মহাপরিকল্পনা নিয়ে সাড়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, ৮০ হাজার একর জমি নিয়ে নগর উন্নয়ন অধিদপ্তর মহাপরিকল্পনা তৈরি করলেও জনগণ এ ব্যাপারে কিছুই জানেন না। গত ১১-৩১ মে পর্যন্ত জেলা প্রশাসনসহ তিন পৌরসভা ভবনে জনমতের জন্য খসড়া মহাপরিকল্পনা উন্মুক্ত করার কথা থাকলেও শুধু মানচিত্রের আদলে নকশা প্রকাশ করা হয়েছে। আর প্রচারণা ছিল না বলে জনগণ তেমন সাড়া দেয়নি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন, মহাপরিকল্পনা প্রকাশের ব্যাপারে তিনি কিছুই জানেন না। কেউ এ ব্যাপারে তাঁর পরামর্শও নেননি। কাজল আরও বলেন, জনমতের প্রতিফলন ঘটেনি বলে এর আগে তৈরি করা নানা মহাপরিকল্পনা আলোর মুখ দেখেনি। এটিও সে রকম হলে করার কিছুই থাকবে না। সূত্র জানায়, গত কয়েক বছরে কক্সবাজার সৈকত এলাকায় বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে। সৈকতের হোটেল-মোটেল জোনে বর্তমানে দুই শতাধিক ভবন তৈরি হয়েছে। হোটেল-মোটেল জোন, কলাতলী, ইনানী, হিমছড়ি, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপে আরও শতাধিক বহুতল ভবন তৈরি হচ্ছে। পুরো শহর গড়ে উঠছে অপরিকল্পিতভাবে। এতে সৈকত, পাহাড়সহ সরকারি জমি দখলের হিড়িক পড়েছে। ধ্বংস হচ্ছে পরিবেশ। এ অবস্থা থেকে রক্ষার জন্য তৈরি করা হচ্ছে মহাপরিকল্পনা। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সুশীল সমাজের মতামত নেওয়া না হলে বাস্তবায়নের সময় নানা জটিলতা দেখা দিতে পারে। টেকনাফ, মহেশখালী ও কক্সবাজার পৌরসভার মেয়র যথাক্রমে মোহাম্মদ ইসলাম, মকছুদ মিয়া ও রাজ বিহারী দাশ একই সুরে বলেন, মহাপরিকল্পনা নিয়ে তাঁদের সঙ্গে কেউ আলোচনা করেননি। এ প্রসঙ্গে জানতে চাইলে শেলটেকের পরিকল্পনাবিদ আবদুর রহমান জানান, ওইসব এলাকায় তাঁরা খসড়া নকশা টাঙিয়ে দিয়েছেন। মহাপরিকল্পনার বিস্তারিত নিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে আলোচনা করা হবে। এরপর মহাপরিকল্পনা অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হবে। ঢাকার নগর উন্নয়ন অধিদপ্তরের পরিকল্পনাবিদ মো. আসাদুজ্জামানও একই কথা বলেন।