সারা বিশ্বেই এখন অনলাইনে পড়াশোনা চলছে পুরোদমে—এ খবর পুরোনো। কিন্তু ব্যবহারিক জ্ঞানের বিকল্প তো আর কিছু হতে পারে না। সে কথা মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ব্যবহারিক ক্লাস শুরু করেছে ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। জরুরি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ব্যবহারিক ক্লাসে যোগ দিচ্ছেন শিক্ষার্থীরা। তাই করোনাতেও সেশনজটে পিছিয়ে পড়ার ভয় নেই।
চলতি বছরে করোনার প্রকোপে সারা দেশ থমকে গেলে নীরবতা নেমে আসে আইইউবিএটির ক্যাম্পাসেও। ১৭ মার্চ সরকারি নির্দেশনায় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে প্রিয় ক্যাম্পাস ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে দূরে থাকলেও তাঁদের নিয়মিত পড়াশোনায় যুক্ত রাখতে সক্ষম হয়েছে আইইউবিএটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। রাজধানীর উত্তরায় ২০ বিঘা জমির ওপর এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস। বর্তমানে সাতটি অনুষদের অধীনে ১১টি বিভাগে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন প্রায় সাত হাজার শিক্ষার্থী।
করোনার মহামারি মোকাবিলার প্রথম ধাপেই পড়ালেখার পুরো ব্যবস্থা অনলাইনে নিয়ে গেছে আইইউবিএটি। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গুগল মিট, জুম, গুগল ক্লাসরুম ও মুডলে পুরোদমে শুরু হয় সব শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের যেকোনো সময়ে পড়াশোনা সম্পর্কিত সাহায্যের জন্য অনলাইনে প্রস্তুত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সেশনজটে যেন শিক্ষার্থীরা পিছিয়ে না পড়েন, তাই ইউজিসির নিয়ম মেনেই নিয়মিত পরিচালনা করা হয়েছে ক্লাস, কুইজ ও মৌখিক পরীক্ষা।
শিক্ষার্থীদের মানসিকভাবে চাঙা রাখতে বিশ্ববিদ্যালয়ের ক্লাব সহশিক্ষা কার্যক্রমেও জোর দেওয়া হয়েছে সমানভাবে। অনলাইনে চলেছে বিতর্ক, ক্যারিয়ারভিত্তিক কর্মশালা, সেমিনার এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলন। এ ছাড়া নিয়মিত লাইভে চলে বিভিন্ন বিষয়ে পরামর্শ সেবা। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে চলে নিয়মিত অনলাইন কাউন্সেলিং পর্ব।
করোনার এই পরিস্থিতিতে আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস জানাচ্ছিলেন তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি বলেন, ‘আমরা চাই না মহামারিতে ভেঙে পড়া অর্থনীতিতে কোনো শিক্ষার্থী ঝরে পড়ুক। বরং সে যেন তার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সামনের কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকতে পারে, সেই প্রত্যয়েই শিক্ষাদানের চেষ্টা করি আমরা। ’
এই দুঃসময়ে যাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাঁদের পাশেও দাঁড়িয়েছে আইইউবিএটি। ‘স্প্রিং ২০২১ সেমিস্টারে’ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি ফির ওপর শতকরা ৫০ ভাগ এবং টিউশন ফির ওপর শতকরা ১৫ ভাগ ফি কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিয়ম অনুযায়ী ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মেধাবৃত্তি তো রয়েছেই। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ বিশেষ বৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৯০টি বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য থাকছে স্বাস্থ্য বিমা।
অনলাইন প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয় পরিচালনার নানা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উপাচার্য আবদুর রব বলেন, ‘অনলাইন পড়াশোনায় আমরা সবাই-ই নতুন। তাই প্রতিনিয়ত নতুন করে শিখছে সব শিক্ষার্থীসহ শিক্ষকেরাও। কিন্তু পড়ালেখার মান নিয়ে কোনো আপস করেনি বিশ্ববিদ্যালয়। নিয়মিত অনলাইন ক্লাসেও সক্রিয় ছিল বিশ্ববিদ্যালয়ের মনিটরিং কমিটি।’
আইইউবিএটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী রকিবুল আলম। সারা বিশ্বের ভেঙে পড়া অর্থনীতিতে যখন চাকরি হারাচ্ছে অনেকেই, তখন পরিবারের পাশে থাকতে রকিবুলেরও একটা চাকরির খুব প্রয়োজন। এমন পরিস্থিতিতে রকিবুলের পাশে থেকেছে বিশ্ববিদ্যালয়ের ‘প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই’ অফিস। স্নাতক শেষে চাকরির সন্ধান পেয়েছেন। রকিবুলের মতো আরও শিক্ষার্থীকে তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে আইইউবিএটি। এ ছাড়া মিয়ান রিসার্চ সেন্টারের উদ্যোগে নিয়মিত পরিচালনা করা হচ্ছে নানা গবেষণা কার্যক্রম, যাতে অংশ নিচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইয়েরা।
আইইউবিএটির সবুজ ক্যাম্পাসের রেশ অনলাইনেও ছড়িয়ে দিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী সবাই। সেই সঙ্গে প্রিয় ক্যাম্পাসে ফেরার অপেক্ষায় আছেন তাঁরা।