‘অনেক অনেক অভিনন্দন, এই মাত্র আপনি নোবেল পুরস্কার পেয়েছেন!’‘অনেক অনেক ধন্যবাদ।’‘আপনাকেও ধন্যবাদ। আমি জানি, বাল্টিমোরে এখন ভোর। আমি কি জানতে পারি, নোবেল কমিটির কাছ থেকে সুখবরটি পাওয়ার সময় আপনি কী করছিলেন।’‘ঘুমাচ্ছিলাম, আর মাঝেমধ্যে আমার ১০ মাস বয়সী ছেলের কান্নার শব্দ শুনছিলাম।’‘আপনি তো চমক-জাগানিয়া এক আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন, মহাবিশ্বের বিস্তরণের গতি বৃদ্ধি পাচ্ছে...’‘হ্যাঁ।’‘...আপনি কি সেই মুহূর্তটার কথা মনে করতে পারেন, যখন বুঝলেন কিছু একটা খুঁজে পেয়েছেন?’‘হ্যাঁ, মনে পড়ে। শেষ পর্যন্ত আমি তথ্য-উপাত্তগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করেছিলাম। বিচার-বিশ্লেষণের পর উত্তর দেখে বলেছিলাম, ভুল (হাসি)। এবং ভাবতে লাগলাম, বিশাল এক ঘাপলা বাধিয়েছি আমি। এবার এই ঘাপলা খুঁজে বের করতে হবে। পরের এক সপ্তাহ কেটে গেল ঘাপলা খুঁজতে খুঁজতে। এর পরই মনে হলো বিষয়টির অস্তিত্ব সত্যি হওয়ার সম্ভাবনা আছে...’এ বছর পদার্থে নোবেল পুরস্কার পাওয়ার পর পরই টেলিফোনে ওপরের সাক্ষাৎকারটি দিয়েছিলেন অ্যাডাম রিয়েস। মার্কিন এই জ্যোতিঃপদার্থবিজ্ঞানীর জন্ম ১৯৬৯ সালে, ওয়াশিংটন ডিসিতে। আগেই জেনেছেন পুরস্কারটি তিনি ভাগাভাগি করেছেন আরও দুই বিজ্ঞানী—সল পার্লমুটার ও ব্রায়ান স্মিডের সঙ্গে।যুক্তরাষ্ট্রের নিউজার্সির ওয়ারেনে বেড়ে উঠেছেন রিয়েস। বাবা মাইকেল রিয়েস ছিলেন নৌবাহিনীর প্রকৌশলী। হাসপাতালের মনোবিদ ছিলেন মা ডরিস রিয়েস। রিয়েসের এক বোন মনোরোগ চিকিৎসক, আরেক বোন চিত্রশিল্পী। ওয়াচহাং হিলস রিজিওনাল হাইস্কুলে পড়াশোনায় হাতেখড়ি এই বিজ্ঞানীর। স্নাতক সম্পন্ন করেন দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ১৯৯২ সালে। ১৯৯৬ সালে পিএইচডি করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯৯ সালে স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটে যোগ দেওয়ার আগে রিয়েস ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মিলার ফেলো ছিলেন। আর জন হপকিনস ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন ২০০৫ সালে। হাই-জেড সুপারনোভা সার্চ টিমে ব্রায়ান স্মিডের সঙ্গে মহাকাশ গবেষণা শুরু করেন। এবং তাঁরাই প্রথম প্রমাণ পান মহাবিশ্বের বিস্তরণের গতি বৃদ্ধি পাচ্ছে।এ ছাড়া হাইয়ার-জেড এসএন সার্চ প্রজেক্ট নামের একটি প্রকল্পও পরিচালনা করছেন রিয়েস। এই প্রকল্পেই হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করা হয়। এবং রিয়েস ও তাঁর সহকর্মীরা এ পর্যন্ত খুঁজে বের করেছেন অনেকগুলো অতিকায় নক্ষত্র। সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হলো, এই প্রকল্প ১০ বিলিয়ন আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত মহাবিশ্বের বিস্তরণ চিহ্নিত করেছে।২০০৬ সালে এবারের বাকি দুই নোবেল বিজয়ীর সঙ্গে জ্যোতির্বিদ্যায় শ প্রাইজ পেয়েছিলেন রিয়েস। প্যাসিফিকস ট্রাম্পলার অ্যাওয়ার্ড জিতেছিলেন ১৯৯৯ সালে। এক বছর বাদে হার্ভার্ড ইউনিভার্সিটি তাঁকে দিয়েছিল বক প্রাইজ। ২০০৩-এ আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির হেলেন বি. ওয়ার্নার পুরস্কার এবং পরের বছর পেয়েছিলেন রেমন্ড অ্যান্ড বেভারলি স্যাকলার পুরস্কার।টুকরো জীবনজন্ম: ডিসেম্বর ১৯৬৯, ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রকর্মস্থল: জন হপকিন্স ইউনিভার্সিটি, স্পেস টেলিস্কোপ সায়েন্সেস ইনস্টিটিউটযে কারণে নোবেল: মহাবিশ্ব সম্প্রসারণের গতি বৃদ্ধি পাচ্ছে, তার প্রমাণ উপস্থাপনের জন্যউল্লেখযোগ্য পুরস্কার:শ প্রাইজ ইন অ্যাস্ট্রোনমি (২০০৬)