার চেষ্টা করলেও কোনো ফল হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে জেলা আওয়ামী লীগ একক প্রার্থীর নাম ঘোষণা করবে।’জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোসেন বলেন, ‘দলের বৃহত্তর স্বার্থে যাছাই-বাছাই করে জনপ্রিয়তা রয়েছে এমন ব্যক্তিকে প্রার্থী করা হবে।’