মহাসংকটে পাকিস্তান
ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের কবলে পাকিস্তান। প্রায় এক মাস আগে প্রবল মৌসুমি বর্ষণজনিত কারণে শুরু হওয়া বন্যা ক্রমেই মারাত্মক রূপ নেয়। বহু শহর ও গ্রাম তলিয়ে যায় অথই পানিতে। এ সময়ের মধ্যে দেশটির অন্তত এক লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়। গত ৮০ বছরের মধ্যে এ রকম ধ্বংসাত্মক বন্যা আর দেখেনি পাকিস্তান।বিশ্লেষকেরা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, পাকিস্তানের অর্থনীতি ও রাজনীতিতে এই বন্যার বড় ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে। বন্যায় সর্বস্ব হারানো মানুষ অর্ধাহার-অনাহারে দিন কাটাতে কাটাতে একপর্যায়ে অসহিষ্ণু হয়ে উঠতে পারে। সাধারণ মানুষ রাজনৈতিক সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সেনাবাহিনী কিংবা জঙ্গিগোষ্ঠীগুলোকে সমর্থন জোগাতে পারে। সরকারের সীমাবদ্ধতা বা কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয়তার সুযোগে জঙ্গিগোষ্ঠী ত্রাণ নিয়ে এগিয়ে গিয়ে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করছে বলে কিছু খবর পাওয়া গেছে। এমনিতেই জঙ্গি সমস্যায় জেরবার রাষ্ট্রটির অবস্থা, তাতে হয়ে দাঁড়াবে আরও সঙ্গিন।১৮ কোটি মানুষের দেশ পাকিস্তানে এ পর্যন্ত অন্তত দুই কোটি মানুষ আশ্রয়হীন হয়েছে। তাদের সহায়-সম্বল ভেসে গেছে বানের জলে। জাতিসংঘ বলেছে, ২০০৪ সালে ভারত মহাসাগরের সুনামি ও ২০০৫ সালে কাশ্মীরের ভূমিকম্পেও এত মানুষ আশ্রয়হীন হয়নি। যদিও মৃতের সংখ্যা ছিল কয়েক লাখ। এবারের বন্যায় মৃতের সংখ্যা এ পর্যন্ত প্রায় এক হাজার ৬০০।ধারণা করা হচ্ছে, বন্যায় অন্তত ৭৯ লাখ একর জমির তুলা, আখ ও গম নষ্ট হয়ে গেছে। আন্তর্জাতিক সংগঠন দ্য ক্রপস অ্যাসোসিয়েশনের ভাষ্যমতে, শুধু তুলা চাষে অন্তত ১৮০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, পাকিস্তানে অন্তত এক কোটি ৭০ লাখ একর কৃষিজমি এখন পানির নিচে।এ ছাড়া কী পরিমাণ মজুদ খাদ্য, গবাদিপশু ও হাঁস-মুরগি বানের জলে ভেসে গেছে, এর হদিস মেলা ভার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বিধ্বংসী এ বন্যার ফলে পাকিস্তানের অর্থনীতিতে সংকট দেখা দিতে পারে। এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আল-কায়েদা ও তালেবানের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে গিয়ে বিদেশি ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে পাকিস্তান। অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বন্যার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে যেতে পারে। তবে তা কতটা কমতে পারে, এ ব্যাপারে কোনো আভাস দেননি তিনি। বন্যাকবলিত এলাকার সড়কপথ, সেতু, সেচব্যবস্থাসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই বন্যা-পরবর্তী দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও অবকাঠামো পুনর্নির্মাণকাজে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন পড়বে। বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ তাত্ক্ষণিকভাবে ৪৬ কোটি ডলার ত্রাণ চেয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত পাওয়া গেছে এর ৬০ শতাংশ।ত্রাণকর্মীরা জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় কলেরাসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অদূর ভবিষ্যতে তা মহামারি আকার ধারণ করতে পারে। চারদিকে থই থই পানি। অথচ পান করার মতো এক ফোঁটা পানি কোথাও নেই। খাদ্য আর বিশুদ্ধ পানির অভাবে বন্যাদুর্গত লোকজন অসুস্থ হয়ে পড়ছে। জাতিসংঘের তথ্য, এ পর্যন্ত অন্তত ৩৬ হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। জাতিসংঘের আশঙ্কা, ৩৫ লাখ শিশু ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারে। যদি তাই হয়, মৃতের সংখ্যা অনেক বেড়ে যাবে, যা সামাল দিতে যেকোনো তৈরি থাকা সরকারকেও হিমশিম খেতে হবে। আর এ ক্ষেত্রে পাকিস্তান সরকারের তেমন কোনো প্রস্তুতিই ছিল না। বন্যদুর্গত লোকজনের অনেকে অভিযোগ করছে, আগাম সতর্কবার্তা পেলে জানমালের এত ক্ষয়ক্ষতি হতো না।