মহামায়া হ্রদে মাছ মরছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম সেচ প্রকল্প মিরসরাইয়ের মহামায়ার ১৫ কিলোমিটার জলাধারজুড়ে (হ্রদ) বিপুলসংখ্যক বড় কাতল মাছ মারা যাচ্ছে। ২২ ডিসেম্বর থেকে মাছ মরা শুরু হয়েছে। ২৪ ডিসেম্বর ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মুহম্মদ আশরাফ হোসেন হ্রদ পরিদর্শন করে প্রায় ৫০ কেজি মাছ উদ্ধার করেছেন। গতকাল পর্যন্ত মাছ মরা অব্যাহত ছিল বলে জানা গেছে।মিরসরাই উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বিষয়টি জানিয়ে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা থেকে একটি দল এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। বন বিভাগের লোকজনও নমুনা সংগ্রহের জন্য আসার কথা রয়েছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায়, হ্রদের বিভিন্ন স্থানে মরা মাছ ভেসে উঠেছে। হ্রদের ধারে বেড়াতে আসা লোকজন এভাবে মাছ মরা দেখে মন খারাপ করছেন। আশপাশের তরুণ-যুবকেরা মরা মাছ সংগ্রহের জন্য প্রতিযোগিতায় নেমেছেন। স্থানীয় লোকজন অভিযোগ করেন, কয়েক দিন ধরে মাছ মরতে দেখে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। কিন্তু যথাসময়ে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। ইউএনও ২৪ ডিসেম্বর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মিরসরাই থানার উপ-পরিদর্শক রাজু আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হ্রদ পরিদর্শন করেন। এ সময় মরা মাছ সংগ্রহের জন্য অনেক মানুষ অপেক্ষা করছিল। হ্রদে বেশ কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে কয়েকটি বড় মাছসহ হ্রদের পানি থেকে বেশ কিছু মরা কাতল মাছ উদ্ধার করেন ইউএনও। তিনি বলেন, মাছগুলো বিক্রি করে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। হ্রদটি কে দেখভাল করবে এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে। তবে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরিবেশ বিপর্যয় হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ইউএনও হ্রদে ইঞ্জিনচালিত নৌকা চলাচল নিষিদ্ধ করেন। এ ছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুর্গাপুর ইউনিয়নের দুজন সদস্যসহ ছয়জন পুলিশ সদস্য দুটি ইঞ্জিনচালিত নৌকায় হ্রদে টহল দেবেন বলেও তিনি নির্দেশনা দেন। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বলেন, অতিরিক্ত শৈত্যপ্রবাহ, পানিতে অক্সিজেন কমে যাওয়া, ইঞ্জিনচালিত নৌকার তেল পড়ে পানি দূষিত হওয়া, মাছের ঘনত্ব বেড়ে যাওয়া, ভূমিকম্পে তলদেশ ফেটে গ্যাস উদিগরণ—এসবের যেকোনো একটির কারণে মাছ মারা যেতে পারে। বড় কাতল মাছ খুব বেশি সংবেদনশীল হওয়ায় ওই মাছ মারা যাচ্ছে বলে তাঁর ধারণা। গত দুই বছরে পাঁচ টন মাছের পোনা হ্রদে ছেড়েছেন বলেও তিনি জানান। ২০১০ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামায়া মহা প্রকল্প (সেচ প্রকল্প) উদ্বোধন করেন। এর পর থেকেই এলাকাটি এই অঞ্চলের মানুষের কাছে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়।