মহাব্যস্ত খলিফাপট্টির ‘খলিফারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলিতে ঢুকতেই শোনা যাচ্ছিল মেশিনের ঘড় ঘড় শব্দ। আর একটু ভেতরে যেতে যেতে চোখে পড়ে দুই সারির ভবনের নিচতলার দোকানগুলোতে সমানে পোশাক তৈরি করছেন দর্জিরা। কেউ সদ্য সেলাই করা পোশাকটির ওপর বুলিয়ে নিচ্ছেন ইস্ত্রি। আবার কেউ সেটি ভাঁজ করে পুরছেন প্লাস্টিকের প্যাকেটে। ঘাটফরহাদবেগের খলিফাপট্টির দর্জিদের এখন দম ফেলার ফুরসত নেই। দিনে-রাতে সমানে চলছে পোশাক বানানোর কাজ। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা নিয়ে যাচ্ছেন পোশাক। রোজার আগে থেকে এখানে পোশাক তৈরির ধুম পড়ে। অনেক পাইকার আগে থেকে ফরমায়েশ দিয়ে পোশাক নিয়ে যান।গত মঙ্গলবার খলিফাপট্টিতে গিয়ে দেখা যায়, ভবনগুলোর ওপরের তলায় সেলাইয়ের কারখানা আর নিচতলায় তৈরি পোশাকের শোরুম। প্রতিটি কারখানায় ছয় থেকে আটটি সেলাই মেশিন। কাজ করেন আট থেকে ১০ জন দর্জি। কর্মীরা কারখানাতেই থাকেন। ঈদ উপলক্ষে খলিফাপট্টির নিউ রাকিব ফ্যাশনে ছোটদের পোশাক কিনতে ফেনী জেলা থেকে এসেছিলেন রিপম মজুমদার। তিনি বলেন, ‘সব সময় খলিফাপট্টি থেকে বেশি পরিমাণে পোশাক কেনা হয়। প্রায় ৩৬ হাজার টাকার পণ্য কিনেছি। এখানকার পোশাকের চাহিদা প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রচুর। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত সাধারণ মানুষই এর মূল ক্রেতা।’ খলিফাপট্টির বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল গফুর বলেন, রমজানের ঈদকে ঘিরে খলিফাপট্টির খলিফারা ব্যস্ত দিন কাটাচ্ছেন। নাওয়া-খাওয়ারও সময় নেই। বেলা ১১টা থেকে কাজ শুরু হয়ে শেষ হয় ভোর রাতে। এই খলিফাপট্টিতে ১০ থেকে ১২ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। ফেনসি কোয়ালিটি গার্মেন্টস খলিফাপট্টির প্রবীণ খলিফা মো. নুরুল আমিন জানান, ‘জন্মের পর থেকেই এখানে আছি। এক খলিফার কাছে কাপড় কাটা ও সেলাইয়ের কাজ শিখেছিলাম। সেটাকে কাজে লাগিয়ে নিজেই একটা দোকান করি। সেই থেকে শুরু। আজও থামেনি। অবসর নিয়ে মাঝে চলে গিয়েছিলাম দেশের বাড়ি নোয়াখালী। রমজানের ঈদে ছেলেদের সাহায্য করতে আবার এসেছি।’ দর্জিরা জানান, এখানে মূলত শিশুদের পোশাক তৈরি হয়। এর মধ্যে রয়েছে ছেলেদের জন্য শার্ট-প্যান্ট মেয়েদের ফ্রক, স্কার্ট, থ্রি-পিস। হালের হিন্দি সিনেমার প্রভাব পড়েছে খলিফাপট্টির কারখানাগুলোতেও। এবারের ঈদ উপলক্ষে যে পোশাকটির সেলাই বেশি চলছে তার নাম দিল্লি সিক্স। সালোয়ার-কামিজের আদলে দিল্লি সিক্স ছাড়াও মাসাককালি নামে পোশাকটির চাহিদাও বেশি বলে জানালেন দর্জিরা। পাইকারি ও খুচরা দুভাবেই পোশাক বেচাকেনা হয় খলিফাপট্টিতে। নিম্ন ও নিম্নমধ্যবিত্তদের চাহিদার কথা ভেবে পোশাকগুলো তৈরি করা হয়। এখানে প্রতিটি শার্ট বিক্রি হয় ৭৫-৩০০ টাকা, শার্ট-প্যান্টের এক সেট পোশাক ৫০-৩৫০ টাকা, ফ্রক (বেবিসেট) ৭০-৩০০ টাকা, ফ্রক (বড়) ৩০০-৭০০ টাকা এবং থ্রি-পিস ৪০০-এক হাজার টাকা। এখানে তৈরি পোশাক চলে যায় রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেন, জহুর হকার্স মার্কেট, টেরী বাজার, ইসলাম মার্কেটসহ চট্টগ্রাম শহরের আশপাশের হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, সাতকানিয়া, দোহাজারি, চন্দনাইশসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায়। শুধু তা-ই নয় খলিফাপট্টিতে তৈরিকৃত পোশাকের চাহিদা রয়েছে তিন পার্বত্য জেলা, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালীসহ আরও অনেক স্থানে।