মহামায়া হ্রদ থেকে ১৬টি অবৈধ বোট আটক
মিরসরাইয়ের মহামায়া কৃত্রিম হ্রদ থেকে একটি স্পিডবোটসহ ছয়টি ইঞ্জিনচালিত বোট ও ১০টি ফোম বোট আটক করেছে পুলিশ। ২০ নভেম্বর বিকেলে হ্রদে অভিযান চালিয়ে বোটগুলো আটক করা হয়। মোট ৪৬টি ইঞ্জিনচালিত বোট ও শতাধিক ফোম বোট নামানো হয়। জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দ্বিতীয় বৃহত্তম মহামায়া মহাপ্রকল্প (সেচ প্রকল্প) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে হাজার হাজার দর্শনার্থী মহামায়ার সৌন্দর্য উপভোগ করতে মহামায়ায় যাতায়াত করছেন। এই সুযোগে উপজেলার কয়েকটি সিন্ডিকেট হ্রদে অবৈধভাবে বোট নামিয়ে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার নাম করে অবৈধ বাণিজ্য চালিয়ে আসছিল। এর সঙ্গে ওই সিন্ডিকেট ইঞ্জিনচালিত বোট দিয়ে চোরচালানসহ অবৈধ কর্মকাণ্ড শুরু করে। উপজেলা পরিষদের একটি সূত্রে জানা গেছে, গত মে মাসে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় স্থানীয় সাংসদ মোশাররফ হোসেনের উপস্থিতিতে উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন মহামায়া হ্রদে অবৈধভাবে বোট চলাচল নিয়ে প্রশ্ন তোলেন। সভায় তখন হ্রদ থেকে বোটগুলো সরিয়ে নেওয়ার জন্য প্রস্তাব করেও কোনো লাভ হয়নি। কিন্তু গত রোববার মিরসরাই থানার পুলিশ কিছু বোট আটক করে থানায় নিয়ে আসে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, মহামায়া হ্রদে অবৈধভাবে ৪৬টি ইঞ্জিনচালিত বোট ও শতাধিক ফোম বোট নামানো হয়েছিল। অভিযান চালিয়ে ছয়টি ইঞ্জিনচালিত বোট ও ১০টি ফোম বোট রোববার আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাকি বোটগুলো ২১ নভেম্বর সকালে বোটমালিকেরা হ্রদ থেকে সরিয়ে নিয়েছে।