মহাজোটে গৃহবিবাদ, নির্ভার বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থীদের প্রচারণায় এখন মুখরিত পটিয়া পৌর এলাকা। চারদিকে শোভা পাচ্ছে পোস্টার আর পোস্টার। সমানে চলছে গণসংযোগ। মেয়র পদে বিএনপি-সমর্থিত একক প্রার্থী থাকলেও মহাজোটে রয়েছেন তিনজন প্রার্থী। মেয়র পদপ্রার্থীরা হলেন: বিএনপি-সমর্থিত বর্তমান মেয়র নুরুল ইসলাম (টেলিভিশন), মহাজোট-সমর্থিত জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুল আলম মাস্টার (তালা), আওয়ামী লীগ-সমর্থিত পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ (দেয়ালঘড়ি), যুবলীগের কেন্দ্রীয় সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক বদিউল আলম (দোয়াত-কলম) এবং এলডিপির পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ আলী (আনারস)। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের তৃণমূলের ভোটে হারুনুর রশিদকে প্রার্থী নির্বাচন করা হয়। এ জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর পক্ষে মাঠে নেমেছেন। এ ছাড়া যুবলীগের নেতা বদিউল আলম দলীয় সিদ্ধান্তের বাইরে এককভাবে নির্বাচন করছেন। এদিকে, জাপা নেতা শামসুল আলম মাস্টারকে কেন্দ্রীয়ভাবে মহাজোট সমর্থন দিলেও স্থানীয় আওয়ামী লীগ এ সিদ্ধান্তমানতে নারাজ। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমদ বলেন, ‘এটা কোনো দলীয় নির্বাচন নয় যে মহাজোট হিসেবে জাপা নেতাকে সমর্থন দিতে হবে। এ ছাড়া কেন্দ্র থেকে আমাদের কাছে কোনো চিঠিও আসেনি। এটা পত্রিকার কথা।’ প্রার্থী হারুনুর রশিদ বলেন, ‘দীর্ঘদিন আমি পটিয়ার মানুষের সঙ্গে থেকে কাজ করেছি। এ কারণে দল আমাকে মনোনয়ন দিয়ে কাজের মূল্যায়ন করেছে।’ বদিউল আলম বলেন, ‘আমাকে দলীয় হাইকমান্ড নির্বাচন করার জন্য এখানে পাঠিয়েছে। তাই আমি নির্বাচন করছি।’ শামসুল আলম মাস্টার বলেন, ‘গত সংসদ ও উপজেলা নির্বাচনে মহাজোটগতভাবে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন করেছি। বর্তমানে আমাকে মহাজোটের প্রার্থী ঘোষণার পরও আমার পক্ষে কাজ না করাটা বেইমানি।’ পৌর বিএনপির সভাপতি এ টি এম মুহিবুল্লাহ চৌধুরী বলেন, গত ১৩ ডিসেম্বর তৃণমূলের সভায় বর্তমান মেয়র নুরুল ইসলামকে বিএনপির একক প্রার্থী নির্বাচিত করা হয়। তাঁর পক্ষে দলের নেতা-কর্মীরা কাজ করছেন।নুরুল ইসলাম বলেন, ‘আমি মেয়রের দায়িত্ব পালনকালে কোনো অনিয়ম করিনি। সব সময় সবার পাশে থেকেছি। এ জন্য দল আবার মনোনয়ন দিয়েছে।’