মহানুভব
আমি তখন ঢাকার শেরেবাংলা নগর প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। দিনটি ছিল ঈদের দিন। আব্বা বলেন, বঙ্গবন্ধু আজ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করবেন। আব্বা আরও বলেন, ‘আজ আমি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করব।’ শুনে বায়না ধরলাম আমি আর আমার ছোট ভাই। অগত্যা আমাদের দুই ভাইকে নিয়ে আব্বা তাঁর সুজুকি মোটরসাইকেলে রওনা হলেন গন্তব্যে। সেখানে ঢোকার দরজার মুখেই মোটরসাইকেল থামল অচেনা এক বাড়ির গেটে। আব্বা আমার ছোট ভাইকে কোলে নিয়ে ভেতরে ঢুকলেন। আমি পেছনে পেছনে হাঁটছি। আমার স্পষ্ট মনে পড়ে, সেদিন নিরাপত্তার কোনো বাড়তি আড়ম্বর ছিল না। গেটের বাইরে নামমাত্র কয়েকজন নিরাপত্তাকর্মী। তবে সাদা পোশাকে কিছু লোক ওয়্যারলেস-জাতীয় কিছু একটা হাতে নিয়ে এদিক-ওদিক ঘুরঘুর করছিল। তাও হাতেগোনা কয়েকজন। যে বাড়িতে ঢুকছিলাম, সেটি বোধ করি বঙ্গভবনই হবে।আমার ছোট ভাইটি ছিল মোটাসোটা আর বেজায় দুরন্ত। ভাইকে আমার কাছে দিয়ে আব্বা বঙ্গবন্ধুর সঙ্গে সালাম বিনিময় ও কোলাকুলি সারলেন। আব্বা আমার ভাইকে দেখিয়ে বললেন, স্যার, এটি আপনার একজন ‘খুদে ভক্ত’। মুক্তিযুদ্ধের সময় সারাক্ষণ ‘জয় বাংলা’ ‘জয় বাংলা’ বলে স্লোগান দিত। আমরা ওকে নিয়ে সবাই খুবই তটস্থ থাকতাম। তিনি আমার ভাইয়ের মুখে হাত দিয়ে আদর করলেন।আমি ছিলাম আব্বার একটু পেছনে। বস্ফািরিত চোখে দেখছি সে দৃশ্য, যাঁকে নিয়ে এত উন্মাদনা, যাঁকে কেন্দ্র করে একাত্তরে মানুষের নির্বিকার জীবন দান, যাঁর আহ্বানে বাঙালি জাতির স্বাধীনতার জন্য এককাট্টা, যাঁর কথা জানা ও শোনার জন্য যুদ্ধের সময় আমার দাদা, আব্বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার শুনতেন, সেই মহামানব বঙ্গবন্ধু কিনা ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবি পরে আমার চেয়ে মাত্র দুই হাত দূরত্বে দাঁড়ানো। আমার বিস্ময় আর কাটে না। আব্বা বললেন, হাঁ করে কী দেখছিস? সালাম কর। আমি তাড়াতাড়ি পায়ে হাত দিয়ে সালাম করতেই তিনি ডান হাত দিয়ে আমাকে পেটের কাছে জড়িয়ে ধরলেন। বিদায় নিয়ে আসার জন্য বঙ্গবন্ধুকে বলতেই তিনি আব্বাকে বললেন ‘একটু মিষ্টি খেয়ে যাও’। আব্বা বিনয়ের সঙ্গে বললেন ‘স্যার, আজ থাক।’ বঙ্গবন্ধু অত্যন্ত দৃঢ়তায় বললেন, ‘ওকে আমার কাছে দিয়ে যাও বলে আমার ছোট ভাইকে কোলে নিয়ে নিলেন।’ সেমাই আর জর্দা দিয়ে আপ্যায়ন করা হচ্ছিল। আমাদের সামনে আরও পাঁচ-ছয়জন অতিথি আপ্যায়িত হওয়ার লাইনে দাঁড়ানো। আব্বা অত্যন্ত দ্রুততায় একটু কিছু মুখে দিয়ে বঙ্গবন্ধুর কোল থেকে ছোট ভাইকে নিলেন। এ সময়টুকু বঙ্গবন্ধু আমার ভাইকে কোল থেকে তো নামাননি, এমনকি অন্য কারও কাছে দেওয়ার চেষ্টাও করেননি।আমি অবাক হয়ে যাই, যখন ভাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অহংকার, কিন্তু নিজের মধ্যে নেই সেই অহংকারের এতটুকু লেশ। বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও মহান এই মানুষটির তো কোনো প্রয়োজন ছিল না প্রত্যন্ত অঞ্চলের একজন অতি সাধারণ মানুষের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকার। কত বড় মাপের মানুষ হলে অবলীলায় এমনটি সম্ভব ভেবে আমি অবাক হই। ভাবতে ভালোই লাগে, জীবনে ক্ষণিকের জন্য হলেও এই মহানুভব মানুষটির সান্নিধ্য পেয়েছিলাম।মো. সেলিম আহসান খানঅ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা।