মহামায়ার মায়ার টানে
মিরসরাইয়ের মহামায়া সেচ প্রকল্প পর্যটকদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। সেচ প্রকল্পের জন্য তৈরি বাঁধের কারণে এখানে সৃষ্টি হয়েছে কৃত্রিম হ্রদ। হ্রদের নীল জলে নৌকায় ঘুরে বেড়ানো ও বাঁধের ওপর আড্ডা দেওয়ার লোভে দূর-দূরান্ত থেকে এখানে ছুটে আসে পর্যটকেরা। এবার ঈদে পর্যটকদের ভিড় আগের বছরের তুলনায় অনেক বেশি ছিল। ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে আসা প্রতিটি মানুষই এসেছিল প্রকৃতিকন্যা মহামায়ার অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারের এক কিলোমিটার পূর্বে ছায়াঘেরা সড়ক। বলে রাখা ভালো, রাস্তা অনেকটা ভাঙাচোরা। তবে সড়কের এই দুর্দশা ভুলে যাওয়া যাবে মহামায়ায় এলে। প্রকল্পের কাছাকাছি এলে চোখে পড়ে প্রায় পাহাড়সম বাঁধ। দুপাশে শুধু পাহাড় আর পাহাড়। বাঁধে উঠতেই চোখ জুড়িয়ে যায় হ্রদের অপরূপ সৌন্দর্য দেখে। চোখে পড়বে তীরে অপেক্ষমাণ সারি সারি ডিঙিনৌকো আর ইঞ্জিনচালিত বোট। ১১ বর্গকিলোমিটার আয়তনের এই হ্রদের স্বচ্ছ পানিতে তাকাতেই দেখা যায় নীলাকাশ। পূর্ব দিগন্তের সারি পাহাড়ের বুক চিরে যেতে যেতে একসময় হারিয়ে যেতেও মন চাইবে কল্পনায়। কিছু দূর গেলেই দেখা মিলবে পাহাড়ি ঝরনা। হ্রদের শেষ প্রান্তেও রয়েছে ঝরনাধারা। মাঝপথে নৌকা থামিয়ে পাহাড়ে উঠলে চোখে পড়বে গ্রামের মেঠোপথ, এক কিলোমিটার দূরের মহাসড়ক, রেললাইনে ট্রেনের ছুটে চলা, গৃহস্থ বাড়ির ব্যস্ততা। তবে বৃষ্টি থাকলে পাহাড়ে না ওঠাই ভালো। কারণ এ সময় মাটি বেশ পিচ্ছিল থাকে।সম্প্রতি মহামায়ায় দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন অনেকে। এদের কেউ হ্রদের পানিতে গোসল করছেন, কেউ ইঞ্জিনচালিত নৌকায় ঘুরছেন হ্রদে। মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকা থেকে বেড়াতে আসা শিক্ষার্থী নিশান ছালছাবিল জানান, ‘ঢাকা থেকে এবার গ্রামের বাড়ি এসেছি। মহামায়া সত্যি বাংলাদেশের একটি অন্যতম দর্শনীয় স্থান। এখানে এলে যে কারোরই ভালো লাগবে।’ তবে এ পর্যটন এলাকায় কিছু সমস্যা আছে বলে তিনি জানান। নিরাপত্তার ঘাটতি, শৌচাগারের অভাব, ভাঙাচোরা রাস্তার কারণে পর্যটকেরা অসুবিধায় পড়েন। এসব সমস্যা দূর হলে পর্যটক সমাগম আরও বাড়বে বলে তাঁর ধারণা।মিরসরাইয়ের ওয়াহেদপুর থেকে বেড়াতে আসা হামিদা আবেদীন বলেন, ‘আমরা প্রায় সময় এখানে বেড়াতে আসি। যতবারই আসি, যেন অন্য রকম মনে হয় মহামায়াকে।’ তিনি আরও বলেন, ‘শুনেছি, মহামায়াকে ইকো ট্যুরিজম এলাকা হিসেবে গড়ে তোলা হবে। যদি এ প্রকল্প বাস্তবায়িত হয়, মহামায়া পর্যটন খাতে ব্যাপক অবদান রাখতে পারবে।’ এ প্রসঙ্গে মিরসরাইয়ের উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, এই পর্যটনকেন্দ্রের উন্নয়নে এখনো পর্যন্ত কোনো প্রকল্প অনুমোদন পায়নি। তাই এ ব্যাপারে বেশি কিছু বলা যাচ্ছে না।জানা গেছে, মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন পর্যটনকেন্দ্র উন্নয়নে বেশ কিছু প্রকল্প এলজিইডির মাধ্যমে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী কয়েকটি প্রকল্প তৈরি করে সংশ্ল্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু সেসব প্রকল্প আলোর মুখ দেখেনি এখনো। মিরসরাইয়ের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন জানান, মহামায়ার চারপাশকে ঘিরে ইকো ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে কিছুটা অগ্রগতিও হয়েছে।