মহামিলনের পুণ্যাহ মেলা
রাজপুণ্যাহর মেলা শুরুর বেশ কয়েক দিন আগে এবার বান্দরবানে এসেছেন সাতকানিয়ার আংটি বিক্রেতা শামসু মিয়া এবং রুমার প্রত্যন্ত এলাকার উহ্লামং মারমা। উদ্দেশ্য, এখানকার বন্ধুবান্ধব ও পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করা। প্রতিবছর এ মেলায় জিনিসপত্র নিয়ে আসেন তাঁরা। রাজপুণ্যাহর উৎসবে এসে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তাঁদের। গড়ে উঠেছে বন্ধুত্ব।মানুষের সঙ্গে মানুষের মহামিলনের এ মেলা শুরু হবে আজ। রাজাকে খাজনা দেওয়ার ঐতিহ্যবাহী এ উৎসব দেখতে দেশ ও দেশের বাইরে থেকে এসেছে বিপুল সংখ্যক পর্যটক। শহরের রাজবাড়ী এলাকা পরিণত হয়েছে উৎসবের প্রাঙ্গণে। আজ থেকে পাঁচ দিন ধরে এখানে রাত-দিন চলবে হইহল্লা, জীবনের জয়গান। ১৩৬ বছরের পুরোনো এ উৎসব বান্দরবানের আদিবাসী জুমিয়াদের কৃষ্টি-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।রাজদরবার সূত্রে জানা গেছে, এবারে রাজপুণ্যাহ মেলা পাঁচ দিন ধরে চলবে। এক মাস ধরে রাজদরবার ও মাঠ সাজানো হয়েছে। চলেছে বিভিন্ন প্রস্তুতি। দুই দিন আগেই ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসেছেন।কুমিল্লা থেকে আসা মাটির সামগ্রী বিক্রেতা মিজান বলেন, ‘প্রতিবছর মেলায় দোকান করি। এখানে বেচাবিক্রিও খুব ভালো হয়। এর পাশাপাশি বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয় প্রতিবছর।’জানা গেছে, রাজবাড়ীর মাঠে পুণ্যাহ মেলায় এবার ২৫০টি দোকান বসেছে। লোকজ ও গ্রামীণ হস্তশিল্পের পাশাপাশি এবার আদিবাসী খাবারের বিপুলসংখ্যক দোকানও বসবে। পিঠা, মুন্ধি (একধরনের নুডলস), মুরগির স্যুপ ও পাখির মাংস বিক্রি হবে এসব দোকানে। রাজপুণ্যাহ ও বান্দরবান: বোমাং রাজ পরিবারের ইতিহাস থেকে জানা যায়, বর্তমান বান্দরবানে বোমাং রাজা তাঁর প্রজাদের নিয়ে ১৮০৪ সালে প্রথম বসতি স্থাপন করেন। এর আগে বোমাংহাট বা সাতকানিয়ার বর্তমান বাজালিয়া এলাকায় তাঁদের বসবাস ছিল। ১৮৭৫ সালে নবম বোমাং রাজা সানাঞো চৌধুরীর আমলে বান্দরবানে প্রথম রাজপুণ্যাহ উৎসব শুরু হয়।১৩৬ বছর ধরে চলে আসা রাজপুণ্যাহ আদিবাসীদের জীবনে এখন অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর সবাই রাজপুণ্যাহর জন্য অপেক্ষার প্রহর গুণতে থাকে। তারা পুণ্যাহ মেলা থেকে গৃহসামগ্রী, কাপড়চোপড়, দা, কুড়াল ও প্রয়োজনীয় সবকিছু সংগ্রহ করে।এদিকে রাজদরবার সূত্র জানায়, পুণ্যাহ উৎসবের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষে প্রবীণ বোমাং রাজা অং শৈ প্রু চৌধুরী আজ বিকেল চারটায় রাজদরবারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এ সময় তিনি আদিবাসীদের পুণ্যাহর ঐতিহ্য ও তাৎপর্য সম্পর্কে তুলে ধরবেন। বৈঠকে তিনি বর্তমান সময়ে আদিবাসীদের সামাজিক প্রশাসনিক ব্যবস্থায় রাজা, হেডম্যান ও কারবারিদের গুরুত্ব সম্পর্কেও কথা বলবেন বলে জানা গেছে।