চট্টগ্রাম বন্দরের মহাপরিকল্পনায় ২০১৬ সালে তিন স্তরে কনটেইনার পরিবহনের হিসাব দেওয়া হয়। বছরভেদে কনটেইনার পরিবহন বাড়ার হিসাব অনুযায়ী সময় নির্ধারণ করে বন্দরে যন্ত্রপাতি সংযোজন ও নতুন টার্মিনাল নির্মাণের কাজ শেষ করারও সুপারিশ করা হয়। কিন্তু বাস্তবে কনটেইনার পরিবহনের হিসাব মেলেনি। সুপারিশও থেকে গেছে কাগজেই। বন্দরের অর্থায়নে মহাপরিকল্পনাটি প্রণয়ন করে জার্মানির ‘হামবুর্গ পোর্ট কনসালটিং’ নামের একটি সংস্থা।
গত দুই বছরে কনটেইনার পরিবহনের হার ধারণার চেয়ে বেশি বাড়তে থাকায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। কারণ, কনটেইনার পরিবহনের তুলনায় অবকাঠামো না থাকায় আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে সময় বেশি লাগছে। প্রয়োজনীয় জেটি না থাকায় এখন বন্দর জলসীমায় জাহাজ আসার পরও ব্যবসায়ীদের পণ্য হাতে পেতে বাড়তি তিন থেকে সাত দিন সময় লাগছে।
বন্দর সূত্র জানায়, ২০১৫ সালের শেষ দিকে জার্মানির ‘হামবুর্গ পোর্ট কনসালটিং’ বন্দরের মহাপরিকল্পনা প্রণয়ন করে। এতে বলা হয়, ২০১৬ সালে সর্বনিম্ন স্তরে ১৮ লাখ ২৬ হাজার, মধ্যম স্তরে ১৯ লাখ ৫৬ হাজার এবং সর্বোচ্চ স্তরে ২০ লাখ ৭৪ হাজার কনটেইনার পরিবহন হতে পারে। তবে সর্বোচ্চ স্তরের চেয়েও গত বছর ২ লাখ ৭২ হাজার কনটেইনার বেশি পরিবহন হয়েছে এ বন্দরে। শুধু তা–ই নয়, মহাপরিকল্পনায় ২০১৭ সালে কনটেইনার পরিবহনের যে হিসাব দিয়েছিল সংস্থাটি, তা ছাড়িয়ে গেছে গত বছরই।
এ বিষয়ে জানতে চাইলে মহাপরিকল্পনা প্রণয়নকারী হামবুর্গ পোর্ট কনসালটিংয়ের সহদলনেতা এ কে রশিদ উদ্দিন আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী। মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে পণ্যের চাহিদাও বাড়ছে দ্রুত। মহাপরিকল্পনা প্রণয়নের সময় যে ধারণা দেওয়া হয়েছিল তার চেয়ে বেশি বেড়েছে কনটেইনার পরিবহন। এর ফলে বন্দরের ওপর চাপ বাড়ছে। এ জন্য মহাপরিকল্পনায় যেসব সুপারিশ করা হয়েছিল তা দ্রুত বাস্তবায়ন করা উচিত।
মহাপরিকল্পনায় বলা হয়, কনটেইনার পরিবহন বাড়তে থাকায় ২০১৭ সালের মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন করে পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য। এ ছাড়া ২০২০ সালের মধ্যে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণ করে চালু করা, ২০২৩ সালের মধ্যে বে কনটেইনার টার্মিনালের প্রথম ধাপের কাজ শেষ করার সুপারিশ করা হয়েছিল। তবে বন্দরের এসব প্রকল্পের অগ্রগতি হয়নি।
বন্দর সূত্র জানায়, বন্দরের নিউমুরিং টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর মূল যন্ত্র গ্যান্ট্রি ক্রেন কেনার দরপত্রই আহ্বান করা হয়নি। অন্যান্য যন্ত্রপাতি কেনার প্রক্রিয়ায় চলছে ধীরগতি। আবার বন্দরের প্রস্তাবিত কোনো টার্মিনালের নির্মাণকাজও শুরু হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কনটেইনার পরিবহন দ্রুত বাড়তে থাকায় নিউমুরিং টার্মিনালের যন্ত্রপাতি দ্রুত সংযোজন করার প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই কনটেইনার রাখার নতুন একটি চত্বরও তৈরি হবে। নতুন টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত শুরু করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
বন্দর সূত্র জানায়, গত বছর বন্দর দিয়ে ২৩ লাখ ৪৬ হাজারটি (প্রতিটি ২০ ফুট লম্বা কনটেইনার ধরে) কনটেইনার পরিবহন হয়। ২০১৫ সালের তুলনায় কনটেইনার পরিবহনের বাড়ার হার প্রায় ১৬ শতাংশ। সংখ্যার হিসাবে কনটেইনার পরিবহন বেড়েছে ৩ লাখ ২২ হাজার। আবার ২০১৫ সালে কনটেইনার পরিবহন বেড়েছিল প্রায় ১৭ শতাংশ। ২০১৬ সালে কনটেইনারে যত পণ্য আমদানি হয়েছে, তা হাতে পেতে গড়ে তিন দিনের বেশি সময় লেগেছে ব্যবসায়ীদের।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, আমদানি-রপ্তানি বাড়তে থাকায় এ বন্দর দিয়ে কনটেইনার পরিবহনও বাড়তে থাকবে, এটা স্বাভাবিক। তবে কনটেইনার পরিবহন বাড়লেও সামাল দেওয়ার মতো অবস্থা নেই বন্দরের। নতুন অবকাঠামো না হওয়ায় ২০১৬ সালে ব্যবসায়ীদের যে ভোগান্তি হয়েছে, তা আগামী বছর আরও বাড়বে।
কনটেইনারে আমদানি পণ্যের মধ্যে রয়েছে পোশাক শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি, সিরামিক ও ইস্পাত শিল্পের কাঁচামাল, বৈদ্যুতিক সামগ্রী, বাণিজ্যিক পণ্য ইত্যাদি। আবার কনটেইনারে সিংহভাগ রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য ও হিমায়িত মাছ।