মহাবিশ্বের সৃষ্টিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিগস-বোসন কণা পদার্থবিজ্ঞানের জগতে যেন সোনার হরিণ। চলতি কথায় ঈশ্বর-কণা। যে নামেই ডাকা হোক না কেন, তার খোঁজে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত হিমশিম খাচ্ছেন। আর তা হবেই বা না কেন? এমন কণার অস্তিত্ব মিললে যে মহাবিশ্ব সৃষ্টির যাবতীয় তথ্য হাতের নাগালে চলে আসবে।এসব প্রশ্নের উত্তর জানতে সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে ভূগর্ভে স্থাপন করা হয়েছে লার্জ হার্ডন কোলাইডর বা এলএইচসি। ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার গভীরে ২৭ কিলোমিটার প্রায় বৃত্তাকার দীর্ঘ এই স্থাপনায় হিগস বোসন কণার অস্তিত্বের খোঁজে পরীক্ষা-নিরীক্ষা করছেন বিজ্ঞানীরা। দি ইউরোপিয়ান অর্গানাইজেশন অব নিউক্লিয়ার রিসার্চ—সার্নের তত্ত্বাবধানে অন্তত ১০ হাজার বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করছেন। এলএইচসিতে দুটো প্রোটন কণার স্রোত মুখোমুখি সংঘর্ষ ঘটিয়ে মহাবিশ্বের সৃষ্টির ক্ষণ তৈরি করা হয়। এবার সেই এলএইচসির প্রতিলিপি (রেপ্লিকা) তৈরি করা হয়েছে যুক্তরাজ্যে। মূলত প্রদর্শনীর জন্য এই রেপ্লিকা। সাধারণ মানুষ, গবেষণারত শিক্ষার্থী ও তরুণ বিজ্ঞানীরা এই প্রদর্শনী থেকে অনেক কিছুই জানতে পারবেন। যুক্তরাজ্যের কার্ডিফে অনুষ্ঠিতব্য এই প্রদর্শনী আগামী রোববার পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে। প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে জানালেন ২০০৮ সাল থেকে এলএইচসি প্রকল্পে যুক্ত ড. লিন ইভান্স। একজন গবেষক বললেন, ‘অনেক মানুষই জানেন না, হিগস বোসন কী এবং কেন এটা আবিষ্কারের জন্য পরীক্ষা চালানো হচ্ছে। আশা করি, এই প্রদর্শনীতে এসব বিষয়ের ব্যাখ্যা মিলবে, যা তরুণ বিজ্ঞানীদের এ ব্যাপারে আগ্রহী করতে তুলতে উৎসাহ জোগাবে।’ঈশ্বর-কণা ওরফে হিগস-বোসন, যা না থাকলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে পদার্থবিজ্ঞানীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব। যার মহিমা বিচার করে নোবেলজয়ী বিজ্ঞানী লিও লেডারম্যান কণাটিকে বলেছিলেন ‘গড পারটিকল’। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী পিটার হিগস ১৯৬৪ সালে প্রথম ওই কণার অস্তিত্ব কল্পনা করেন। আর, কণাটা যে বিশেষ জাতের, তার কথা প্রথম সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন। সে কারণে ওটা বোসন। ব্রহ্মাণ্ডের অধিকাংশ কণাকে ভারী করে তোলে ওই বোসন। এটা না থাকলে বিশ্বের সব কণা হতো ভরহীন, হাল্কা। ফলে তারা সবাই ছোটাছুটি করে বেড়াত আলোর বেগে। সে ক্ষেত্রে অস্তিত্ব-সংকটে পড়ে যেত পরমাণু, অণুু, গাছপালা, পশুপাখি, মানুষসহ গোটা বিশ্ব সংসার। বিবিসি।