পাঞ্জাব প্রদেশকে বলা হয় পাকিস্তানের ‘রুটির ঝুড়ি’। কারণ, দেশের জাতীয় অর্থনীতির এক-চতুর্থাংশ আসে এ প্রদেশটির কৃষি খাত থেকেই। বন্যায় সেখানে ১৪ লাখ একরেরও বেশি কৃষিজমি প্লাবিত হয়েছে। শাহরিয়ার মাজারি দক্ষিণ পাঞ্জাবের রাজনপুর এলাকার একজন কৃষক। বন্যায় তাঁর ঘরবাড়ি ছাড়াও ২০০ একর তুলা ও গমখেত ডুবে গেছে। তিনি বলেন, ‘সব গেছে। এখন জান বাঁচানোই দায়।’ সিন্ধু ও বেলুচিস্তানের সীমান্তবর্তী ডেরা আলা আর শহর প্রায় পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। সরকারি মুখপাত্র সলিম খোসোর ভাষ্যমতে, শহরটির তিন লাখ বাসিন্দার অন্তত দুই লাখই বাড়িঘর ছেড়ে মহাসড়কে উঠেছে। সলিম বলেন, ‘তাদের জন্য খাদ্য সরবরাহ করতে হবে। কিন্তু তা কীভাবে, আমাদের জানা নেই।’প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হতাশ না হয়ে জনগণকে বীরের মতো লড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার তাদের পাশে আছে। কিন্তু অনেকেরই অভিযোগ, ত্রাণ সরবরাহের গতি খুবই ধীর। ১৬ আগস্ট বন্যাকবলিত বেশ কয়েকটি এলাকায় দুর্গত লোকজন বিক্ষোভ করেছে। ত্রাণকর্মী ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্গম দুর্গত এলাকায় মানুষ বাড়িঘরের ছাদে, এমনকি গাছের ডালে আশ্রয় নিয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। তবে বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে। কোনো এলাকায় ত্রাণবাহী গাড়ি কিংবা হেলিকপ্টার দেখা গেলে ভুখা মানুষের দল মরিয়া হয়ে সেদিকে ছোটে। লুটপাটের খবরও পাওয়া যাচ্ছে। দিনে দিনে এই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ত্রাণের অভাব ছাড়াও এহেন দুঃসময়ে প্রেসিডেন্ট জারদারির সাম্প্রতিক ইউরোপ সফরের ঘটনা গণমানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দেশে-বিদেশে এর বহিঃপ্রকাশও ঘটেছে। ব্রিটেনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বার্মিংহামে ভাষণ দেওয়ার সময় এক বিক্ষুব্ধ পাকিস্তানি জারদারিকে লক্ষ্য করে জুতা ছোড়েন। অবশ্য জারদারির মুখপাত্র এ খবরের সত্যতা নাকচ করে দিয়েছেন। বিদেশ থেকে ফিরেই জারদারি সোজা বন্যাদুর্গত এলাকায় যান।তবে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, সবার আগে দুর্গত এলাকা সফর করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি। স্থানীয় বিশ্লেষকেরা বলছেন, এটা মোটেও রাজনৈতিক সরকারের জন্য ভালো হবে না। কারণ, দেশের মানুষ রাজনৈতিক নেতাদের প্রতি শ্রদ্ধা হারাচ্ছে।লন্ডন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পাকিস্তান বিশেষজ্ঞ ফারজানা শেখ বলেন, পাকিস্তানের সাধারণ মানুষ একপর্যায়ে সেনাবাহিনীর প্রতি আনুগত্য প্রকাশ করবে। জনগণ অন্তত এই ভেবে সান্ত্বনা পায় যে সেনাবাহিনী তাদের পাশে আছে। সেনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রাজনৈতিক নেতাদের মতো হাত-পা গুটিয়ে বসে থাকবে না। সামরিক বিশ্লেষক জেনারেল (অব.) তালাত মাসুদ বলেন, এই দুঃসময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ফলে সেনাদের প্রতি গণমানুষের আস্থা বাড়বে। এই সুবাদে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কর্তৃত্ব হারাবে।অন্য অনেক বেসরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় কিছু ইসলামি সংগঠনও ত্রাণকাজ চালাচ্ছে। এই সংগঠনগুলোর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ সুযোগে তাদের জনসমর্থন আরও বাড়তে পারে। এমনিতেই দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষই পাকিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধিতা করে আসছে। পাকিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গি মারতে গিয়ে মার্কিন গোয়েন্দা বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায়ই বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটছে। এ কারণেও জারদারি সরকার জনপ্রিয়তা হারাচ্ছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, জনমনে এত দিন ধরে দানা বাঁধতে থাকা ক্ষোভের বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। বন্যার দুর্ভোগই হয়তো ক্ষোভের বারুদে স্ফুলিঙ্গের কাজটি করবে।