মহালছড়িতে সরকারি সাহায্য পান না জেলেরা কষ্টে কাটছে দিন
মহালছড়ির সিলেটিপাড়ার বাসিন্দা জেলে সুজন আলী (৫১)। কাপ্তাই হ্রদে মাছ ধরার আয় দিয়ে চলে তাঁর ছয় সদস্যের সংসার। কিন্তু মে মাস থেকে হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। ফলে রোজগার বন্ধ থাকায় খেয়ে না–খেয়ে কষ্টে কাটছে তাঁর দিন। অথচ সুজন আলী নিবন্ধিত জেলে। মাছ ধরা বন্ধ থাকলে পাওয়ার কথা সরকারি সাহায্য। কিন্তু এসবের কিছুই পাচ্ছেন না তিনি।
সুজন আলী বলেন, ‘কখনো সরকারি সাহায্য পাইনি। উপার্জন না থাকায় ঘরের চুলা জ্বলছে না। আমাদের দেখার কেউ নেই।’
শুধু সুজন আলী নন, খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সিলেটিপাড়া, চট্টগ্রাম পাড়া, নতুন পাড়া, মনাটেক, কেরেঙ্গানালা ও ভাঙ্গামোড়ার ১ হাজার ৩৬৮টি জেলে পরিবারের দিন কাটছে কষ্টে। গত ১২ মে থেকে আগামী ১২ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কুমার চাকমা বলেন, মহালছড়ির জেলেদের তালিকা মৎস্য অধিদপ্তরে পাঠানোর পরেও কোনো সাহায্য আসছে না। জেলেরা সত্যিই খুব কষ্টে দিন পার করছেন।
মৎস্য কার্যালয় সূত্র জানায়, মহালছড়ির জেলেরা নিবন্ধিত হন ২০১৪ সালে। তাঁদের পরিচয়পত্র দেওয়া হয় ২০১৫ সালের ২৯ মার্চ। নিয়ম অনুযায়ী, মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকলে প্রতি মাসে জেলেরা পরিবারপ্রতি ৪০ কেজি চাল ও এক হাজার টাকা পাওয়ার কথা। কিন্তু তাঁরা এই সাহায্য থেকে বঞ্চিত।
মহালছড়ি জেলে সমবায় সমিতির সভাপতি মো. ফরিদ মিয়া বলেন, ‘আমাদের একমাত্র পেশা কাপ্তাই লেকে (হ্রদ) মাছ ধরা। বংশপরম্পরায় আমরা মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। এর বিনিময়ে রাজস্ব দিই এবং সরকারের সব নির্দেশ মেনে চলি। অথচ আমরা সরকারি সাহায্য পাই না। ঈদের দিনও অনেক জেলে পরিবারে চুলা জ্বলেনি।’
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, গত ২০১৫-১৬ অর্থবছরে মহালছড়ির জেলেদের কাছ থেকে ৫০ লাখ ৯৬ হাজার ৮২২ টাকা রাজস্ব আদায় হয়েছে। অথচ সারা দেশের নিবন্ধিত জেলেরা সরকারি সাহায্য পেলেও মহালছড়ির জেলেরা পাচ্ছেন না, এটা অমানবিক।
এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়া বলেন, জেলেদের বরাদ্দের জন্য ঊর্ধ্বতন মহলে বেশ কয়েকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ আসেনি।