সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে শিক্ষা দিবসের ৫২তম বার্ষিকী উপলক্ষে ১৭ সেপ্টেম্বর বিকেল চারটায় নগরের নিউমার্কেট মোড়ে সমাবেশ ও মিছিলের আয়োজন করে। নগর শাখার সভাপতি তাজনাহার রিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সত্যজিত বিশ্বাস, নগর শাখার সহসভাপতি মুক্তা ভট্টাচার্য প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নগর শাখার সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দীন।
সমাবেশে বক্তারা বলেন, পরাধীন দেশে তৎকালীন স্বৈরাচার আইয়ুব খানের সরকার শরীফ কমিশনের মাধ্যমে এই অঞ্চলের জনগণের শিক্ষার অধিকারকে সংকুচিত করে, শিক্ষাকে বাজারের পণ্যে রূপান্তরিত করার ষড়যন্ত্র করেছিল। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র-জনতা ক্ষোভে ফেটে পড়েছিল। আন্দোলনের মুখে শরীফ কমিশনের শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়েছিল। শহীদ হয়েছিল মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ্। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার ৪৩ বছরে এসে এ দেশীয় শাসকেরা জনগণের শিক্ষার অধিকার দেওয়া দূরের কথা চট্টগ্রাম শহরে স্বাধীনতা– পরবর্তী একটিও সরকারি স্কুল–কলেজ নির্মাণ করেনি। যার কারণে ভর্তি সংকট, আসন সংকট চরম আকার ধারণ করেছে।
সমাবেশ শেষে একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগঠন কার্যালয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি।